জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে

দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। গত জুনে একজন ভোক্তাকে ১০০ টাকার পণ্যের জন্য ব্যয় করতে হতো ১০৬ টাকা ৯৭ পয়সা। জুলাইয়ে ওই ব্যয় বেড়ে হয়েছে ১০৭ টাকা চার পয়সা। অর্থাৎ জুনের চেয়ে জুলাইয়ে এসে ১০০ টাকার পণ্যের জন্য একজন ভোক্তাকে সাত পয়সা বেশি ব্যয় করতে হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস মূল্যস্ফীতির যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, সেটি বিশ্লেষণ করে এই হিসাব পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি
সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য প্রকাশ করেন। এ সময় বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল তাঁর সঙ্গে ছিলেন।
এতে দেখা যাচ্ছে, জুনে দেশে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৯৭ শতাংশ। জুলাইয়ে সেটি বেড়ে হয়েছে ৭ দশমিক শূন্য ৪ শতাংশ।
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার চাপটি গত মাসেই টের পেয়েছেন রাজধানীর মিরপুরের কাজীপাড়ার বাসিন্দা নিউটন মজুমদার। কারণ, জুলাই মাসের বাড়িভাড়া দিতে গিয়ে তাঁকে বাড়তি গুনতে হয়েছে এক হাজার টাকা। যদিও বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরিজীবী নিউটনের বেতন-ভাতা জুলাইয়ে এক টাকাও বাড়েনি। জুন মাসেও তিনি ১০ হাজার টাকায় যে বাসায় ছিলেন, জুলাইয়ে সেটির ভাড়া বেড়ে হয়েছে ১১ হাজার টাকা।
রাজধানীর কোথাও জানুয়ারিতে আবার কোথাও জুলাইয়ে বার্ষিক বাড়িভাড়া বাড়ানো হয়ে থাকে। আবার কখনো কখনো ভাড়াটিয়া কোন মাসে বাসায় উঠেছেন তার ওপর নির্ভর করেও ভাড়া বাড়ানো হয়। নিউটন মজুমদারের বাসা ভাড়া বাড়ে প্রতিবছর জুলাইয়ে। আর চাকরিতে তাঁর বার্ষিক বেতন-ভাতা বৃদ্ধি হয় জানুয়ারিতে। এ বছরের জানুয়ারিতে এক হাজার টাকা বেতন বেড়েছিল তাঁর। সেই বাড়তি বেতনের টাকাটি জুলাইয়ে এসে বাড়িভাড়ার সঙ্গে সমন্বয় হয়ে গেছে। ফলে বাড়তি বেতনের কোনো সুফলই পেলেন না নিউটন।
মূল্যস্ফীতির মাধ্যমে দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বা জীবনযাত্রার ব্যয়ের হিসাব করা হয়। টাকার মান অপরিবর্তিত থাকার পরও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার মানে হলো—মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস বা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর মূল্যস্ফীতি কমে যাওয়ার মানে হলো—জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রয়েছে। এ কারণে সাধারণ মানুষের কাছে সব সময় প্রত্যাশা থাকে মূল্যস্ফীতি যেন নিম্নমুখী থাকে। সরকারের পক্ষ থেকেও এটিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা থাকে। সরকার মূল্যস্ফীতির হার সর্বোচ্চ কোন পর্যায়ে আটকে রাখতে চায়, প্রতিবছরের বাজেটে তা উল্লেখ করা হয়। বাজেটের পর মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংকও মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়ে ঋণপ্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করে। চলতি ২০১৪-১৫ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। অর্থবছরের প্রথম মাসে সেটি লক্ষ্যমাত্রার চেয়ে উঁচুতেই রয়েছে।
বিবিএস বলছে, পরিধেয় বস্ত্রাদি, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি সামগ্রী, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ খাদ্যবহির্ভূত খাতের বিভিন্ন দ্রব্যের দাম বেড়েছে। এ কারণে মূল্যস্ফীতির হারও বেড়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, জুনে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ। জুলাইয়ে সেটি বেড়ে হয়েছে ৫ দশমিক ৭১ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি এ সময়ে কমেছে। জুনে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ শতাংশ, জুলাইয়ে তা কমে হয়েছে ৭ দশমিক ৯৪ শতাংশ।
গত জুলাইয়ের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতর। ঈদকে ঘিরে পোশাক-আশাক ও গৃহ সজ্জার নানা পণ্যের বাজার ছিল বেশ সরগরম।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিবিএস আরও জানিয়েছে, জুলাইয়ে শহরাঞ্চলের চেয়ে গ্রামেই মূল্যস্ফীতির চাপটি বেশি পড়েছে। গ্রামীণ পর্যায়ে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৯৩ শতাংশ; জুনে যা ছিল ৬ দশমিক ৭৩ শতাংশ। আর শহরাঞ্চলে জুনে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪২ শতাংশ; জুলাইয়ে সেটি দাঁড়িয়েছে ৭ দশমিক ২৪ শতাংশে।