জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে (২০১৪-১৫) মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬ থেকে ৬ দশমিক ১ শতাংশ। এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।
বাংলাদেশ সফরে আসা সংস্থাটির প্রতিনিধিদলের প্রধান রড্রিগো কুবেরো গতকাল মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি নিয়ে এ মন্তব্য করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি স্টেলা ক্যানডেরা।
জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ সম্পর্কে রড্রিগো বলেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (অর্থাৎ গত জুলাই থেকে ডিসেম্বর) অর্থনীতিতে এক ধরনের গতি ছিল। কিন্তু শেষ ছয় মাসে এসে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সেই গতিতে কিছুটা ধাক্কা লেগেছে।
সম্প্রসারিত ঋণ সুবিধা বা ইসিএফ চুক্তির আওতায় আইএমএফ বাংলাদেশকে প্রায় এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের সুদহীন ঋণ সহায়তা দিচ্ছে। বছরের বিভিন্ন সময় ঋণের বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে মূল্যায়নভিত্তিক আলোচনা করে আইএমএফ। তারই আওতায় সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসেন।
রড্রিগোর বর্তমান সফরও তারই ধারাবাহিকতা। এমএমএফের পক্ষ থেকে জানানো হয়েছে, রড্রিগোর এবারের সফরের মাধ্যমে ইসিএফ ঋণের পঞ্চম ও ষষ্ঠ পর্যালোচনা সম্পন্ন হবে।
আইএমএফ জানিয়েছে, ২০১২ সালের ১১ এপ্রিল তিন বছর মেয়াদি ইসিএফ চুক্তি হয়। আগামী মাসেই এ চুক্তির মেয়াদ শেষ হবে। তার আগে চুক্তির অগ্রগতি পর্যালোচনায় গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসে আইএমএফ মিশন। সফরকালে আইএমএফ প্রতিনিধিদল অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব, ব্যাংক বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের চেয়ারম্যানসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সফর শেষে ফিরে যাওয়ার আগে গতকাল অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয় দলটি।
এ সময় আইএমএফের লিখিত বক্তব্যে বলা হয়, সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক অশান্তি বা অস্থিরতা তৈরি হয়েছে, তা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। প্রশ্নোত্তর পর্বে আইএমএফ প্রতিনিধিদলের প্রধান বলেন, চলমান অস্থিরতার কারণে পরিবহন, সেবা ও উৎপাদন খাতসহ বেশ কিছু খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও ক্ষতির সঠিক পরিমাণটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সফরকালে কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগেছেন কি না—এমন প্রশ্নের জবাবে রড্রিগো কুবেরো বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি কোনো ধরনের নিরাপত্তাহীনতা অনুভব করিনি। তবে সফরকালে ঢাকার বাইরেও যাওয়া হয়নি। ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতা অনুভব না করলেও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এ দেশের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।’