গাড়ি আমদানিতে চট্টগ্রাম বন্দরের কাছাকাছি মংলা
চট্টগ্রাম সমুদ্রবন্দরের চেয়ে সব দিক দিয়ে পিছিয়ে থাকলেও গাড়ি আমদানিতে প্রায় কাছাকাছি চলে এসেছে মংলা বন্দর। তুলনামূলক খরচ কম, নিরাপদে গাড়ি রাখার সুবিধার কারণেই চট্টগ্রামের চেয়ে মংলা বন্দর দিয়ে গাড়ি আনতে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বন্দরটি দিয়ে সাড়ে ১০ হাজার গাড়ি এসেছে।
মংলা বন্দরের ট্রাফিক বিভাগ জানায়, ২০০৯ সালের ৩ জুন জাপান থেকে ঢাকার হক’স বে অটোমোবাইলস মংলা বন্দর দিয়ে সর্বপ্রথম ২৫৫টি নতুন ও রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করে। তারপর ধীরে ধীরে অন্য প্রতিষ্ঠানগুলোও গাড়ি আমদানির জন্য মংলাকে বেছে নেয়। ২০০৯-১০ অর্থবছরে মংলা দিয়ে আসে ৩ হাজার ১১৯টি গাড়ি। পরেরবার, অর্থাৎ ২০১০-১১ অর্থবছরে তিন গুণ বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৯২৫টিতে। অবশ্য তার পরের দুই অর্থবছরে আমদানি কিছুটা কমে যায়। ২০১১-১২ অর্থবছরে ৮ হাজার ৯৮৬টি এবং ২০১২-১৩ অর্থবছরে ৪ হাজার ১২১টি গাড়ি আমদানি হয় এই বন্দর দিয়ে।
এরপর ২০১৩-১৪ অর্থবছর থেকে মংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি আবারও বাড়তে থাকে। এ বছর ৮ হাজার ৪৩৮টি গাড়ি আমদানি হয়। আর চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত এসেছে ১০ হাজার ৫৯০টি। অন্যদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে গত অর্থবছরে ১০ হাজার ৫৪৩টি গাড়ি আমদানি হয়। চলতি অর্থবছরের মার্চ মাস পর্যন্ত আমদানি হয়েছে ১২ হাজার ৯০টি।
জানা যায়, চট্টগ্রাম বন্দরে শেডে প্রথম সাত দিন গাড়ি রাখার খরচ ৯৮ টাকা ৪০ পয়সা। মংলায় সেই খরচ মাত্র ২৮ টাকা ৩৫ পয়সা। দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রামে এই খরচ ২৪৬ টাকা আর মংলায় ৮০ টাকা ৭১ পয়সা। পরবর্তী প্রতিদিনের জন্য খরচ চট্টগ্রাম বন্দরে ৩৯৩ টাকা ৬০ পয়সা আর মংলায় মাত্র ১২৯ টাকা ২৯ পয়সা।
জানতে চাইলে হক’স বে অটোমোবাইলসের স্বত্বাধিকারী আব্দুল হক বলেন, ‘চট্টগ্রাম বন্দরের তুলনায় মংলায় গাড়ি আমদানি ও রাখার খরচ অনেক কম। চট্টগ্রাম বন্দরে শেডে গাড়ি রাখার সুযোগ না থাকলেও মংলায় তা সম্ভব। সবকিছু মিলিয়ে বন্দরটি ব্যবহার করে আমরা ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছি।’ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিক বলেন, মংলায় গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনা একেবারেই নেই। এ ছাড়া গাড়ি খালাসে কাস্টমসের জটিলতাও কম।
অন্যদিকে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজ উদ্দীন আহম্মেদ বলেন, একসময় আমদানিকারকেরা চট্টগ্রাম বন্দর দিয়েই সব গাড়ি আমদানি করতেন। তখন চট্টগ্রাম বন্দরে গাড়ি রাখতে বিরাট সমস্যা হতো। মংলা বন্দরে এ সমস্যা নেই।