স্বল্প সময়ের ব্যবধানে আবারও গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গ্যাসের দাম বাড়ানোর বদলে তারা কম দামে জ্বালানি তেল আমদানির সুযোগ নেওয়ার পরামর্শ দিয়েছে।
ডিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার এসব কথা বলেছে। সম্প্রতি গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিগুলো গৃহস্থালি কাজে ব্যবহৃত গ্যাসের দাম ১৪০ শতাংশ, ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের গ্যাসের দাম ১৩০ শতাংশ, শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ৬২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে। এ ছাড়া সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ৭১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে তারা।
দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে ডিসিসিআই বলেছে, দাম বাড়ানোর সিদ্ধান্ত ব্যবসা-বাণিজ্যে নানামুখী নেতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে ব্যবসায় ব্যয় বৃদ্ধি পাবে এবং রপ্তানি বাধাগ্রস্ত হবে।
ঢাকা চেম্বার মনে করে, সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলবে।
গ্যাসের দাম বাড়ানো হলে সার্বিকভাবে স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।