চায়ে আমদানিনির্ভর হওয়ার পথে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন চায়ের উৎপাদন বছরে ৬ কোটি ৬২ লাখ কেজি। আর দেশীয় চাহিদা ৬ কোটি ৪০ লাখ কেজি। প্রতিবছর দেশে ৩ দশমিক ২৩ শতাংশ হারে চাহিদা বাড়ছে। কিন্তু উৎপাদন বাড়ছে ২ শতাংশ হারে।
এই অবস্থা চলতে থাকলে ২০১৬ সালে চায়ের উৎপাদন ও চাহিদা সমান হয়ে যাবে। তখন দেশ থেকে চা তো রপ্তানি হবেই না, উল্টো পুরোপুরি আমদানিকারক দেশে পরিণত হবে বাংলাদেশ।
সে কারণে ২০২৫ সাল সামনে রেখে একটি পথনকশার খসড়া তৈরি করেছে সরকার, যেটা বাস্তবায়িত হলে ওই সময় দেশে চায়ের উৎপাদন হবে আনুমানিক ১০ কোটি কেজি। তখন দেশীয় চাহিদা মিটিয়ে চা রপ্তানিও করা যাবে।
এ জন্য চা-শিল্পের উন্নয়নে ১২ বছর মেয়াদি একটি কৌশলগত কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে, যেখানে ১০টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ চা বোর্ড বলছে, প্রকল্পগুলো বাস্তবায়নে লাগবে ৯৬৭ কোটি ৩৫ লাখ টাকা।
দেশের চা-শিল্প নিয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। রাজধানীর কারওয়ান বাজারে এ কর্মশালার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ড।
কর্মশালাটি উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, চা উৎপাদনে বাংলাদেশ বিশ্বের ১০টি দেশের মধ্যে আছে। কিন্তু চায়ের উৎপাদন বৃদ্ধি না হওয়ায় রপ্তানি বাড়ানো যাচ্ছে না, পুরোটা দেশের চাহিদা মেটাতেই চলে যাচ্ছে। সে কারণে সরকার এখন বান্দরবান, পঞ্চগড়, চট্টগ্রামসহ নতুন নতুন জমিতে চা চাষ সম্প্রসারণে কাজ করছে।
একপর্যায়ে রাজনৈতিক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরাও আন্দোলন করেছি, জেল খেটেছি, দিনের আলো দেখিনি। একজন নেত্রী কোর্ট মানেন না, কোর্টে যান না। গুপ্তস্থান থেকে তাঁরা আন্দোলন পরিচালনা করেন।’
অনুষ্ঠানে খসড়া পথনকশাটি তুলে ধরেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ। তিনি জানান, দেশের ১৬৬টি চা-বাগানে ১ লাখ ৩৩ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এখন ৫৮ হাজার ৭১৯ হেক্টর জমিতে চা উৎপাদিত হচ্ছে। হেক্টরপ্রতি উৎপাদন ১ হাজার ৩২০ কেজি। ২০১৩ সালে দেশে ৬ কোটি ৬২ লাখ কেজি চা উৎপন্ন হওয়ার পাশাপাশি এক কোটি কেজি চা আমদানিও হয়েছে। তিনি বলেন, এখনকার হারে উৎপাদন ও অভ্যন্তরীণ ভোগ বাড়তে থাকলে চাহিদা পূরণের জন্য বাংলাদেশ চা আমদানিকারক দেশে পরিণত হবে।
চা বোর্ডের চেয়ারম্যান বলেন, পথনকশা অনুযায়ী, ২০২৫ সালে দেশে চায়ের উৎপাদন বাড়াতে হবে ৩ কোটি ৪০ লাখ কেজি। এটি অর্জনে কয়েকটি কৌশলও ঠিক করা হয়েছে। প্রথমত, অব্যবহৃত পড়ে থাকা ৪ হাজার ৬৯৮ হেক্টর জমিতে চা চাষ সম্প্রসারণ করতে পারলে সেখান থেকেই এক কোটি ২০ লাখ কেজি চা উৎপাদিত হবে।
দ্বিতীয়ত, বর্তমানে অতিবয়স্ক ও অলাভজনক ৯ হাজার ৪০০ হেক্টর জমিতে চা উৎপন্ন হয় প্রতি হেক্টরে ৪৮২ কেজি। সেখানে নতুন মাটি ফেলে এবং উন্নত জাতের চা রোপণ করে আরও ১ কোটি ৯০ লাখ কেজি চা উৎপাদন সম্ভব।
তৃতীয়ত, ভারতে প্রতি হেক্টর জমিতে চায়ের উৎপাদন দেড় হাজার কেজি। নিবিড় চাষাবাদের মাধ্যমে দেশের বাগানেও এই পরিমাণ উৎপাদন সম্ভব। এটা হলে বর্তমান জমিতেই ৯ কোটি ৫০ লাখ কেজি চা উৎপাদিত হবে।
চতুর্থত, বাগানে সেচ ও পানি নিষ্কাশনসুবিধা নিশ্চিত করা গেলে উৎপাদন বর্তমান সময়ের চেয়ে ১০ শতাংশ বাড়বে। পঞ্চমত, ক্ষুদ্রায়তন চা চাষকে উৎসাহিত করে ১ লাখ ১ হাজার ৭২৪ হেক্টর জমিতে ২০ কোটি কেজি চা উৎপাদন সম্ভব।
অর্থায়নের অভাব, ঋণের উচ্চ সুদহার, ১৬ শতাংশ অতিবয়স্ক জমি, বাগানের জমির মালিকানা নিয়ে বিরোধ, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অভাবকে এ শিল্পের সমস্যা হিসেবে চিহ্নিত করেন চা বোর্ডের চেয়ারম্যান। সমাধান হিসেবে বলেন, এ খাতে বিনিয়োগ বাড়ানো, স্বল্প সুদে ঋণদান ও প্রথম বছরে কোনো সুদ না নেওয়া এবং চা আমদানিতে নিরুৎসাহিত করা।
বাংলাদেশীয় চা সংসদের সভাপতি আরদাসির কবির বলেন, চা খাত সামনে এগিয়ে যাবে কি না, তা নির্ভর করছে সরকার এ খাতকে কতটুকু সহযোগিতা করবে তার ওপর। চা-বাগানের জমি অধিগ্রহণ করে সরকার বিশেষায়িত শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করছে বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান ইস্পাহানী বলেন, চায়ের দেশীয় চাহিদার যে তথ্য উল্লেখ করা হয়েছে, তা বিভ্রান্তিকর। কারণ গত বছর ১ কোটি ৪০ লাখ কেজি চা আমদানি হয়েছে। এই চা তাহলে গেল কোথায়?
এ প্রসঙ্গে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, এসব পণ্যের সঠিক চাহিদা বের করা মুশকিল।
অনুষ্ঠানে দুই অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী ও শওকত আলী ওয়ারেছী বক্তব্য দেন।