চা আমদানিতে ৮৪ কোটি টাকা শুল্ক ফাঁকি দিল ১৬ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-পাতা আমদানিতে মিথ্যা মূল্য ঘোষণা দিয়ে প্রায় ৮৪ কোটি টাকা শুল্ক কর ফাঁকি দেওয়ার ঘটনা ধরা পড়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের এক তদন্তে চা আমদানিকারক ১৬টি প্রতিষ্ঠানের শুল্ক কর ফাঁকি দেওয়ার এ ঘটনা উঠে এসেছে। এতে দেখা যায়, আন্তর্জাতিক বাজারের নিলাম দরের চেয়ে অর্ধেক দাম দেখিয়ে ওই সব প্রতিষ্ঠান চা-পাতা (ব্ল্যাক টি) আমদানি করেছে। কম দাম দেখানোর ফলে প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ রাজস্ব এড়িয়ে যেতে পেরেছে। ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর ও বেনাপোল বন্দর দিয়েই এসব প্রতিষ্ঠান সিংহভাগ চা-পাতা আমদানি করেছে।
শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এনবিআর ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কমিশনারেটে চিঠি দিয়েছে।
দেশীয় চা-শিল্পের স্বার্থ রক্ষায় আমদানি করা চায়ের অবমূল্যায়ন (কম দাম দেখানো) বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি এনবিআরকে চিঠি দেয় চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ চা সংসদ। সে অনুযায়ী শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের উপকমিশনার কাঞ্চন রানী দত্তের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে এনবিআর।
এ বিষয়ে জানতে চাইলে শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবীর বলেন, কম মূল্য দেখিয়ে চা আমদানি করায় সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি মুদ্রা পাচার হচ্ছে। এ ছাড়া সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন। কারণ, তাঁদের দেশীয় ব্র্যান্ডের নামে নিম্নমানের বিদেশি চা খাওয়ানো হচ্ছে।
জানা গেছে, এনবিআরের তদন্ত কমিটি ভারতীয় চা-বোর্ড থেকে বিভিন্ন বছরের আন্তর্জাতিক নিলাম মূল্য এবং কেনিয়ার নিলাম মূল্য সংগ্রহ করে। তাতে দেখা যায়, ভারতে প্রতি কেজি চা-পাতার নিলাম মূল্য ২০১২ সালে ২ দশমিক ২৮ মার্কিন ডলার, ২০১৩ সালে ২ দশমিক ২০ ডলার, ২০১৪ সালে ২ দশমিক ০৮ ডলার এবং ২০১৫ সালে ১ দশমিক ৮৮ ডলার ছিল। আর কেনিয়ায় নিলাম মূল্য ছিল ২০১২ সালে ২ দশমিক ৮৮ ডলার, ২০১৩ সালে ২ দশমিক ৪১ ডলার ও ২০১৪ সালে ২ দশমিক ০৩ ডলার। কিন্তু ওই সব বছরে ভারতের প্রতি কেজি চা-পাতা বেনাপোলে ১ ডলার, চট্টগ্রাম কাস্টম হাউসে ১ দশমিক ২০ ডলার দেখিয়ে শুল্কায়ন করা হয়েছে। আর কেনিয়ার প্রতি কেজি চায়ের শুল্কায়ন হয়েছে ১ দশমিক ৪০ ডলারে। এ প্রসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানিকারক দেশের নিলাম মূল্যের চেয়ে কম মূল্যে চা শুল্কায়নের কোনো যৌক্তিকতা নেই।
এদিকে আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ব্ল্যাক টি (চা পাতা) আমদানিতে ন্যূনতম মূল্য ২ ডলার নির্ধারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে আমদানিকারকদের চা আমদানির সময় শুল্কায়নযোগ্য মূল্য কমপক্ষে দুই ডলার হতে হবে। ট্যারিফ মূল্য নির্ধারণের ফলে বেশি দামে চা আমদানি করতে হবে। আবার আমদানি করা চায়ের দাম বাড়লে স্থানীয় উৎপাদকেরাও দাম বাড়িয়ে দেবে। ইতিমধ্যে স্থানীয় নিলামে কেজিপ্রতি দাম ৩০-৪০ টাকা বেড়েছে।
তদন্ত প্রতিবেদনমতে, ১৬টি আমদানিকারক প্রতিষ্ঠানের মধ্যে আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্ট লিমিটেড সর্বোচ্চ ৪৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম কাস্টম হাউসে ১৮৮টি বিল অব এন্ট্রির বিপরীতে ১ কোটি ২৯ লাখ ২৫ হাজার ১০৮ কেজি চা আমদানি করে। কিন্তু এসব চা আমদানিতে তারা রপ্তানিকারক দেশের স্বীকৃত নিলাম মূল্যের চেয়ে কম মূল্যে শুল্কায়ন করায় এবং ৪৪ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা কম রাজস্ব দেয়।
শুল্ক কর ফাঁকি দেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে এম এম ইস্পাহানী লিমিটেড টি ব্লাং, এম এম ইস্পাহানী লিমিটেড ব্লেন্ডিং, এস এ কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড, ভাই ভাই ফলভান্ডার, কপোতাক্ষ টি হাউস, নিউ স্টার টি হাউস, ইস্পাহানী টি লিমিটেড ফ্যাক্টরি, রাতুল এন্টারপ্রাইজ, কুরবান এন্টারপ্রাইজ, চৈতালী ট্রেডিং, রাজমণি এন্টারপ্রাইজ, ফাতেমা ইমপেক্স, টেটলি এসিআই (বাংলাদেশ) লিমিটেড, ডেনিশ ফুডস লিমিটেড এবং শাওন চা কোম্পানি।
অভিযুক্ত একটি প্রতিষ্ঠানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শুল্কায়ন করার সময় কম মূল্য দেখানোর সঙ্গে শুধু আমদানিকারকেরাই নয়, শুল্ক কর্মকর্তারাও জড়িত। কারণ, আমদানিকালে শুল্ক কর্মকর্তারাই শুল্কায়নযোগ্য মূল্য চূড়ান্ত করেন। তিনি জানান, বর্তমানে দেশে বছরে উৎপাদন ও চাহিদার ফারাক দেড় কোটি কেজি চা, যা আমদানি করে মেটানো হয়।