জিডিপি প্রবৃদ্ধি অর্জনে ভারত ও বাংলাদেশ সমানতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চলতি ২০১৬-১৭ অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। প্রবৃদ্ধির এই হার পরবর্তী তিন বছরে কিঞ্চিৎ কম থাকবে। এরপর আবার ৭ শতাংশে উন্নীত হবে।

বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ বা ‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। একইভাবে তুলে ধরা হয়েছে বৈশ্বিক অর্থনীতির চলতি প্রবণতা ও আগামী কয়েক বছরের সম্ভাবনা।

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অবশ্য দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক গড় থেকে বেশি। এতে চলতি বছরে ভারত বাদে সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশ ও বৈশ্বিক অর্থনীতিতে ২ দশমিক ৪ শতাংশে প্রাক্কলন করা হয়েছে।

আগামী ২০১৭-১৮ অর্থবছরে ৬ দশমিক ৪ শতাংশ, ২০১৮-১৯ বছরে ৬ দশমিক ৭ শতাংশ এবং ২০১৯-২০ অর্থবছরে তা বেড়ে আবার ৭ শতাংশে উন্নীত হবে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনমতে, চলতি বছরে দক্ষিণ এশিয়ায় কেবল ভারত ও ভুটান বাংলাদেশের সমান ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। অন্য দেশগুলোর প্রবৃদ্ধি এর চেয়ে কম হবে।

জাতীয় সংসদে বাজেট পেশের আগে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ও এক সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। তবে সরকার বলেছে ৭ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের কথা।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও সেবা খাতের কার্যক্রম জোরদার হওয়ার ফলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকায়, রপ্তানি বৃদ্ধি পাওয়ায় এবং দেশগুলোর সামষ্টিক অর্থনীতিতে ঝুঁকি কমার ফলে চলতি হিসাবের ঘাটতি ক্রমাগতভাবে সহনীয় হয়ে উঠছে।

বাংলাদেশ ও ভারতে রেমিট্যান্স বা প্রবাসী আয় কমছে, তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বেড়েছে ও মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে।