জিডিপি প্রবৃদ্ধি এবার ৭ শতাংশ হবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে এগিয়ে গেছে। দেশের বর্তমান রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার। জিডিপি প্রবৃদ্ধি এবার ৭ শতাংশ হবে। ২০২১ সাল নাগাদ আমাদের রপ্তানি ৬০ বিলিয়ন ডলার ছাড়াবে। অর্থনীতির এ অগ্রগতির পথে চট্টগ্রামের ব্যবসায়ীদেরও উল্লেখযোগ্য অবদান আছে।
আজ শুক্রবার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে ২৪তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। মাসব্যাপী এ মেলার আয়োজক চট্টগ্রাম চেম্বার।
উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, গবেষণা প্রতিষ্ঠানগুলো গবেষণা করে বলেছে, ভবিষ্যতে যে ১১টি দেশের অর্থনৈতিকভাবে উত্থান ঘটবে বাংলাদেশ হবে তার অন্যমত। চট্টগ্রামে কর্ণফুলী টানেল হচ্ছে, কক্সবাজারে গভীর সমুদ্র বন্দর হবে, কন্টেইনার টার্মিনাল হতে চলেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথ হবে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামের আমূল পরিবর্তন হতে যাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা আছে বলেই বাংলাদেশে আমাদের রপ্তানির প্রবৃদ্ধি বেশি। সব ক্ষেত্রে উন্নতির দিকে দেশ যে কোনো সময়ের চেয়ে এগিয়ে।
অনুষ্ঠানে খালেদা জিয়ার সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচনের বিরোধিতা করে জ্বালাও পোড়াও করে অনেক মায়ের কোল খালি করেছেন খালেদা জিয়া। কিন্তু শেষ পর্যন্ত তিনি পরাজিত হয়েছেন। ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের তিন মাসের যে কোনো দিন নির্বাচন হবে। এর আগে হবে না। হয়তো সে নির্বাচনে বিএনপি অংশ নেবে। কারণ তারা বুঝেছে নির্বাচনে অংশ না নিলে কী অবস্থা হয়। আজকে কী ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে বিএনপি।
মেলার উদ্বোধন করে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এগুলোতে লাখ লাখ কোটি টাকা বিনিয়োগ হবে। এসব বিনিয়োগের ইতিবাচক প্রভাব এ অঞ্চলে পড়বে। চট্টগ্রামে দুই একটি ব্যাংকের প্রধান কার্যালয় থাকা উচিত। যাতে চট্টগ্রামের ব্যবসায়ীদের ঋণের জন্য ঢাকায় দৌড়াদৌড়ি করতে না হয়। এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামে এমনিতে খেলার মাঠের সংখ্যা কমে আসছে। খেলার মাঠে মেলা নিয়ে নানা সময়ে আলোচনা সমালোচনা হচ্ছে। মেলার জন্য একটি নির্দিষ্ট স্থায়ী ভেন্যু দরকার। কর্ণফুলী নদীর তীরে প্রায় আড়াই শ একর জমি অবৈধ দখলদারদের দখলে আছে। তাদের উচ্ছেদ করে সেখানে চট্টগ্রামের বিভিন্ন মেলার জন্য একটি স্থায়ী ভেন্যু তৈরি করা সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মেলা কমিটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম, কো চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ।
অনুষ্ঠানে আয়োজকেরা জানান, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ টাকা। মেলায় ৪৩টি প্যাভিলিয়ন ও ২৩১টি ছোট-বড় স্টল থাকছে। দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও মেলায় থাইল্যান্ড, ভারত, চীন ও ইরানের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন।