আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে। আইনটি কার্যকর হলে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য ছাড়া অধিকাংশ পণ্য ও সেবায় ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। আইনটি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে একধরনের অস্বস্তি আছে। বাস্তবায়ন নিয়েও তাঁদের মধ্যে রয়েছে শঙ্কা। এসব বিষয় নিয়ে রড, ফ্যাশন হাউস, সুপারশপ ও রেস্টুরেন্টের চারজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো

প্রথম আলো: আগামী ১ জুলাই থেকে ১৫ শতাংশ অভিন্ন ভ্যাট হার কার্যকর হতে যাচ্ছে। এর ফলে রেস্তোরাঁর ব্যবসায় কী ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন?
আনোয়ার হোসেন মৃধা: ভ্যাট আইন ও এটির হার আধুনিক বলে যতই বলা হোক না কেন, এখনো আমাদের দেশে ভ্যাট আদায়ের প্রক্রিয়াটি ততটা আধুনিক নয়। গ্রাহকেরাও সচেতন নন। এখনো সব প্রতিষ্ঠানে ইসিআর (ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার) মেশিন নিশ্চিত করা সম্ভব হয়নি। এ অবস্থায় ১ জুলাই থেকে অভিন্ন ভ্যাট হার কার্যকর হলে তাঁরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন, যাঁরা বর্তমানে নিয়মিতভাবে ভ্যাট দিচ্ছেন।
প্রথম আলো: বিদ্যমান ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলো কেন এবং কীভাবে সমস্যায় পড়বে?
আনোয়ার হোসেন মৃধা: আমাদের দেশের বেশির ভাগ মানুষ এখনো খেতে গেলে বা কেনাকাটা করতে গেলে দামে সস্তা খোঁজেন। ঢাকা শহরের অভিজাত এলাকা থেকে শুরু করে দেশজুড়ে হাজার হাজার রেস্টুরেন্ট রয়েছে, যার অনেকগুলো এখনো ভ্যাটের আওতায় আসেনি। এখন সেসব রেস্তোরাঁয় যদি ৫-১০ টাকা কমেও কোনো খাবার বিক্রি হয়, ভোক্তারা সেখানেই ছুটবেন। কারণ ভোক্তা তাঁর লাভটাই দেখবেন। ভ্যাট দিচ্ছেন বলে দাম একটু বেশি এ যুক্তি কোনো ভোক্তা মানবেন না এবং শুনতেও চাইবেন না।
প্রথম আলো: কিন্তু হোটেল, রেস্তোরাঁয় তো এখনো ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ আছে। আপনাদের বেলায় তো নতুন করে হার বাড়ছে না। তাহলে খাবারের দাম বাড়বে কেন?
আনোয়ার হোসেন: সব রেস্তোরাঁর বেলায় নতুন ভ্যাট হার কার্যকর করা হলে সে ক্ষেত্রে অনেক রেস্তোরাঁ, হোটেলে খাবারের দাম বাড়বে। যারা এত দিন ভ্যাটের আওতায় ছিল না। কিন্তু সমস্যা হচ্ছে সবার বেলায় সমভাবে আইনটি কার্যকর করার বাস্তব ব্যবস্থা বা উদ্যোগ এখনো আমরা দেখছি না। এর ফলে একধরনের বৈষম্য তৈরি হবে। সে কারণে আমাদের প্রস্তাব ছিল হার কমিয়ে আগে সবাইকে ভ্যাটের সঙ্গে অভ্যস্ত করা।
প্রথম আলো: ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ছোট ব্যবসায়ীদের জন্য তো অব্যাহতি ও রেয়াতি সুবিধাও রাখা হয়েছে?
আনোয়ার হোসেন: ৩৬ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন হলে সেই হোটেল, রেস্তোরাঁ ভ্যাটের আওতায় আসবে না। আমাদের দেশে আইনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা বাস্তবায়নে। এখন দেখা যাবে যেসব রেস্তোরাঁ, হোটেলের বার্ষিক লেনদেন ৫০ বা ৬০ লাখ টাকা তারাও নিজেদের লেনদেন কমিয়ে দেখাবে। এ ছাড়া রেয়াতি সুবিধা নেওয়ার জন্য যেসব কাগজপত্র সংরক্ষণ করতে হবে, বাস্তবে সেটি সবার পক্ষে সম্ভব না।
সাক্ষাৎকার গ্রহণ: সুজয় মহাজন