গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সময়োপযোগী হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দেশের তৈরি পোশাকশিল্পসহ অনেক খাতের প্রতিযোগিতামূলক অবস্থানকে ব্যাহত করবে। রূপকল্প-২০২১ সামনে রেখে সরকার যে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, গ্যাসের এই মূল্যবৃদ্ধি তার বাস্তবায়নে ব্যাঘাত ঘটাবে। এ ছাড়া উচ্চ-মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করার লক্ষ্য বাধাগ্রস্ত হতে পারে।
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অসময়োপযোগী আখ্যায়িত করে ব্যবসায়ীদের প্রভাবশালী সংগঠন মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) প্রতিক্রিয়া জানিয়েছে। গতকাল এমসিসিআই এক বিজ্ঞপ্তিতে বলেছে, প্রস্তাবিত এই মূল্যবৃদ্ধি কার্যকর হলে পরিবহন খরচ, বাণিজ্যক্ষেত্রে উৎপাদন ও আনুষঙ্গিক সব খরচ বেড়ে যাবে। এ ছাড়া বিদ্যুৎ, সারসহ সব উৎপাদন খরচ, কৃষিপণ্য এবং সর্বোপরি নিত্যপণ্যের খরচ বেড়ে যাবে, যা মুদ্রাস্ফীতির হার বাড়িয়ে দেবে।
এমসিসিআই বলছে, ব্রেক্সিটের পরবর্তী এমন এক সময়ে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত এল, যখন বিশ্ববাজারে পোশাকশিল্পসহ ভোগ্যপণ্য সামগ্রীর চাহিদা কম। গত ২ মাসে বাংলাদেশে তুলা এবং সুতার দাম ২০-২৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। এরপরও দেশি পোশাকের দাম বাড়েনি। এই শিল্পক্ষেত্রে ব্যবহৃত পাওয়ার প্ল্যান্টগুলোয় গ্যাসের ব্যবহার দেশের মোট গ্যাসের ৪ শতাংশ, আর সেখানেই দাম বাড়ানোর নির্দেশ স্বভাবতই দেশের পোশাক, চামড়া, পাদুকাসহ অন্যান্য শিল্পের প্রতিযোগিতামূলক অবস্থানকে ব্যাহত করবে।
সংগঠনটি বলছে, এমনিতেই দেশে গ্যাস খাত নানাবিধ সমস্যায় জর্জরিত। চাপস্বল্পতার কারণে প্রকৃত ব্যবহার মিটার মতে ব্যবহারের চেয়ে কম হয়ে থাকে। কিন্তু হিসাব করার সময় মিটারের রিডিংকেই ধরা হয়, যে কারণে গ্যাসের ব্যবহার কাগজে-কলমে অনেক বেশি দেখায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ জনগণ পণ্যসহ যাবতীয় মূল্যবৃদ্ধি নিয়ে হাঁসফাঁস করছে। এরই মধ্যে গ্যাসের দাম আবার বাড়ানো এবং তারপর আবার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্বভাবতই আমজনতার মধ্যে কোনো সুখবর হিসেবে আসছে না। পরিবহন খাতে গ্যাসের ব্যবহার মোট সরবরাহের ৬ শতাংশ। আগে যখন ডিজেলের দাম কমানো হয়েছিল, তখনো জনগণের পরিবহন ব্যয় হ্রাস হয়নি। বরং সিএনজির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়েছে। এখন আবার সিএনজির দাম বাড়ালে পরিবহন খরচ বেড়ে যাবে, তা বলাই বাহুল্য।
এই চেম্বার মনে করছে, গণপরিবহনে ব্যবহৃত সিএনজির দাম যেন এই মূল্যবৃদ্ধির আওতার বাইরে রাখা হয়। মূল্যবৃদ্ধির প্রস্তাবে সম্পূরক শুল্ক এবং ভ্যাট যুক্ত করে রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে, অথচ এসআরও-২২৭ অনুযায়ী আইওসি গ্যাস সম্পূরক শুল্ক ও ভ্যাটমুক্ত। আইওসি গ্যাসে সম্পূরক শুল্ক ও ভ্যাট যুক্ত করে মূল্য নির্ধারণ করা সঠিক হয়নি।
এমিসিসিআই মনে করছে, চলমান মূল্যনীতি সংস্কার না করে ঘাটতি মোকাবিলার অজুহাতে কেবল মূল্যবৃদ্ধি অব্যাহত রাখলে জ্বালানি খাতে বিপর্যয় নেমে আসবে এবং অর্থনীতিতে ঝুঁকি বাড়বে। এ মূল্যবৃদ্ধি গ্রাহক ও ভোক্তাদের জন্য সহনীয় নয়। তা ছাড়া বিদ্যমান পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রগতির ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাই গ্যাসের মূল্যবৃদ্ধির এই প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে পুনর্বিবেচনা করার জন্য এই চেম্বার সরকারকে অনুরোধ করছে।
গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির একটি সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথম অবস্থায় তিন মাসে দুই দফায় (মার্চ ও জুন ২০১৭) মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হয়। পরে হাইকোর্টের নির্দেশে দ্বিতীয় দফায়, অর্থাৎ জুন থেকে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করা হয়। এ অবস্থায় মার্চ থেকে গ্যাসের নতুন মূল্য কার্যকর হচ্ছে।