চলতি বছরে মার্চ মাসের পর থেকে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমেছে। এতে পরের ছয় মাস বেশ ভালো ছিলেন সীমিত আয়ের মানুষেরা। গত সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি কিছুটা বাড়ে। এর কারণ ছিল ঈদ। এখন সীমিত আয়ের মানুষের সেই সুখে হানা দিয়েছে চাল, ডাল, তেল, শাকসবজির মূল্য বৃদ্ধি। এর ফলে অক্টোবর মাসেও মূল্যস্ফীতি বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে গত অক্টোবর মাসে ৫ দশমিক ৫৭ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। গত সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য দেন। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, চাল, চিনি, লবণ, তেল, দুধ, শাকসবজির দাম গত মাসে কিছুটা বেড়েছে। এর প্রভাব পড়েছে মূল্যস্ফীতির ওপর।
বিবিএসের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৫৬ শতাংশ হয়েছে। আগের মাসে এই হার ছিল ৫ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি অক্টোবর মাসে কিছুটা কমে ৫ দশমিক ৫৮ শতাংশ হয়েছে। সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৬ দশমিক ১৯ শতাংশ।
বিবিএস বলছে, গত সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে চাল, চিনি, লবণ, তেল, দুধ, শাকসবজির দাম ১ দশমিক ১১ শতাংশ বেড়েছে। অন্যদিকে একইভাবে সোফাসেট, কাঠের শোকেসসহ আসবাবপত্র এবং অটোরিকশা, রিকশাসহ পরিবহন ভাড়া ও খাদ্যবহির্ভূত খাতে বেশ কিছু পণ্য ও সেবামূল্য বেড়েছে দশমিক শূন্য ৩ শতাংশ।
এদিকে গত অক্টোবর মাসে গ্রামের চেয়ে শহরের মানুষ মূল্যস্ফীতির চাপ অনেক বেশি অনুভব করেছেন। এই প্রবণতা কয়েক বছর ধরেই বিদ্যমান। গত অক্টোবর মাসে গ্রামে মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ। আর শহরে ছিল ৬ দশমিক ৮৭ শতাংশ। তবে শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৭ দশমিক ০৯ শতাংশ হয়েছে। আর খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কিছুটা কমে ৬ দশমিক ৬৩ শতাংশ হয়েছে।
মানুষের আয়ের সঙ্গে মূল্যস্ফীতির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। মানুষের আয় বাড়লে পণ্যের মূল্য বৃদ্ধি হলেও কিনতে অসুবিধা হয় না। বাড়তি দামে পণ্য কেনার মতো ক্ষমতা তখন তাঁদের থাকে। তাই মূল্যস্ফীতির আঘাতও তুলনামূলক কম পড়ে। মূল্যস্ফীতির প্রভাব দৈনন্দিন জীবনে কীভাবে পড়ে, তা নির্ভর করে মানুষের ক্রয়ক্ষমতার ওপর।
প্রতি মাসে মূল্যস্ফীতির চিত্র প্রকাশের পাশাপাশি বিবিএস জাতীয় মজুরি বৃদ্ধির হারও প্রকাশ করে থাকে। বিবিএসের হিসাব অনুযায়ী, ২০১৫ সালের অক্টোবর মাসের চেয়ে গত অক্টোবর মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ৬ দশমিক ১৬ শতাংশ, যা অক্টোবর মাসের মূল্যস্ফীতির চেয়ে কম। অর্থাৎ এক বছরের ব্যবধানে (মাসওয়ারি ভিত্তিতে) মূল্যস্ফীতি যত হয়েছে, এর চেয়ে মজুরি বৃদ্ধির হার বেশি। তাই বাড়তি দামেও বাজার থেকে পণ্য কিনতে অসুবিধা হচ্ছে না। তবে এটি সামগ্রিক জনগোষ্ঠীর বিবেচনার হিসাব। যদি কোনো ব্যক্তির আয় কমে যায়, তবে অবশ্যই তিনি মূল্যস্ফীতির চাপ বেশি অনুভব করবেন।