গত অর্থবছরে ৩০০ কোটি ডলার ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরে ৩০০ কোটি ৮৯ লাখ ডলারের বিদেশি সহায়তা এসেছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় এক কোটি ডলার বেশি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সাময়িকভাবে এই হিসাব চূড়ান্ত করেছে। গত অর্থবছরে দাতারা ৫২১ কোটি ৯ লাখ ডলারের প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে ৪৭৫ কোটি ডলার ঋণ ও ৪৫ কোটি ডলার অনুদান।
ইআরডি সূত্রে জানা গেছে, গত অর্থবছরে দাতারা ঋণ হিসেবে ২৪৪ কোটি ৩৬ লাখ ডলার ও অনুদান হিসেবে ৫৬ কোটি ৬৩ লাখ ডলার দিয়েছে। আগের অর্থবছরে ছাড়কৃত অর্থের মধ্যে ঋণ-সহায়তা ছিল ২২৮ কোটি ৫০ লাখ ডলার আর অনুদান ছিল ৭২ কোটি ৩৬ লাখ ডলার।
গত অর্থবছরে আগেরবারের তুলনায় তিন লাখ ডলার বেশি ছাড় করেছে দাতারা। ২০১৩-১৪ অর্থবছরে ৩০০ কোটি ৮৬ লাখ ডলার বিদেশি সহায়তা এসেছে।
ইআরডির তথ্যমতে, গত অর্থবছরে দাতাদের দায় পরিশোধ করতে হয়েছে ১১০ কোটি ৫৯ লাখ ডলার। এর মধ্যে আসল হিসেবে ৯০ কোটি ৩৪ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। আর ১৮ কোটি ২৪ লাখ ডলার দেওয়া হয়েছে সুদ বাবদ। সেই হিসাবে গত অর্থবছরে বাংলাদেশ প্রকৃত বিদেশি সহায়তা পেয়েছে ১৯০ কোটি ডলার। যদিও সরকার সুদাসলের হিসাব আলাদাভাবে করে। এ জন্য বাজেটে বিদেশি সুদাসল পরিশোধের জন্য পৃথক বরাদ্দ থাকে।
গত অর্থবছরে সর্বোচ্চ ১০১ কোটি ৩৩ লাখ ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক। আর এশীয় উন্নয়ন ব্যাংক ৭১ কোটি, জাপান ২৯ কোটি ভারত সাড়ে ৯ কোটি, চীন ১৪ কোটি ৮০ লাখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ১২ কোটি ৭২ লাখ ডলার ছাড় করেছে।