ঘাটতি ৫৫ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেট পর্যবেক্ষণ নিয়ে গতকাল ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য l প্রথম আলো
বাজেট পর্যবেক্ষণ নিয়ে গতকাল ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য l প্রথম আলো

চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্য অর্জিত হবে না। ৪৩ থেকে ৫৫ হাজার কোটি টাকা ঘাটতি হতে পারে। এই বিশাল ঘাটতি হওয়ার অন্যতম কারণ মূলত নতুন ভ্যাট আইন বাস্তবায়িত না হওয়া।

পাস হওয়া নতুন বাজেট পর্যবেক্ষণ করে রাজস্ব ঘাটতির এই প্রাক্কলন করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি
ডায়ালগ (সিপিডি)। এ উপলক্ষে মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সিপিডি আরও বলছে, এত কাটছাঁট করার পর পাস হওয়া নতুন বাজেটটির আয়-ব্যয়ের কাঠামো যথেষ্ট বলিষ্ঠ নয়। উদাহরণ হিসেবে সিপিডি বলছে, ঘাটতি অর্থায়নে ৭২০ কোটি ডলার বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে, যা অলীক ও অসম্ভব।

চলতি অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ২ লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা। তিন ধরনের হিসাব করে রাজস্ব আদায়ে ঘাটতি হিসাব করেছে সিপিডি। সিপিডি প্রাক্কলন করেছে যে যদি বিদায়ী অর্থবছরের মতো রাজস্ব আদায়ে ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়, তবে চলতি অর্থবছরে ৪৩ হাজার কোটি টাকা ঘাটতি হবে। গত ১০ বছরে রাজস্ব আদায়ের গড় প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশের মতো। এই হিসাব ধরলে ৫১ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে। আর চলতি অর্থবছরের কাঙ্ক্ষিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতি যুক্ত করলে (নামিক পদ্ধতি) রাজস্ব আদায়ে ঘাটতি হবে ৫৫ হাজার কোটি টাকা।

সংবাদ সম্মেলনে বাজেট পর্যালোচনা তুলে ধরেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ভ্যাট আইন ‘ক্র্যাশ ল্যান্ডিং’ করেছে। নতুন ভ্যাটের প্লেন উড়তে পারেনি; মুখ থুবড়ে পড়েছে। নির্বাচনের পরে যাতে আবার শূন্য থেকে শুরু করতে না হয়; সে জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তাই অনলাইন ব্যবস্থাসহ অন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। ক্র্যাশ ল্যান্ড করা প্লেন আবার ওড়াতে হবে—এটাই মূল চেষ্টা হওয়া উচিত।

নতুন ভ্যাট আইন বাস্তবায়িত না হলেও এর পক্ষে আছে বলে জানিয়েছে সিপিডি। সিপিডি আরও বলছে, যদি ১২ শতাংশ একক ভ্যাট হার নিয়ে প্রস্তুতি নেওয়া হতো; তবে নতুন আইনের এই পরিণতি হতো না। তিনটি কারণে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে মনে করে সিপিডি। এগুলো হলো প্রস্তুতির অসম্পূর্ণতা; রাজনৈতিক সহমতের অভাব এবং সামাজিক তাৎপর্যের প্রভাব। সিপিডির পর্যবেক্ষণ হলো একক ভ্যাট হার না থাকায় এত দিন যাঁরা সুবিধা পেয়েছেন, নতুন আইনে তাঁরা অসুবিধায় পড়তেন। আবার রাজস্ব আদায়ের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অনেক ব্যক্তি এত দিন অনৈতিক সুবিধা নিয়েছেন। নতুন ভ্যাট আইন বাস্তবায়িত না হওয়ায় বিষয়টি দুই দিক থেকে দেখতে হবে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একদিকে টাকা বিদেশে চলে যাবে, অন্যদিকে রাজস্ব অর্জনে সৎ করদাতাদের ওপর চাপ সৃষ্টি করা হবে—এটা কোনোভাবেই সমীচীন নয়। টাকা পাচারকারীর নাম-পরিচয় জানার পরও যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়; আবার সৎ করদাতাদের ওপর করের জন্য চাপ সৃষ্টি করা হয়, তাহলে ন্যায়বিচার হয় না। সৎ করদাতারা নিরুৎসাহিত হতে পারেন। এমনিতেই নির্বাচনের বছরে টাকা পাচার বৃদ্ধি পায়।

