জিপিএফ ও সিপিএফে সুদের হার ১৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

*জিপিএফে সুদ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। এই তহবিলে রাখলে মুনাফাসহ টাকা দেয় সরকার। চাকরি শেষে ভালো একটা অঙ্ক নিয়ে ঘরে ফিরতে পারেন কর্মচারীরা *সিপিএফে যে পরিমাণ টাকা রাখেন কর্মচারীরা, সরকার ওই পরিমাণ টাকাই তাঁদের অনুদান দেয়। কিন্তু অতিরিক্ত জমার ওপর কোনো মুনাফা দেয় না *রাজস্ব খাত থেকে যাঁরা বেতন পান, তাঁরাই জিপিএফে টাকা রাখতে পারেন। রাজস্ব খাতের বাইরে থেকে যাঁরা বেতন পান, তাঁরা টাকা রাখেন সিপিএফে

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সুদের হার প্রযোজ্য শুধু ২০১৬-১৭ অর্থবছরের জন্য।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, এবার জিপিএফ ও সিপিএফের সুদের হার কিছুটা কমানোর চিন্তা করা হয়েছিল। ব্যাংকে স্থায়ী আমানতে (এফডিআর) সুদের হার বর্তমানে কম হওয়ায় এবং বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার আগের তুলনায় কমানোর কারণে জিপিএফ ও সিপিএফের সুদের হারকে বিদ্যমান হার ১৩ শতাংশ থেকে কমানোর পক্ষে মত এসেছিল। সার্বিক বিবেচনায় শেষ পর্যন্ত আর কমানো হয়নি।

সরকারি কর্মচারীরা আগে মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত জিপিএফে টাকা রাখতে পারতেন। তবে তা পারতেন সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের বেশি বেতন পাওয়া কর্মচারীরাই।

গত ডিসেম্বরে এক প্রজ্ঞাপন জারি করে সরকার মূল বেতনের সর্বোচ্চ ২৫ শতাংশ জিপিএফে রাখা যাবে বলে সীমা বেঁধে দেয়। অর্থ বিভাগের শীর্ষ পর্যায়ের একজন কর্মচারী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘জমা রাখার সীমা কমানো হয়েছে বলেই সুদের হার আর কমানো হয়নি।’

সরকারি কর্মচারীরা জিপিএফের আওতাধীন হলেও কিছু ব্যাংক ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীরা টাকা জমা রাখেন সিপিএফে। জিপিএফের তুলনায় সিপিএফে কম সুবিধা দেওয়া হয় বলে কর্মচারীদের দিক থেকে অভিযোগ রয়েছে।

সরকারি কর্মচারীরা জানান, জিপিএফে সুদ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। এই তহবিলে রাখলে মুনাফাসহ টাকা দেয় সরকার। চাকরি শেষে ভালো একটা অঙ্ক নিয়ে ঘরে ফিরতে পারেন কর্মচারীরা।

অন্যদিকে সিপিএফে টাকা রাখলে যে পরিমাণ টাকা রাখেন কর্মচারীরা, সরকার ওই পরিমাণ টাকাই তাঁদের অনুদান দেয়। কিন্তু অতিরিক্ত জমার ওপর কোনো মুনাফা দেয় না।

উদাহরণ দিয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব জানান, ২৫ বছর চাকরি করলে একজন জিপিএফধারী কর্মচারী ৮০ মাসের মূল বেতনের সমান টাকা পাবেন। কিন্তু একই সময়ে একজন সিপিএফধারী কর্মচারী পাবেন ৫০ মাসের মূল বেতনের সমান টাকা।

রাজস্ব খাত থেকে যাঁরা বেতন পান, তাঁরাই জিপিএফে টাকা রাখতে পারেন। রাজস্ব খাতের বাইরে থেকে যাঁরা বেতন পান, তাঁরা টাকা রাখেন সিপিএফে।

বর্তমান নিয়মে একজন সরকারি কর্মচারীর বয়স ৫২ বছর হলেই মোট জমার ৮০ শতাংশ তিনি তুলে নিয়ে যেতে পারেন। ৫২ বছর বয়স হওয়ার আগে তুলে নিতে চাইলেও কোনো অসুবিধা নেই। সে ক্ষেত্রে তিনি পাবেন ৭৫ শতাংশ টাকা এবং চারটি কিস্তিতে তা তোলা যাবে।