
ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি, কেলেঙ্কারির হোতাদের বিচার না হওয়া, সংসদে অর্থমন্ত্রীর স্বীকারোক্তি এবং বড় গ্রাহকদের বিশেষ সুবিধা এখন আলোচনায়। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত এসব বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন
প্রথম আলো: আপনি মূলত একজন অর্থনীতিবিদ। কিন্তু এখন একই সঙ্গে একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকেরও চেয়ারম্যান। অভিজ্ঞতাটি কেমন?
জায়েদ বখত : ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সঠিক ঋণ প্রদানের মারফত সাধারণ জনগণের আমানতের যথাযথ ব্যবহার এবং ব্যাংকের আর্থিক সাফল্য
নিশ্চিত করা। তবে সেটা করতে গিয়ে একজন অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতির সার্বিক কল্যাণের দিকটিও আমাকে খেয়াল রাখতে হয়। যেমন, উচ্চ সুদের হার ব্যাংকের ও আমানতকারীর জন্য লাভজনক হলেও দেশের বিনিয়োগ ও প্রবৃদ্ধির জন্য সহায়ক নয়। এ দুটোর মধ্যে সমন্বয় করেই আমাকে সিদ্ধান্ত নিতে হয়।
প্রথম আলো: ৫০০ কোটি টাকার বেশি ঋণগ্রহীতাদের জন্য যে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে—সেটা কীভাবে দেখছেন?
জায়েদ বখত : রাজনৈতিক অস্থিরতা ও অন্যান্য কারণে বেসরকারি বিনিয়োগে এখন কিছুটা স্থবিরতা বিরাজ করছে। এর ফলে অনেক বড় ব্যবসায়ী সাময়িকভাবে নগদ অর্থের সংকটে ভুগছেন এবং ঋণের টাকা সঠিক সময়ে ফেরত দিতে পারছেন না। তাই অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে বড় ঋণগ্রহীতাদের ঋণের মেয়াদ বাড়ানোর পক্ষে কিছুটা যুক্তি থাকতে পারে। কিন্তু যদি একই সঙ্গে তাদের জন্য সুদের হারও কমিয়ে দেওয়া হয় তাহলে ব্যাংকগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এটা ক্ষুদ্র গ্রাহকদের প্রতি বিরূপ আচরণের শামিল হবে।
প্রথম আলো: আপনার ব্যাংকও তো এ রকম বিরূপ আচরণ করেছে।
জায়েদ বখত : করেছে, কিন্তু কম মাত্রায়। আমরা সুদের হার ততটা কমাইনি।
প্রথম আলো: রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক নিয়ে আপনি নিজেও অনেক সমালোচনা করতেন। এর ভেতরে গিয়ে এখন কী দেখছেন?
জায়েদ বখত : রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের নিঃসন্দেহে কিছু দুর্বলতা আছে। কিন্তু সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে এসব ব্যাংক যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা সাধারণ মানুষ জানতে পারেন না। সরকারের বাজেট ঘাটতি অর্থায়নে এবং সরকারি প্রতিষ্ঠানে ঋণ সরবরাহে এসব ব্যাংক যে ভূমিকা পালন করে, তাতে অনেক সময় তাদের আর্থিক সাফল্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোকে যদি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পারফরম্যান্স টার্গেট (কাজের লক্ষ্যমাত্রা) দিয়ে প্রভাবমুক্তভাবে পরিচালনা করতে দেওয়া হয়, তাহলে সুফল পাওয়া যাবে বলে আমি মনে করি।
প্রথম আলো: ব্যাংক খাতে বড় বড় কেলেঙ্কারি হয়েছে। এগুলো ঠেকানো যায়নি। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কিছু করাও যাচ্ছে না। কেন যাচ্ছে না বলে মনে করেন?
জায়েদ বখত : দায়ীদের অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু মূল হোতাদের অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। মূলত তাঁদের প্রভাব বিস্তারের কারণে এটি হয়েছে।
প্রথম আলো: ব্যাংকের পর্ষদে এখন যেভাবে পরিচালক নিয়োগ হচ্ছে, এই পদ্ধতি কি ঠিক আছে?
জায়েদ বখত : পর্ষদে পরিচালক নিয়োগ আগের তুলনায় এখন অনেক সুষ্ঠু হয়েছে। তবে আরও ভালো করার সুযোগ আছে। সার্বিকভাবে চেয়ারম্যান কীভাবে পর্ষদ পরিচালনা করেন তার ওপর অনেক কিছু নির্ভর করে। আমি এখন পর্যন্ত অগ্রণী ব্যাংকে কোনো সমস্যার সম্মুখীন হইনি।
প্রথম আলো: ৫৬ হাজার কোটি টাকা খেলাপি ঋণ নিয়ে সুদের হার কতটা কমানো সম্ভব?
জায়েদ বখত : খেলাপি ঋণের কারণেই ব্যাংকের তহবিল খরচ বেড়ে যাচ্ছে। তাই বড় ঋণখেলাপিদের সুদের হারে রেয়াত দেওয়া উচিত নয়। কেননা এতে ব্যাংকের সুদের হার কমানোর সক্ষমতা কমবে।
সাক্ষাৎকারটি নিয়েছেন ফখরুল ইসলাম