জমির উচ্চমূল্যই ফ্ল্যাটের দাম বাড়িয়ে দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হক
এনামুল হক

‘ঢাকায় একটি আবাসন প্রকল্পের ৬০-৭০ শতাংশ খরচই হয় জমির পেছনে। এর ওপর ফ্ল্যাটের ভাগাভাগির বাইরেও জমির মালিকদের সাইনিং মানি দিতে হয়। এ ছাড়া নির্মাণসামগ্রীর কিছু উপকরণের দাম ও শ্রমিকদের মজুরি গেছে বেড়ে। ফলে মান বজায় রাখতে গেলে দাম কমানোর সুযোগ থাকে না। তারপরও আমরা মুনাফার পরিমাণ কমিয়ে ফ্ল্যাট বিক্রি করছি।’
ডমিনো ডেভেলপমেন্টসের উপমহাব্যবস্থাপক (বিক্রয়) এনামুল হক গতকাল রোববার প্রথম আলোকে এসব কথা বলেন। তিনি বলেন, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যম আয়ের মানুষ ছোট আকারের ফ্ল্যাট খুঁজে থাকেন। ঢাকার আশপাশের জেলাগুলোতে সুউচ্চ ভবন করা গেলে সব ধরনের নাগরিক সুবিধাসহ ৬০০-৭০০ বর্গফুটের ফ্ল্যাট ১৮-২০ লাখ টাকার মধ্যে দেওয়া যাবে। এ জন্য রাজধানীর সঙ্গে এসব জেলার যোগাযোগব্যবস্থা দ্রুত উন্নত করতে হবে। তখন ব্যাংক যদি এক অঙ্কের সুদে দীর্ঘ মেয়াদে ঋণ দেয়, তবে অনেকেই ফ্ল্যাট কিনতে পারবেন।
বিভিন্ন অখ্যাত আবাসন প্রতিষ্ঠানের প্রতারণা বন্ধে এনামুল হকের পরামর্শ, অনেক ক্রেতাই টাকা দিয়ে বসে থাকেন, কিন্তু সময়মতো ফ্ল্যাট বুঝে পান না। ক্রেতারা যদি ব্যাংকের মাধ্যমে প্রতিষ্ঠানকে অর্থ দিতে পারেন, তাতে ভোগান্তি বন্ধ হবে। কারণ, ব্যাংক ভবনের কাজের অগ্রগতি দেখেই টাকা ছাড় করবে। এখানে ব্যাংকই গ্যারান্টার বা জিম্মাদার হিসেবে কাজ করবে। তবে সরকার ও বাংলাদেশ ব্যাংক সহায়তা করলেই এটি সম্ভব হবে।
এনামুল হক বলেন, ‘রিহ্যাবের শীতকালীন মেলায় আমরা প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পেয়েছি। মেলায় প্রায় তিন হাজার ক্রেতাকে আমাদের প্রকল্পগুলো সম্পর্কে তথ্য দিয়েছি। এর মধ্যে ১৫-২০ শতাংশ ক্রেতা শেষ পর্যন্ত ফ্ল্যাট কিনবেন বলে আমাদের প্রত্যাশা।’