চার মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রার প্রায় এক-তৃতীয়াংশই প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) অর্জিত হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) গতকাল বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ১৩ কোটি ডলার। আর পুরো অর্থবছরের রপ্তানির লক্ষ্যমাত্রা হলো ৩ হাজার ৩৫০ কোটি ডলার।
অবশ্য এই চার মাসের জন্য ইপিবি যে রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, তার চেয়ে পিছিয়ে আছেন রপ্তানিকারকেরা। লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫২ কোটি ডলার। রপ্তানি হয়েছে এর চেয়ে ৩ দশমিক ৭৩ শতাংশ কম।
লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কম হলেও গত অর্থবছরের প্রথম চার মাসের চেয়ে রপ্তানি বেড়েছে প্রায় ৫ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৯৬৫ কোটি ২৬ লাখ ডলারের পণ্য।
চলতি অর্থবছরের প্রথম তিন মাস মানে জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয় গত বছরের প্রায় সমানই ছিল। কিন্তু চার মাস পরে এসে যে রপ্তানি আয়ে উল্লম্ফন ঘটেছে, তার বড় কারণ হলো অক্টোবর মাসে বেশ পণ্য রপ্তানি হয়েছে।
ইপিবি বলছে, গত বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে ১৯৫ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়। কিন্তু এ বছরের অক্টোবরে রপ্তানি হয়েছে ২৩৭ কোটি ১৫ লাখ ডলারের পণ্য। গত বছরের চেয়ে এই অক্টোবরে রপ্তানি বেড়েছে ২১ শতাংশ। আর এই অক্টোবরের আয়ের ওপর ভর করেই চার মাসে রপ্তানি আয় এক হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে পোশাক খাত (নিট ও ওভেন পোশাক) থেকে ৮২৩ কোটি ৮৩ লাখ ডলার আয় হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ৬ শতাংশ বেশি। সে বছরের প্রথম চার মাসে আয় হয় ৭৭৫ কোটি ২৬ লাখ ডলারের পোশাক। আগের বছরের চেয়ে রপ্তানি বেশি হলেও এ আয় এবারের লক্ষ্যমাত্রার চেয়ে ৪ শতাংশ কম। লক্ষ্যমাত্রা ছিল ৮৫৯ কোটি ৭৯ লাখ ডলার।
ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম চার মাসে বড় বড় রপ্তানি খাত যেমন: চিংড়ি, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য এবং হোম টেক্সটাইলের রপ্তানি বেশ কমেছে।
তবে ব্যতিক্রম পাট খাত। টানা কয়েক বছর কাঁচা পাট ও পাটপণ্যের রপ্তানি যেখানে কম ছিল, গত সেপ্টেম্বর থেকে এ খাতে সুবাতাস বইতে শুরু করে। অক্টোবর পর্যন্ত চার মাসে পাট ও পাটপণ্যের রপ্তানি বেড়েছে আগের বছরের চেয়ে ৯ শতাংশ। এ বছর মোট পাটপণ্য রপ্তানি হয় ২৮ কোটি ৪৪ লাখ ডলারের, যা গত বছর ছিল ২৬ কোটি ডলার।
পাটপণ্যের এই রপ্তানি বৃদ্ধির মূল কৃতিত্বই হলো কাঁচা পাট রপ্তানির। কারণ, ভারতে এ বছর পাটের উৎপাদন কম হয়েছে। যার কারণে দেশটি বাংলাদেশ থেকে প্রচুর কাঁচা পাট আমদানি করে। অবশ্য চলতি মাসেই পাট মন্ত্রণালয় এক মাসের জন্য কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ করে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে ৩৫ কোটি ৮৭ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়। এর মধ্যে ১৬ কোটি ডলারের চামড়ার জুতা, ১০ কোটি ৮৪ লাখ ডলারের চামড়াজাত পণ্য এবং নয় কোটি ডলারের চামড়া রপ্তানি হয়েছে।
আরেক বড় রপ্তানি পণ্য হিমায়িত চিংড়ির রপ্তানি কমেছে আগের বছরের চেয়ে ২৭ শতাংশ। গত বছর চার মাসে যেখানে ২২ কোটি ৭৭ লাখ ডলারের চিংড়ি রপ্তানি হয়, এবার কমে দাঁড়িয়েছে ১৬ কোটি ৪৮ লাখে।
এ ছাড়া সবজি ও ফলের রপ্তানি মারাত্মকভাবে কমেছে। গত বছরের চেয়ে সবজির রপ্তানি ৬৪ শতাংশ এবং ফলের রপ্তানি ৫১ শতাংশ কমেছে। হোম টেক্সটাইলের রপ্তানি কমেছে প্রায় ৭ শতাংশ।