চার মাসেও গতি পায়নি এডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ১৩ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এটি বিগত পাঁচ বছরের একই সময়ের মধ্যে সর্বনিম্ন। গত অর্থবছরের একই সময়ে ১৫ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রথম চার মাসের হিসাবে ২০১২-১৩ অর্থবছরে ২০ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে ১৫ শতাংশ ও ২০১০-১১ অর্থবছরে ১৪ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।
সর্বশেষ হিসাবে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে চলতি এডিপির ১০ হাজার ৪৩৮ কোটি টাকা খরচ হয়েছে। তবে টাকার অঙ্কে আগের চেয়ে খরচ বেড়েছে।
চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতাধীন ৮০ হাজার ৩১৫ কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ের পাঁচ হাজার ৬৮৫ কোটি টাকার প্রকল্পও এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ৮৬ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন হচ্ছে।
সম্প্রতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রথম আলোকে বলেন, ‘বাস্তবায়ন কাঙ্ক্ষিত হারে না হওয়ায় এবারও এডিপি পুনর্গঠন করা হবে। এক খাত থেকে অন্য খাতে অর্থ সরানো হবে। যারা ভালো করতে পারবে না তাদের অর্থ যারা ভালো করছে তারা পাবে। চাহিদা অনুযায়ী সমন্বয় করা হবে।’
প্রথম চার মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো টাকা খরচ করতে পারেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্পে ৯৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আর দুদকের এক কোটি ৮৭ লাখ টাকার একটি প্রকল্প রয়েছে। এ ছাড়া বরাদ্দের এক শতাংশ বা তার চেয়ে কম বাস্তবায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ।
অন্যদিকে, বরাদ্দের ১০ শতাংশের কম খরচ করেছে আরও ১৪টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো: অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পানিসম্পদ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, আইএমইডি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং নৌমন্ত্রণালয়।
এদিকে বরাদ্দপ্রাপ্ত শীর্ষ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের অনূকূলে চলতি এডিপির ৬০ হাজার ৮৮৬ কোটি টাকা রয়েছে, যা মোট মূল এডিপির ৭১ শতাংশ। জুলাই-অক্টোর মাসে এসব মন্ত্রণালয় মাত্র আট হাজার ৭৩৬ কোটি টাকা খরচ করেছে, যা বরাদ্দের প্রায় ১৪ শতাংশ।
আবার এডিপিতে বিদেশি সহায়তার ব্যবহারও যথেষ্ট মাত্রায় কমে গেছে। এবারের এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ ২৭ হাজার ৭০০ কোটি টাকা। প্রথম চার মাসের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত তিন বছরের মধ্যে এবারই সবচেয়ে কম টাকা খরচ হয়েছে। দাতাদের টাকা খরচ করা সম্ভব হচ্ছে না। আলোচ্য সময়ে এবার মাত্র দুই হাজার ৫৭৬ কোটি টাকা খরচ করা সম্ভব হয়েছে। ২০১৩-১৪ ও ২০১২-১৩ অর্থবছরে এর পরিমাণ ছিল যথাক্রমে দুই হাজার ৭৫৪ কোটি টাকা ও তিন হাজার ৮৩৬ কোটি টাকা।
এ ছাড়া স্থানীয় উৎস থেকে দেওয়া বরাদ্দের ৫২ হাজার ৬১৫ কোটি টাকার মধ্যে আলোচ্য সময়ে সাত হাজার ৮৬২ কোটি টাকা খরচ হয়েছে।