জিডিপির দেড় গুণের বেশি প্রবৃদ্ধি সিমেন্ট খাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির চেয়ে দেড় গুণেরও বেশি হারে প্রবৃদ্ধি হচ্ছে দেশের সিমেন্ট খাতে। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত এ খাতের প্রবৃদ্ধি বিশ্লেষণ করে এ তথ্য উঠে এসেছে গবেষণায়। তাতে দেখা যাচ্ছে, উল্লিখিত সময়ে দেশের জিডিপি প্রবৃদ্ধির গড় হার ছিল ৬ দশমিক ১ শতাংশ। আর একই সময়ে সিমেন্ট খাতে গড়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশের বেশি। সেই হিসাবে জিডিপির চেয়ে ১ দশমিক ৬৯ গুণ বেশি প্রবৃদ্ধি হয়েছে সিমেন্ট খাতে।
রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ব্যবসা-বাণিজ্যবিষয়ক নিউজ পোর্টাল অর্থসূচক ডটকম আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপোর দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার সিমেন্ট খাত নিয়ে আয়োজিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়েছে। ‘বাংলাদেশের সিমেন্ট শিল্প: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধটি উপস্থাপন করেন দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজের গবেষণা বিভাগের প্রধান মাহফুজুর রহমান।
সেমিনারে আলোচক হিসেবে ছিলেন এ খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্টের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মাসুদ খান, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব নাসিমুল হাই, প্রিমিয়ার সিমেন্টের সিএফও শফিকুল ইসলাম তালুকদার, এমআই (ক্রাউন) সিমেন্টের সিএফও শাহরিয়ার হালিম। সেমিনারটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অর্থসূচক-এর সম্পাদক জিয়াউর রহমান। গতকাল বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন সকালেও একই মিলনায়তনে অপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
মূল প্রবন্ধে বলা হয়, সিমেন্ট খাতে ৯ বছর ধরে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হলেও এখনো মাথাপিছু সিমেন্ট ব্যবহারের ক্ষেত্রে এশিয়াসহ বিশ্বের অনেক দেশের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ২০১৫ সাল শেষে বাংলাদেশে সিমেন্টের মাথাপিছু গড় ব্যবহার মাত্র ১২৪ কিলোগ্রাম বা কেজি। ভারতে যার পরিমাণ ২২৫, পাকিস্তানে ১২৯ ও শ্রীলঙ্কায় ৩১০ কেজি।
বাংলাদেশে সিমেন্ট খাতের প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে বলে মত প্রকাশ করছেন আলোচকেরা। তাঁরা এ-ও জানিয়েছেন, সিমেন্ট খাতের ভবিষ্যৎ সম্ভাবনাকে মাথায় রেখে এ খাতের কোম্পানিগুলোর অনেকে এরই মধ্যে উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে। আবার অনেকে বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।
লাফার্জ সুরমা সিমেন্টের সিএফও মাসুদ খান বলেন, বিশ্বের এক গবেষণায় দেখা গেছে, সাধারণত কোনো দেশে সিমেন্টের মাথাপিছু ব্যবহার ৬০০ কেজিতে উন্নীত হওয়ার পর এ খাতের প্রবৃদ্ধি কিছুটা মন্থর হয়ে পড়ে। সেই হিসাবে বাংলাদেশে সিমেন্টের মাথাপিছু ব্যবহার আরও চার গুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এমআই সিমেন্টের সিএফও বলেন, এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ গ্যাস, কয়লা ও বিদ্যুতের অপ্রতুলতা। বিদ্যুতের দাম বাড়ার কারণে সিমেন্টের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে।
বসুন্ধরা গ্রুপের নাসিমুল হাই বলেন, বসুন্ধরা সিমেন্টসহ গ্রুপের একাধিক প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা রয়েছে।