সিপিডি বলছে, নয়টি ফাস্ট ট্র্যাক প্রকল্পে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২০ শতাংশ বা ৩০ হাজার ৯২১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পদ্মা সেতু ছাড়া অন্য প্রকল্পগুলোর দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তবে ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে মূল পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করা কঠিন হবে। ফাস্ট ট্র্যাকের অন্য প্রকল্পগুলো বরাদ্দ অনুযায়ী খরচ করতে পারছে না। অন্যদিকে বরাদ্দ অনুযায়ী বড় ২৫টি প্রকল্পে এডিপির সাড়ে ৪১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এসব প্রকল্প কতটা কর্মসংস্থান সৃষ্টি করবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিডি। উদাহরণ দিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বরাদ্দের দিক থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি সবচেয়ে বড়। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে খুব বেশি কর্মসংস্থান হবে না। এর মানে আমি বলছি না, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লাগবে না। তবে কর্মসংস্থান সৃষ্টির দিক থেকে বড় প্রকল্পের অগ্রাধিকার বিবেচনা করা উচিত।’

সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কর্মসংস্থান-সঞ্চারী হতে হবে। এ জন্য অর্থনীতি বহুমুখীকরণ করতে হবে। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বিভিন্ন সংস্কার কর্মসূচি নিতে হবে। উৎপাদনশীলতা-নির্ভর প্রবৃদ্ধি অর্জন করতে হবে।

বাজেট বাস্তবায়নে একটি কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দিয়েছে সিপিডি। এ ছাড়া বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটিকে সম্পৃক্ত করার তাগিদ দিয়েছে এই গবেষণা প্রতিষ্ঠান। এ ছাড়া বাজেট তদারকির জন্য মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে একটি উপকমিটি গঠনের পরামর্শ দিয়েছে সিপিডি। সিপিডি বলেছে, মন্ত্রিপরিষদের অনেক সদস্য নিজেদের নেওয়া পদক্ষেপের (নতুন ভ্যাট আইন) সমালোচনা করেন।

বাজেটে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মূলধন জোগানে ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার সমালোচনা করেছে সিপিডি। দেবপ্রিয় ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, এই টাকা দেওয়া উচিত নয়। সিন্ধুর মধ্যে বিন্দুর মতো তা তলিয়ে যাবে। তিনি বলেন, নতুন ব্যাংকের পাশাপাশি প্রথম প্রজন্মের এবি ব্যাংকও এখন সমস্যায় পড়েছে। ব্যাংকের অভ্যন্তরে সুশাসনের অভাব আছে। কেন্দ্রীয় ব্যাংকের যে নজরদারি করার কথা ছিল, তা হয়নি। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে এই আবর্জনা পরিষ্কার করা সম্ভব নয়। এখনই সংস্কার-প্রক্রিয়া শুরু করা উচিত।

সিপিডি মনে করে, বাজেটের ঘাটতি পূরণে সঞ্চয়পত্র বিক্রি করে বেশি ঋণ নেওয়ায় সরকারের দায় বাড়ছে। এতে সরকারের ব্যয় বাড়ছে। এটি মধ্য মেয়াদে টেকসই হবে না। ব্যাংক থেকে কম সুদে ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। সিপিডি আরও মনে করে, সঞ্চয়পত্র সামাজিক সুরক্ষার বিষয় নয়। অন্যভাবে খরচ করে সামাজিক সুরক্ষা দেওয়া যেতে পারে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিচালক (সংলাপ) আনিসাতুল ফাতেমা ইউসুফ, গবেষক তৌফিকুল ইসলাম খান প্রমুখ।