
আপনার বাড়ির পাশেই অযত্নে-অবহেলায় গাছগাছালি মাথা তুলে দাঁড়িয়ে থাকে। অনেক সময় আপনি নিজেই হয়তো শখ করে কিছু গাছ লাগান। আপনি কি জানেন, এ গাছ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে? গাছ বড় হয়, এরপর গাছ কেটে কাঠ করা হয়। সেই কাঠ বিক্রি করে আয় করেন আপনি। কিন্তু এ গাছ শুধু আপনার অর্থনীতি নয়, দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছে।
চারা গাছ লাগানো থেকে শুরু করে লালন-পালন, পরে কাঠ তৈরি, শেষ পর্যন্ত সেই কাঠ দিয়ে আসবাব তৈরি—প্রতিটি পদে অর্থনীতিতে মূল্য সংযোজন হচ্ছে। এ শখের গাছই বছর শেষে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সঙ্গে যুক্ত হয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে।
জিডিপিতে গাছের অবদান কেমন—এ-সংক্রান্ত সমীক্ষা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় হিসাব শাখা। সেই সমীক্ষায় দেখা গেছে, পরিবার পর্যায়ে অর্থাৎ বাড়ির আশপাশে যে গাছ লাগানো হয়, তা থেকে অর্থনীতিতে বছরে ১২ হাজার ৩৯০ কোটি টাকার মূল্য সংযোজন হয়। বর্তমানে দেশের ২০ লাখ ৫৯ হাজার ৬০৮টি পরিবার এভাবে গাছ লাগিয়ে অর্থনীতিতে সমৃদ্ধ করছে। প্রতিটি পরিবার কমপক্ষে ৫ ডেসিমেল জায়গায় বিভিন্ন জাতের গাছ লাগান। মূলত গাছ থেকে কাঠ, লাকড়ি ও রাবার হয়, পরে তা বিক্রি করে অর্থ উপার্জন করে এসব পরিবার। আর উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত যে মূল্য সংযোজন হয়, তাই জিডিপিতে অবদান রাখে। পরিবার পর্যায়ে যত গাছপালা রোপণ করা হয়, এর মধ্যে শুধু বাসাবাড়ির আশপাশেই অর্ধেকের বেশি অর্থাৎ ৫৪ শতাংশ গাছ লাগানো হয়।
বিবিএসের সমীক্ষায় আরও বলা হয়েছে, বিভিন্ন জাতের গাছ থেকে প্রতিবছর গড়ে ১৬ কোটি ৭৪ লাখ ঘনফুট (সিএফটি) কাঠ উৎপাদন হয়। এ কাঠের আর্থিক মূল্য প্রায় ৬ হাজার ৪০৭ কোটি টাকা। অন্যদিকে প্রতিবছর ১০ লাখ ৫৮ হাজার বিভিন্ন জাতের বাঁশ হয়। এ বিপুল বাঁশের আর্থিক মূল্য ২ হাজার ৩০৭ কোটি টাকা। এ ছাড়া বছরে লাকড়ি হয় ৫১ লাখ ৯১ হাজার ৮৩৫ টন, এর মূল্য ৪ হাজার ৬৫০ কোটি টাকা। আর রাবার উৎপন্ন হয় ১ হাজার ৫৫২ টন। এ রাবারের মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা।
এ বিষয়ে জানতে চাইলে বিবিএসের জাতীয় হিসাব শাখার উপপরিচালক আবদুল খালেক প্রথম আলোকে বলেন, পরিবার পর্যায়ে গাছের অবদানের প্রকৃত চিত্র এত দিন জিডিপি গণনায় আসত না। এ সমীক্ষাটি করার ফলে প্রতিবছর এখন থেকে এ গাছের অবদান হিসাব করা সম্ভব হবে। এতে জিডিপির আকার (চলতি মূল্যে) কিছুটা বাড়বে। পরিবার পর্যায়ে গাছের অর্থনৈতিক মূল্য ক্রমশ বাড়ছে।
কর্মসংস্থান: পরিবার পর্যায়ে বৃক্ষরোপণ, পরিচর্যাসহ বিভিন্ন কাজে বিপুলসংখ্যক কর্মসংস্থান হয়। বর্তমানে পরিবার পর্যায়ে চারা গাছ লাগানো থেকে কাঠে রূপান্তরিত করাসহ জন্ম থেকে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত বিভিন্ন কাজে সম্পৃক্ত রয়েছেন ৭৪ লাখ ২৬ হাজার ৩৬৯ জন। এর মধ্যে মজুরি পান কিংবা নিজেই এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত আছেন ৪১ লাখ ২১ হাজার ২৮৭ জন। এটাই এ খাতের কর্মসংস্থান। এ ছাড়া ২৪ লাখ ১৮ হাজার ব্যক্তি এ খাতে কাজ করেন, কিন্তু কোনো মজুরি পান না। সাধারণত পরিবারের লোকজনই এ কাজ করেন।
এ খাতে প্রতিবছর গড়ে ৪১৫ কোটি টাকার মজুরি ও বেতন দিতে হয়। তবে যাঁদের মজুরি দেওয়া হয় না, তাঁদের কাজের জন্য মজুরি দেওয়া হলে বাড়তি আরও ৪০২ কোটি টাকা মজুরি দিতে হতো। এ ছাড়া সব মিলিয়ে পরিবার পর্যায়ে বনায়নে মোট সম্পদের মূল্য ৩ লাখ ১২ হাজার ১৩২ কোটি টাকা।
২০১১-১২ অর্থবছরের হিসাব এ সমীক্ষায় এনেছে বিবিএস। অবশ্য ‘পরিবার পর্যায়ে বনায়ন’ শীর্ষক সমীক্ষাটি ২০১৪ সালে প্রকাশ করা হয়।
২১ লাখ
পরিবার গাছ লাগায়
৪,৬৫০
কোটি টাকার লাকড়ি হয়
৪১৫ কোটি টাকার মজুরি ও বেতন দিতে হয় প্রতিবছর গড়ে
বাঁশ উৎপাদন হয় ২,৩০৭ কোটি টাকার
কাঠ পাওয়া যায় ৬,৪০৭ কোটি টাকার
কর্মসংস্থান
বর্তমানে পরিবার পর্যায়ে চারাগাছ লাগানো থেকে কাঠে রূপান্তরিত করার কাজে সম্পৃক্ত আছেন ৭৪ লাখ ২৬ হাজার জন। এর মধ্যে মজুরি পান কিংবা নিজেই এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত আছেন ৪১ লাখ ২১ হাজার জন। এটাই এ খাতের কর্মসংস্থান