ব্র্যাক সংলাপ
খুচরা ব্যবসা খাতের সম্ভাবনা অনেক
খুচরা ব্যবসায় নারীর অংশগ্রহণ বাড়াতে হলে নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে। বিক্রয়কর্মীদের জন্য পরিবহন ও আবাসনের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশে উচ্চশিক্ষিতরা সরকারি চাকরি কিংবা ব্যাংকে চাকরির পেছনে ছোটেন। কাঙ্ক্ষিত চাকরি না পাওয়ায় তাঁদের মধ্যে বেকারের সংখ্যা বাড়ছে। অথচ দেশে খুচরা ব্যবসায় বিপুলসংখ্যক শিক্ষিত মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কিন্তু অভিভাবকদের চাপে ছেলেমেয়েরা এ পেশায় আসতে চান না। খুচরা ব্যবসায় নারী বিক্রয়কর্মীর অংশগ্রহণ নগণ্য। এ কারণে বিকশিত হচ্ছে না খুচরা ব্যবসা খাত।
দেশের ‘খুচরা খাতে যুব কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি’ নিয়ে গতকাল বৃহস্পতিবার এক সংলাপে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এ সংলাপের আয়োজন করে বেসরকারি সংস্থা ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি)। বক্তারা বলেন, প্রতিবেশী দেশ ভারতের জিডিপিতে খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানের অবদান ৮ থেকে ১০ শতাংশ। বাংলাদেশে এ খাতের ওপর সরকারের নজর কম। খুচরা ব্যবসায় কর্মসংস্থান বাড়াতে সরকারের মনোযোগের পাশাপাশি অভিভাবকদের মানসিকতা পরিবর্তন করা জরুরি বলে মত দেন তাঁরা। বৈঠকের উদ্দেশ্য ছিল, খুচরা ব্যবসায় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল বাড়ানো। একই সঙ্গে এ পেশায় নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বাড়ানো।
ব্র্যাকের এসডিপির ইনচার্জ তাসমিয়া তাবাসসুম রহমানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির। তিনি বলেন, উচ্চশিক্ষিতদের মধ্যে একটা মনোভাব তৈরি হয়েছে—তাঁরা হয় সরকারি চাকরি করবেন, না পেলে মা–বাবার কাছে বসে বসে খাবেন। খুচরা ব্যবসা খাতে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। এ সংখ্যা আরও অনেক বাড়ানোর সুযোগ আছে। তিনি বলেন, খুচরা খাতে নারীদের প্রশিক্ষণ অবশ্যই প্রয়োজন। এ বিষয়ে পর্যাপ্ত প্রচারমূলক কার্যক্রম নেই। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জোরালো উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, দেশে উচ্চশিক্ষিতদের ১২ শতাংশ বেকার। অথচ এঁরা চাইলে খুচরা ব্যবসায় আসতে পারেন। কিন্তু পরিবারের চাপে আসতে তাঁরা পারেন না। অভিভাবকেরা চান, তাঁদের সন্তান বিসিএস দেবে অথবা ব্যাংকে চাকরি করবেন। তিনি বলেন, খুচরা ব্যবসায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি বিদেশি বিনিয়োগের বিরাট সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে অভিভাবকদের মানসিকতা পরিবর্তন জরুরি।
আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ বলেন, গ্রাহকদের সঙ্গে নারী বিক্রয়কর্মীদের সম্পর্ক ভালো। এ খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে হলে অবশ্যই কর্মক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আড়ং তাদের নারী কর্মীদের রাতের পরিবহনের ব্যবস্থা করেছে। অন্যদেরও তা করতে হবে। তিনি বলেন, খুচরা ব্যবসায় নারী বিক্রয়কর্মী আনতে হলে নিয়োগকর্তা হিসেবে কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা এবং যৌন হয়রানিবিষয়ক নীতি থাকা উচিত।
