৬ বছরে ৭০ হাজার কোটি টাকার বিদেশি ঋণ অনুমোদন
জিপিএইচ ইস্পাত ও সামিট পাওয়ার ১৪০০ কোটি টাকা বিদেশি ঋণ নিচ্ছে
জিপিএইচ ইস্পাত ও সামিট পাওয়ারের দুটি প্রতিষ্ঠান বিদেশ থেকে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নেবে। জিপিএইচ ইস্পাত নেবে ১০০ মিলিয়ন ডলার বা ৭৯০ কোটি টাকা। এ ছাড়া সামিট বরিশাল পাওয়ার নেবে ৫০ মিলিয়ন ডলার (৩৯৫ কোটি টাকা) ও সামিট নারায়ণগঞ্জ পাওয়ার নেবে ২৭ দশমিক ৬৪ মিলিয়ন ডলার (২১৮ কোটি টাকা)।
বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন-সংক্রান্ত বাছাই কমিটির ১০৬তম সভায় এসব ঋণ প্রস্তাব অনুমোদন হয়। কমিটির প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে গত মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলে গত ছয় বছরে বিদেশি ঋণ অনুমোদনের পরিমাণ দাঁড়াল ৮ হাজার ৮০৬ মিলিয়ন ডলার (৬৯ হাজার ৫৭২ কোটি টাকা)। দেশি-বিদেশি উভয় খাতের প্রতিষ্ঠান কম সুদের এ ঋণসুবিধা গ্রহণ করেছে।
জানা গেছে, জিপিএইচ ইস্পাতকে জার্মানির বিএইচএফ ব্যাংক থেকে প্রায় ১০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে বাছাই কমিটি। এ ঋণের মেয়াদ হবে সাড়ে ১২ বছর। সুদের হার ১ দশমিক ৪ শতাংশ+৩ মাস লাইবর (লন্ডন আন্তব্যাংক সুদের হার)। প্রতিষ্ঠানটি ঋণের অর্থ দিয়ে অস্ট্রিয়া থেকে মূলধনি যন্ত্র আমদানি করবে।
জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ঋণের টাকায় নতুন কারখানা করা হবে। এতে আমাদের উৎপাদন ক্ষমতা ১০ লাখ টন ছাড়িয়ে যাবে। পাশাপাশি ইস্পাত কাঠামো তৈরির কাঁচামালও আমরা উৎপাদন করতে পারব।’
একই সভায় সামিট বরিশাল পাওয়ার লিমিটেডকে ৫০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে বাছাই কমিটি। ইসলামিক কো-অপারেশন ফর দ্য ডেভেলপমেন্ট (আইসিডি) অব দ্য প্রাইভেট সেক্টর থেকে এ ঋণ আসবে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) একটি সহযোগী প্রতিষ্ঠান আইসিডি। এ ঋণের মেয়াদ ১২ বছর। সুদের হার ৪ দশমিক ২৫ শতাংশ+৩ মাস লাইবর। এ ছাড়া সামিট নারায়ণগঞ্জ পাওয়ারকে (ইউনিট-২) ২৭ দশমিক ৬৪ মিলিয়ন ডলার ঋণ গ্রহণের অনুমোদন দিয়েছে বাছাই কমিটি।
সদ্য বিলুপ্ত বিনিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, ২০০৯ থেকে গত বুধবার পর্যন্ত বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন-সংক্রান্ত বাছাই কমিটি ৮৮০ কোটি ৬৭ লাখ ডলার ঋণ অনুমোদন দেয়।
২০০৯ সালে ১৮টি প্রতিষ্ঠানকে ৪৭ কোটি ৮ লাখ ডলার, ২০১০ সালে ২০ প্রতিষ্ঠানকে ৩০ কোটি ২ লাখ ডলার, ২০১১ সালে ২৪টি প্রতিষ্ঠানকে ৯০ কোটি ৯০ লাখ ডলার, ২০১২ সালে ৬২ প্রতিষ্ঠানকে ১৪৬ কোটি ৬০ লাখ ডলার, ২০১৩ সালে ১০২ প্রতিষ্ঠানকে ১১৮ কোটি ২০ লাখ ডলার, ২০১৪ সালে ১২৬ প্রতিষ্ঠানকে ১৮২ কোটি ৭০ লাখ ডলার এবং ২০১৫ সালে ১২৯ প্রতিষ্ঠানকে ১৯৩ কোটি ডলার ঋণ নেওয়ার অনুমোদন দেওয়া হয়। চলতি বছরে এখন পর্যন্ত ৭১ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বাছাই কমিটি।
এদিকে বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ইউনিট বৈদেশিক উৎস থেকে বেসরকারি খাতের ঋণ গ্রহণ-সংক্রান্ত এক বিশ্লেষণে বলেছে, ৩৩টি প্রতিষ্ঠান পরিদর্শন করে তারা দেখতে পায়, একটি প্রতিষ্ঠান এ ঋণ নিয়ে দেশীয় ঋণ পরিশোধ করেছে। আবার আরেকটি প্রতিষ্ঠান ঋণপত্রের ঋণ শোধ করতে ব্যবহার করেছে এই অর্থ।
এই বিশ্লেষণ থেকে দেখা গেছে, বেসরকারি খাতে বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ কয়েক দফায় ঋণ পেয়েছে। যার ব্যবহার নিয়ে ইতিমধ্যে দেশে আলোচনা চলছে। এ ছাড়া ওয়াইম্যাক্স সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালায়নও ঋণ পেয়েছে। যাদের ব্যবসায় ইতিমধ্যে মন্দা শুরু হয়েছে।
বড় অঙ্কের বৈদেশিক ঋণ পাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, ওরাসকম টেলিকম (বাংলালিংক), এয়ারটেল, রবি, সামিট ও বেক্সিমকো লিমিটেড।