জনসংখ্যাকে জনশক্তি করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী
অন্য সব স্বল্পোন্নত দেশের (এলডিসি) তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি হলেও এ জনসংখ্যাকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বর্তমানে বাংলাদেশকে যে সহযোগিতা দিচ্ছে, তা যথেষ্ট নয়। প্রায় ১৬ কোটি লোকের বাংলাদেশকে এলডিসিভুক্ত অন্য দেশগুলোর মতোই দেখছে সংস্থাটি। বাণিজ্যের জন্য সহায়তার (এইড ফর ট্রেড) আওতায় বিশেষ বিবেচনায় দেখা হলে বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা আরও বাড়বে।
কেনিয়ার নাইরোবিতে গত সোমবার রাতে কেনিয়া আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডব্লিউটিওর মহাপরিচালক রবার্তো আজেভেডোর সঙ্গে অনুষ্ঠিত একান্ত বৈঠকে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ঢাকায় গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
>বিশ্ব বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশে বিনিয়োগের জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান
এতে জানানো হয়, সেবা খাতে ছাড়ের (সার্ভিস ওয়েভার) আওতায় বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা কার্যকরের বিষয়ে ডব্লিউটিও মহাপরিচালকের সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী। ডব্লিউটিওর দোহা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত বিশ্বের কাছ থেকে বাংলাদেশসহ এলডিসিভুক্ত দেশগুলো যে শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা পাওয়ার কথা, সে ব্যাপারেও একই সহযোগিতা চান তিনি।
ডব্লিউটিওর মহাপরিচালক বাংলাদেশের চলমান উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ডব্লিউটিওর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
তোফায়েল আহমেদ এলডিসিভুক্ত দেশগুলোর জন্য ওষুধ রপ্তানিতে মেধাস্বত্ব অব্যাহতির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত বৃদ্ধির বিষয়ে সহযোগিতার জন্য বাণিজ্যমন্ত্রী ডব্লিউটিওর মহাপরিচালককে ধন্যবাদ জানান। মন্ত্রী বলেন, ওষুধ খাতে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা। এখন উন্নত বিশ্বেও ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ।
ডব্লিউটিওর মহাপরিচালক রবার্তো আজেভেডোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তোফায়েল আহমেদ। এতে সাড়া দিয়ে আজেভেডো শিগগির বাংলাদেশে আসবেন বলে আগ্রহ প্রকাশ করেন।
বাণিজ্যমন্ত্রী পরে নাইরোবিতে অনুষ্ঠানরত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) চতুর্দশ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাধারণ বিতর্ক অধিবেশনে দেশীয় অবস্থানপত্র উপস্থাপন করেন। এ সময় জেনেভায় ডব্লিউটিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক শুভাশীষ বোস উপস্থিত ছিলেন।
এদিকে কেনিয়া আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নিতে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
এ সম্পর্কে শিল্প মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বাংলাদেশের বিদ্যমান আইনে বিদেশি বিনিয়োগে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার তথ্য জানিয়ে বলেন, এখানে অর্জিত মুনাফা বিনিয়োগকারীদের নিজ নিজ দেশে স্থানান্তরের সুযোগ রয়েছে। শিল্পমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণেই বিদেশি বিনিয়োগের কেন্দ্রবিন্দু হবে বাংলাদেশ। কারণ, সমুদ্র ও আকাশপথে সহজে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনার পাশাপাশি পর্যাপ্ত পরিশ্রমী জনবল, প্রাকৃতিক গ্যাস, মিঠা পানি, উর্বর জমি, অনুকূল আবহাওয়া ও সামাজিক স্থিতিশীলতা রয়েছে বাংলাদেশের।
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক প্রযুক্তি এবং কারিগরি সহায়তা জোরদার করতে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আঙ্কটাডের কার্যকর ভূমিকা কামনা করেন শিল্পমন্ত্রী।