চালের দাম ১০ শতাংশ বাড়লে কৃষিমজুরি বাড়ে ২০ শতাংশ
চালের দাম বাড়লে সরকারের প্রশাসনযন্ত্র, রাজনীতির মাঠ ও গণমাধ্যমে শোরগোল পড়ে যায়। চালের দাম কমানোর উপায় নিয়ে শুরু হয় সমালোচনা-আলোচনা। কিন্তু বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায় চালের দামের ওঠানামার লাভ-ক্ষতি নিয়ে ভিন্ন এক বিশ্লেষণ হাজির করা হয়েছে।
সংস্থাটির গবেষণা বলছে, চালের দাম বাড়লে দেশের দরিদ্র শ্রেণির একটি বড় অংশের মানুষ যেমন চিন্তিত হয়, উল্টোদিকে চালের দাম ১০ শতাংশ বাড়লে কৃষিমজুরি ২০ শতাংশ বাড়ে। আর এতে গ্রামীণ দারিদ্র্য কমে শূন্য দশমিক ১১ শতাংশ।
চালের দাম ও প্রবৃদ্ধি এবং বাংলাদেশের দারিদ্র্য বিমোচন শীর্ষক এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষণাটি করেছেন বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ ও গবেষণা পরিচালক মোহাম্মদ ইউনুস। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বিআইডিএসের বার্ষিক গবেষণা সম্মেলনের সমাপনী দিনে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
একটি গবেষণায় মোহাম্মদ ইউনুস বলেন, এখনো দেশের ৪৮ শতাংশ মানুষের কর্মসংস্থানের প্রধান উৎস কৃষিকাজ। দেশের মানুষের মোট ক্যালরি বা খাদ্যশক্তি চাহিদার দুই-তৃতীয়াংশ আসে চাল থেকে। আর কৃষি খাতের বার্ষিক প্রবৃদ্ধি বা জিডিপির ৭০ শতাংশ ধান চাষ থেকে আসে।
কৃষি অর্থনীতিবিদ ড. মোহাম্মদ এ জব্বার বলেন, শিল্পশ্রমিকদের মজুরি নির্ধারণ করে মালিক। আর কৃষিশ্রমিকদের মজুরি শ্রমিক নিজেই নির্ধারণ করেন। তবে এই মজুরির সঙ্গে চালের মূল্যবৃদ্ধির কোনো সম্পর্ক নেই। কৃষিমজুরি নির্ধারিত হয় শ্রমিকের সহজলভ্যতার ওপর। দেশে শিল্পশ্রমিক বেড়ে যাওয়ায় কৃষিশ্রমিকের সংখ্যা কমছে, ফলে মজুরি বাড়ছে।
পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য অধ্যাপক সাত্তার মণ্ডল বলেন, ‘এখন কৃষকের এক বেলার মজুরি দিয়ে ১১ কেজি চাল কেনা যায়। সামগ্রিকভাবে কৃষির উন্নতির কারণেই এটা হয়েছে। তবে আমাদের শুধুমাত্র চাল উৎপাদনের দিকে বেশি নজর না দিয়ে কৃষির অন্যান্য উপখাত যেমন মৎস্য ও প্রাণিসম্পদের দিকে নজর দিতে হবে।’
আরেকটি গবেষণা ফলাফল তুলে ধরেন বিআইডিএসের গবেষক ড. নাজনীন আহমেদ ও ড. এইচ হারুনুর রশিদ ভূঁইয়া। তাঁদের গবেষণায় সবজি ও মৎস্য চাষকে বাংলাদেশের কৃষি খাতের অন্যতম দ্রুত উন্নয়নশীল খাত হিসেবে তুলে ধরে এর চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়। এতে বলা হয়, দেশে বর্তমানে বছরে ১ কোটি ৩৮ লাখ টন সবজি ও ৩৫ লাখ ৫০ হাজার টন মাছ উৎপাদিত হয়। সবজিতে কয়েক বছর ধরে প্রবৃদ্ধি ৬ ও মাছে ৭ শতাংশ। স্বাদুপানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে চতুর্থ। দেশে প্রাণিজ আমিষের সবচেয়ে বড় উৎস মাছ।
গবেষণার ফলাফল তুলে ধরে হারুনুর রশিদ বলেন, মাছ চাষের ক্ষেত্রে শিল্পকারখানার বর্জ্য থেকে দূষণ এবং সবজিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারের অন্যান্য প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।