ছয় বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ১১ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, যা বিগত ছয় বছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন। গত অর্থবছরের একই সময়ে এডিপি ১৩ শতাংশ বাস্তবায়ন হয়েছিল।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রথম চার মাসের হিসাবমতে, ২০১৩-১৪ অর্থবছরে ১৪ শতাংশ, ২০১২-১৩ অর্থবছরে ২০ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে ১৫ শতাংশ ও ২০১০-১১ অর্থবছরে ১৪ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।
আইএমইডির সর্বশেষ হিসাবে দেখা গেছে, চলতি অর্থবছরের বিগত জুলাই-সেপ্টেম্বর সময়ে চলতি এডিপির ১১ হাজার ৫৯৫ কোটি টাকা খরচ হয়েছে।
চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতাধীন ৯৭ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়সহ সব মিলিয়ে ১ লাখ ৯৯৭ কোটি টাকার এডিপি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে স্থানীয় উৎস থেকে সাড়ে ৬২ হাজার কোটি টাকা এবং বিদেশি সহায়তা হিসেবে সাড়ে ৩৪ হাজার কোটি টাকা পাওয়া যাবে। আর বাস্তবায়নকারী সংস্থাগুলো নিজস্ব তহবিল থেকে দেবে ৩ হাজার ৯৯৭ কোটি টাকা।
আইএমইডির কর্মকর্তারা জানিয়েছেন, দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করতে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত সময় লাগে। এরপরই মূল খরচ শুরু হয়।
প্রথম চার মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বরাদ্দের মাত্র ১ শতাংশ অর্থ খরচ করতে পেরেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। চার মাসে মাত্র ৫০ লাখ টাকা খরচ হয়েছে। আর আইআরডির পাঁচটি প্রকল্পে বরাদ্দ রয়েছে ৪৫৪ কোটি টাকা। খরচ হয়েছে মাত্র সাড়ে তিন কোটি টাকা।
প্রথম চার মাসের হিসাবে, সব মিলিয়ে বরাদ্দের ১০ শতাংশের কম খরচ করেছে ২৩টি মন্ত্রণালয় ও বিভাগ। তবে সব মিলিয়ে চার মাসে এডিপির যে অর্থ খরচ হয়েছে, এর মধ্যে সাড়ে ৭৮ শতাংশই খরচ করেছে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ। অবশ্য এ মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে বরাদ্দ ৭৩ হাজার ৬৮৬ কোটি টাকা, যা মোট মূল এডিপির ৭৩ শতাংশ।