খেলাপি ঋণের 'গিট্টু' খুলতে পরামর্শ বাংলাদেশ ব্যাংকের
খেলাপি ঋণ কমাতে ঋণ পুনর্গঠন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তাই ব্যাংকগুলোর উদ্দেশে বলেছে, ‘ডাউন পেমেন্ট বা এককালীন জমা নেন, কিন্তু গিট্টুটা খোলেন। যাঁদের সহায়তা করলে খেলাপি থেকে বের হতে পারবেন, তাঁদের সহায়ক হোন।’
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, কেন্দ্রীয় ব্যাংক এখন আসলে ‘যেনতেনভাবে’ পুনঃ তফসিল করে খেলাপি ঋণ কমানোর দিকে যেতে চাইছে।
তফসিলি ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্যাংকার্স বৈঠকে গতকাল সোমবার এসব পরামর্শ ও ইঙ্গিত দেওয়া হয়েছে বলে একাধিক শীর্ষ নির্বাহী সূত্র নিশ্চিত করেছে।
গভর্নর আতিউর রহমান এতে সভাপতিত্ব করেন। চার ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও দেশের সব ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বৈঠকে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় খেলাপি ঋণ প্রসঙ্গ। উল্লেখ্য, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৫৭ হাজার কোটি টাকার বেশি, যা ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের ১১ দশমিক ৬০ শতাংশ। তিন মাস আগে গত জুন শেষে এর পরিমাণ ছিল ৫১ হাজার কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ছয় হাজার কোটি টাকা।
যোগাযোগ করা হলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, খেলাপি ঋণের কারণে ব্যাংক খাতের সব জায়গায় সমস্যা হচ্ছে। তিনি বলেন, ‘কিছুটা সুবিধা দিলে যদি ঋণগুলো ঠিক করা যায়, ব্যবসাও আবার ভালোভাবে হয়, আইনের মধ্যে থেকে তা আমরা করতে বলেছি।’
সুর চৌধুরী আরও বলেন, ‘আমরা আগে নগদ আদায়ের ওপর জোর দিতে বলেছি। রাইট অফ বা অবলোপন করতে বলেছি। আর বড় কোনো প্রতিষ্ঠানকে যদি কিছুটা ছাড় দিয়ে বের করে আনা যায়, তা করতে পরামর্শ দিয়েছি।’
এর আগে ২০১৩ সালের শেষভাগে দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে খেলাপি ঋণ পুনঃ তফসিলে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। জুন পর্যন্ত এর মেয়াদ ছিল। সূত্র বলছে, সে সময় বিভিন্ন ব্যাংক ২৩ হাজার কোটি টাকার ঋণ পুনঃ তফসিল করে। কিন্তু সেসব ঋণের একটা বড় অংশ আবারও খেলাপি হয়। পরিণতিতে চলতি বছরের প্রতি প্রান্তিকে যে হারে খেলাপি ঋণ বেড়েছে, তা উদ্বেগজনক মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
এমন পরিস্থিতিতে বিশেষ সুবিধার আওতায় ঋণ পুনঃ তফসিলে এখনো কোনো আবেদন এলে তা নমনীতার সঙ্গে বিবেচনা করা হবে—এমন আভাস গতকাল ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের দেওয়া হয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও প্রধান নির্বাহীদের পক্ষে এবিবির চেয়ারম্যান আলী রেজা ইফতেখার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। দুজনই খেলাপি ঋণ কমানোর বিষয়ে বক্তব্য দেন।
বৈঠকে গভর্নর খেলাপি ঋণ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ঋণের সুদ ও সেবার বিপরীতে মাত্রাতিরিক্ত মাশুল বা ফির বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেন।
সূত্র জানান, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ জানান, হল-মার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংক বিভিন্ন ব্যাংকের অ্যাকোমুডেশন বিলে যে স্বীকৃত দিয়েছিল, কিন্তু অর্থ পরিশোধ করেনি, সেই অর্থ পরিশোধে সোনালী ব্যাংককে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক অর্থ পরিশোধ না করলে নিয়ম অনুসারে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত সোনালী ব্যাংকের হিসাব থেকে অর্থ কেটে অন্য ব্যাংকগুলোকে তা পরিশোধ করা হবে। সোনালী ব্যাংক সূত্র অবশ্য বলছে, এমন বিলের বিপরীতে পাওনা অর্থের পরিমাণ এখন ৭৪ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। তবে শুরুতে এর পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি ছিল।