সুপারশপ স্বপ্নের বাণিজ্যবিষয়ক পরিচালক সোহেল তানভীর খান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের ১০ শতাংশ নারী কর্মী নেব, এটা আমাদের লক্ষ্য। কিন্তু আমরা পাই না। যাঁরা কাজ করছেন, তাঁরা ভালো করছেন।’
ব্র্যাকের এসডিপির ইনচার্জ তাসমিয়া তাবাসসুম রহমান বলেন, বাংলাদেশে খুচরা ব্যবসা খাতে ইতিমধ্যেই ৬০ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে সুবিধাবঞ্চিত তরুণ, বিশেষ করে নারীদের জন্য এই খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরির বড় সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, খুচরা শিল্পে এখন পুরুষদের আধিপত্য। এ খাতে মাত্র ৮ শতাংশ নারী কর্মী কাজ করছেন। মেয়েরা শুধু সেলাই মেশিনে পড়ে থাকবেন কেন? বিশ্ববিদ্যালয় কিংবা উচ্চশিক্ষিতদেরও এ খাতে আসতে হবে।
ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা জামান বলেন, খুচরা ব্যবসায় মেয়েদের নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। রাত ১০টার পর কর্মক্ষেত্র থেকে বের হয়ে পরিবহন পাওয়া যায় না। অনেক বাড়িওয়ালা ভাড়া দিতে চান না। সামাজিক ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। তাই শুধু প্রশিক্ষণ নয়, ইকো সিস্টেম নিয়েও কাজ করতে হবে।
মীনাবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন খান বলেন, ‘নারীরা পুরুষ কর্মীর মতো কঠোর পরিশ্রম করতে পারে না—এটা অমূলক ধারণা। দেশের পোশাক খাতের নারী কর্মীরা এটা প্রমাণ করেছেন। আমরা খুচরা খাতে আরও নারী কর্মী চাই।’
বেস্ট ইলেকট্রনিকসের নির্বাহী পরিচালক এম এম ফেরদৌস বলেন, ‘আমরা আমাদের প্রতিষ্ঠানে নারী কর্মী চাই। কিন্তু ইলেকট্রনিক পণ্যে মৌলিক কিছু তথ্য জানা দরকার। এ খাতে নারীদের পাওয়া যায় না।’ তিনি বলেন, সবাই ঢাকায় কাজ করতে চান। অনেকে হেড অফিসে কাজ করতে চান। বিক্রয়কেন্দ্রে কাজ করার আগ্রহ অনেকের কম। এমন মানসিকতা পরিবর্তন করতে হবে।
বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের হেড অব অপারেশনস আজিজা আহমেদ বলেন, ‘আমাদের কাজ হচ্ছে চাকরিপ্রার্থীর সঙ্গে চাকরিদাতার সাক্ষাৎ করে দেওয়া। দেখা যায়, চাকরির নিশ্চয়তা পেলেও তাদের যাতায়াতসুবিধা, আবাসনব্যবস্থা থাকে না। প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে বিল্ডিং কোড মানা হয় না। তাই তাদের পক্ষে চাকরিটা করা সম্ভব হয় না।’
আমানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক বলেন, একসময় খুচরা ব্যবসায় অনেক অদক্ষ কর্মী আসতেন। এখন ব্র্যাকের প্রশিক্ষণের ব্যবস্থার ফলে দক্ষ কর্মী পাওয়া যাচ্ছে।
বৈঠকে জানানো হয়, খুচরা খাতের সম্ভাবনার কথা চিন্তা করে ব্র্যাক এসডিপি ২০২০ সাল থেকে প্রোগ্রেসিং দ্য রিটেইল সেক্টর বাই ইমপ্রুভিং ডিসেন্ট এমপ্লয়মেন্ট (প্রাইড) নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এর লক্ষ্য হচ্ছে সরকারের সঙ্গে খুচরা খাতের অংশীদারত্বে নিম্ন আয়ের শহরের যুবকদের জন্য টেকসই জীবিকার জন্য একটি মডেল তৈরি করা।
এ প্রকল্পের আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সহযোগিতায় দেশের প্রথম স্বীকৃত খুচরা বিক্রয় প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে ব্র্যাক এসডিপি। বর্তমানে এই মডিউলের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গেজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচলক নূরে আলম শিমু, ব্র্যাক এসডিপি প্রকল্পের হেড অব অপারেশন্স জয়দীপ সিনহা রায় ও প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ সাদিক হাসান।