জানুয়ারিতে মূল্যস্ফীতি বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শীতের মৌসুমে চাল, মাছ-মাংস, শাকসবজিসহ ভোগ্যপণ্যের দাম তুলনামূলক কম থাকে। এর প্রভাবে মূল্যস্ফীতিও কম থাকে। কিন্তু এবার জানুয়ারি মাসে মোটা চালসহ ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খাদ্য খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে, যা সার্বিক মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিয়েছে। বাড়তি মূল্যস্ফীতি নিয়ে বছর শুরু হলো।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, গত জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ১৫ শতাংশ, যা গত ডিসেম্বরে ছিল ৫ দশমিক ০৩ শতাংশ। ডিসেম্বর মাসে আগের ৫১ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেন। জানুয়ারি মাস পর্যন্ত মূল্যস্ফীতি পরিস্থিতি তৈরি করেছে বিবিএস। একনেক সভা শেষে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ হিসেবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, জানুয়ারি মাসে মোটা চালের দাম কিছুটা বেড়েছে। ওই মাসে স্কুল-কলেজে ভর্তির একটা চাপ থাকে। তাই ভর্তি কার্যক্রম ও বইপত্র কেনাকাটায় বাড়তি খরচ করতে হয়েছে অনেককে।
বাজার সূত্রগুলো বলছে, গত জানুয়ারি মাসে মোটা চালের দাম কেজিপ্রতি দুই টাকা করে বেড়েছে। বাজারে এখন মোটা চালের দাম ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়।
বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের মাসের তুলনায় জানুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেশ বেড়েছে। জানুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৫৩ শতাংশ। আর ডিসেম্বর মাসে এ হার ছিল ৫ দশমিক ৩৮ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৩ দশমিক ১০ শতাংশে নেমে এসেছে। ডিসেম্বর মাসে এ হার ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে বিবিএস আরও ব্যাখ্যা করে বলেছে, গত ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে চাল, মাছ-মাংস, ভোজ্য তেল, দুধ ও দুধজাতীয় পণ্যসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম বেড়েছে ১ দশমিক ০৩ শতাংশ। অন্যদিকে একইভাবে কাপড়চোপড়, জ্বালানি, বাড়িভাড়া, আসবাবপত্র, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণের দাম বেড়েছে ১ দশমিক ৪৯ শতাংশ।
বরাবরের মতো গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের ওপর জানুয়ারি মাসে মূল্যস্ফীতির চাপ বেশি ছিল। শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ এবং গ্রামে এ হার ৪ দশমিক ৯২ শতাংশ। তবে আশঙ্কার কথা হলো, শহরে খাদ্য খাতে মূল্যস্ফীতি ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। এই হার এখন ৭ দশমিক ১১ শতাংশ।
বিবিএসে তথ্য উপাত্ত অনুযায়ী, মানুষের আয় বৃদ্ধি পাওয়ায় সার্বিকভাবে মূল্যস্ফীতি কোনো প্রভাব ফেলছে না। মূল্যস্ফীতি যে হারে হয়েছে; আয়ের প্রবৃদ্ধি এর চেয়ে বেশি। প্রতি মাসেই মূল্যস্ফীতি চিত্রের পাশাপাশি বিবিএস জাতীয় মজুরির হার প্রকাশ করে থাকে। সেখানে দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ২০১৭ সালের জানুয়ারি মাসে মজুরি বৃদ্ধির হার ৬ দশমিক ৬৫ শতাংশ, যা সার্বিক মূল্যস্ফীতির চেয়ে কম।