গ্রামীণ ব্যাংকের নির্বাচন অনুষ্ঠান রাষ্ট্র খাতের ব্যাংকের কাজ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ ব্যাংক
গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো ব্যাংককে দিয়ে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠানে সরকারের দৃষ্টিভঙ্গিটিও সঠিক মনে করেন না এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। কেননা কোনো আর্থিক প্রতিষ্ঠানের এ ধরনের কাজের কোনো অনুমোদন (ম্যান্ডেট) নেই। উপরন্তু, এই ব্যাংকগুলো নিজেদের কাজই ভালোভাবে করতে পারে না। যে কারণে ব্যাংকগুলোর চেহারাও দিন দিন খারাপ হচ্ছে।
বিশ্লেষকেরা বরং নির্বাচন কমিশনের কোনো সাবেক প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনারকে দিয়ে এই নির্বাচন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, রাষ্ট্র খাতের ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানকে দিয়ে এই নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তটি ভালো হবে না। এটা তাদের কাজও নয়। তিনি বলেন, সরকার গ্রামীণ ব্যাংক নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করতে পারে। যে কমিটিতে নির্বাচন কমিশনের সাবেক কোনো প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনারকে প্রধান করা যায়। তবে অবশ্যই তাঁদের জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। সঙ্গে একাধিক বিশিষ্টজনকে নেওয়া যেতে পারে।
রাষ্ট্র খাতের সবচেয়ে বড় ব্যাংক, সোনালী ব্যাংকের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের কাজই তাঁরা সামলাতে হিমশিম খান। আর এ কাজটি করতে গেলে তাঁদের অনেক ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে হবে; যেসব কাজের কোনো অভিজ্ঞতা তাঁদের নেই। কিন্তু জাতীয় নির্বাচনে রাষ্ট্র খাতের ব্যাংক কর্মকর্তারা অন্যান্য শ্রেণি-পেশার মানুষের সঙ্গে একত্রে মাঠপর্যায়ে নির্বাচন পরিচালনা করেন—এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের সব কাজ সম্পন্ন করে। তারা কেবল নির্বাচনের দিনে ভোট নেওয়া ও গণনার কাজ করে। গোটা নির্বাচন পরিচালনা কিন্তু সেটা নয়। তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানের কাজের ঢংটা ভিন্ন। নির্বাচন করার জন্য যেসব প্রস্তুতি, সেগুলো অন্য রকম।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুসারে বিধি প্রণয়ন করে। তাতে বাংলাদেশ ব্যাংককে দিয়ে এই নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বিধি প্রণয়নের আগে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এ বিষয়ে মতামত নেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক বিধি প্রণয়নের পর বিষয়টি জেনে অর্থমন্ত্রীর কাছে অপারগতা প্রকাশ করে। কেন্দ্রীয় ব্যাংক বলে, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তারা একদিকে নির্বাচন পরিচালনা করবে, আবার কোনো ধরনের আইনি ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে—এই দুই ধরনের কাজ অন্তর্ঘাতমূলক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক আইন মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে অর্থ মন্ত্রণালয়কে বোঝাতে সক্ষম হয় যে এ কাজটি আসলে বাংলাদেশ ব্যাংকের নয়।
কিন্তু নতুন করে বিধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন করার দায়িত্ব আর বাংলাদেশ ব্যাংকের কাছে থাকছে না। বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রমালিকানাধীন কোনো ব্যাংকের ঘাড়ে।
আর এ দফাতে গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার করা হবে একজন অবসরপ্রাপ্ত জেলা জজকে।
যোগাযোগ করা হলে গ্রামীণ ব্যাংকের পরিচালক তাহসিনা খাতুন গতকাল প্রথম আলোকে বলেন, একটি বাণিজ্যিক ব্যাংক তার কাজকর্ম ফেলে কীভাবে আরেকটি ব্যাংকের নির্বাচন পরিচালনা করবে—সে প্রশ্নটি থেকেই যাচ্ছে। তিনি বলেন, ‘ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক এ নির্বাচন করতে অপারগতা প্রকাশ করেছে। এখন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নির্বাচন করার উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। শেষ পর্যন্ত দেখা যাবে, কিছুই হবে না। মাঝখানে কিছু ঝামেলা তৈরি হবে।’
তাহসিনা খাতুন আরও বলেন, গ্রামীণ ব্যাংক এত বছর ধরে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালক নির্বাচন করে আসছে। কখনো এ নিয়ে প্রশ্ন ওঠেনি। তাই গ্রামীণ ব্যাংকের এত দিনের নির্বাচনপদ্ধতিই পুনর্বহাল করা উচিত। তাঁর মতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই এখন দুর্নীতি ও লুটপাটে নিমগ্ন। তাঁরা কীভাবে স্বচ্ছতার সঙ্গে আরেকটি ব্যাংকের পরিচালক নির্বাচন করবে?
এদিকে আগামী ৫ অক্টোবরের মধ্যে গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের যে বাধ্যবাধকতা ছিল, তাও সংশোধন করা হচ্ছে। নতুন প্রজ্ঞাপনে নির্বাচনের জন্য সময় দেওয়া হবে এক বছর।
এই নির্বাচন বিধিমালা সংশোধন-সংক্রান্ত খসড়াটি এখন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে রয়েছে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন জারি হবে।
খসড়া বিধিতে গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের কোনো পর্যায়েই আর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জড়ানো হচ্ছে না বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানিয়েছে।
গ্রামীণ ব্যাংক আইন অনুযায়ী এর পরিচালনা পর্ষদে ১২ জন সদস্য থাকবেন। তাঁদের মধ্যে তিনজন নির্বাচিত হবেন সরকারের মনোনয়নে। ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) পর্ষদ সদস্য হবেন, যদিও তাঁর কোনো ভোটাধিকার থাকবে না। নয়জন পরিচালক শেয়ার মালিকদের ভোটে নির্বাচিত হবেন। নির্বাচিত পরিচালকদের মেয়াদকাল হবে তিন বছর।
আইন অনুসারে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাচন করার জন্য গত ৬ এপ্রিল বিধিমালা জারি করে সরকার। এতে ৩১টি ধারা রয়েছে।
বিধিমালা অনুযায়ী, ব্যাংকের কার্যক্রম পরিচালিত হওয়া এলাকাগুলোকে নয়টি নির্বাচনী এলাকায় ভাগ করা হবে। প্রতিটি নির্বাচনী এলাকা থেকে পরিচালক নির্বাচিত হবেন একজন করে।