ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সঙ্গে দূরত্ব কমাতে হবে সরকারের
মানুষের কাছে দেওয়া ওয়াদার মাত্র ৫ শতাংশ পূরণ করতে পারেন জনপ্রতিনিধিরা। অথচ কোনো ওয়াদা না থাকা সত্ত্বেও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো (এমএফআই) নিজেরাই দায়িত্বশীল হয়ে দারিদ্র্য বিমোচনের দায়িত্ব পালন করে যাচ্ছে। ধনিক শ্রেণি ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দিতে না চাইলেও গরিবদের ক্ষেত্রে এ চিত্র একেবারেই উল্টো। ফলে এমএফআইগুলোতে খেলাপি ঋণের পরিমাণ নামমাত্র।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার ‘সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক জাতীয় সম্মেলনে মন্ত্রী ও সাংসদেরা ক্ষুদ্রঋণের অবদানের কথা স্বীকার করে এমন অবস্থান নেন। তাঁরা বলেন, সরকারের পক্ষে যা বাস্তবায়ন করা সম্ভব নয়, তা খুব সহজেই সম্ভব এমএফআইয়ের পক্ষে। তার পরও সরকারের সঙ্গে এমএফআইয়ের ফারাক ও দূরত্ব রয়েছে। এ দূরত্ব কমিয়ে আনা দরকার। কারণ, দেশের দারিদ্র্য বিমোচনে অবদান রাখছে এমএফআইগুলো।
ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্স (আইএনএম), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। শনিবার শুরু হওয়া এ সম্মেলনের দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ছিলেন। পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন আইএনএমের নির্বাহী পরিচালক এম এ বাকী খলীলী, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম এবং এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানের পর এমএফআইয়ের সুশাসন ও নিয়ন্ত্রণব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র উদ্যোগ, কৃষি ও গবাদিপশুর উন্নয়নে এমএফআইয়ের ভূমিকা, এমএফআইয়ের সক্ষমতা উন্নয়ন, ক্ষুদ্র অর্থবাজার কাঠামো ও এমএফআইয়ের অর্থায়ন ব্যবস্থা ইত্যাদি নয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এগুলোতে সরকারের মন্ত্রী, ডেপুটি স্পিকার, সাবেক মন্ত্রী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রমুখ অংশ নেন।
অর্থমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যেই দারিদ্র্যমুক্ত হয়ে যাচ্ছে, ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তিনি বলেন, এখনকার স্লোগান হচ্ছে দারিদ্র্য প্রশমন ও সামাজিক উন্নয়ন। সময় এসেছে তা পরিবর্তনের। আগামী দিনের স্লোগান হবে দারিদ্র্য উচ্ছেদ ও সামাজিক উন্নয়ন।
দেশের চার কোটি দরিদ্রের মধ্যে তিন কোটি ৩০ লাখ মানুষই গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশাসহ এমএফআইগুলো থেকে ঋণ নেয় বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের সব দেশেই ১২-১৪ শতাংশ মানুষ দরিদ্র থাকে। রাষ্ট্রীয় তহবিল থেকে তাদের সামাজিক নিরাপত্তা দিতে হয়।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সরকারের অনেক ত্রুটি আছে, আবার এমএফআইয়েরও অনেক সমস্যা আছে। নিজেদের অবস্থান থেকে এক পা-ও নড়তে চায় না তারা।
অনেক এমএফআই এমআরএর বাইরে রয়েছে উল্লেখ করে মতিয়া চৌধুরী প্রশ্ন রাখেন, ‘তাদের নিয়ন্ত্রণ করবে কে? তাদের টাকা কোথায় কীভাবে ব্যয় হচ্ছে, তা যদি জঙ্গিবাদে ব্যবহার করা হয়, সরকারি সংস্থাগুলো তা দেখবে না? আমরা কথা বলব না? যে মারল তার মানবাধিকার নিয়ে কথা ওঠে, কিন্তু যে মরল তার কোনো মানবাধিকার নেই?’
কৃষিমন্ত্রী বলেন, ‘খাদ্যের জন্য হাত পাততে হলে পদ্মা সেতু নিজেরা বানাতে পারতাম না।’
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে ৫ শতাংশ ওয়াদাও আমরা পূরণ করতে পারি না। কোনো ওয়াদা না থাকা সত্ত্বেও এমএফআইগুলো তাদের কাজ করে যাচ্ছে। ১৯৮৮ সালের বন্যার সময় আমি এমএফআইয়ের ইতিবাচক ভূমিকা দেখে মুগ্ধ হয়েছি। অথচ এই এমএফআইয়ের সঙ্গে সরকারের অনেক ফারাক। এই ফারাক কমিয়ে আনতে হবে।’
ডেপুটি স্পিকার আরও বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিতে ঘুষ দিতে হয়। আমার নিজেরই তিক্ত অভিজ্ঞতা আছে। এমএফআইগুলোর মধ্যেও যে ও রকম কিছু নেই তা নয়, তবে তা এত কম যে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়।’
পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ অনুষ্ঠানে অবশ্য ক্ষুদ্রঋণের সমালোচনা করেন। তিনি বলেন, ক্ষুদ্রঋণ নিয়ে গাভি, ছাগল কেনা যায়। কিন্তু ঋণ থেকে বেরিয়ে আসার পথ সৃষ্টি হয়নি দেশে। ক্ষুদ্রঋণ নিয়ে ক্ষমতায়িত হতে হলে সবার আগে শিক্ষা ও প্রশিক্ষণ দরকার।
আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ সাজ্জাদ জহির বলেন, ব্যাংক খাতে তথ্যপ্রযুক্তি এসেছে। এমএফআইগুলোতে তথ্যপ্রযুক্তির অবস্থান কোথায়—নতুন করে দেখার সুযোগ রয়েছে। সামাজিক উদ্দেশ্য বাস্তবায়নে একটি একক ব্যাংক গঠনের পরামর্শ দেন তিনি।
বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, সরকারগুলো ৩০ বছর ধরে এমএফআইদের নিয়ে অনেক পরীক্ষা করলেও সব পরীক্ষাতেই পাস করেছে তারা।