জীবনযাত্রার ব্যয় বেড়েছে সাড়ে ৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সদ্য বিদায়ী ২০১৫ সালে গৃহস্থালি গ্যাস, বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বেড়েছে। অন্যদিকে ভোজ্যতেল, চাল, আটা-ময়দা, গুঁড়ো দুধ ও লবণের দাম কমলেও নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। সব মিলিয়ে ঢাকায় জীবনযাত্রার খরচ বেড়েছে ৬ দশমিক ৩৮ শতাংশ। আর পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৮১ শতাংশ।
ব্যয় বাড়লেও স্বস্তির জায়গা আছে। ২০১৪ সালে জীবনযাত্রায় ব্যয় তার আগের বছরের চেয়ে বেড়েছিল ৬ দশমিক ৮২ শতাংশ। সেই হিসাবে সদ্য বিদায়ী বছরে জীবনযাত্রার ব্যয় ২০১৪ সালের চেয়ে মাত্র শূন্য দশমিক ৪৪ শতাংশ কম বৃদ্ধি পেয়েছে। তার মানে গেল বছর তুলনামূলকভাবে দ্রব্যমূল্য অনেকটা স্থিতিশীল ছিল। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। একই সঙ্গে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় স্বাভাবিক রাখতে ১৭টি সুপারিশ দিয়েছে ক্যাব।
ক্যাবের সভাপতি গোলাম রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জীবনযাত্রার এই ব্যয়ের হিসাবে শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ব্যয় ধরা হয়নি। সংগঠনটি এসব ব্যয় আলাদা করে হিসাব করেছে। মূলত ঢাকার ১৫টি পাইকারি-খুচরা বাজার ও বিভিন্ন সেবার ১১৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্যব্যবহার্য সামগ্রী এবং ১৪টি সেবার মূল্য পর্যালোচনা করে এই হিসাব করেছে তারা।
সারা বছরের নিত্যপণ্যের মূল্যের পর্যালোচনা করে ক্যাব দেখেছে, ২০১৪ সালের চেয়ে গেল বছর দেশি ও আমদানি করা পেঁয়াজ এবং কাঁচা মরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। দেশি পেঁয়াজে ৭৬ শতাংশ, আমদানি করা পেঁয়াজে ৭৪ শতাংশ ও কাঁচা মরিচে দাম বেড়েছে ২৯ শতাংশ। এ ছাড়া মাংসে ২৫, মসলায় সাড়ে ২২, শাকসবজিতে ১৮ দশমিক ২৪, ডিমে ১৩ ও ডালে ৮ শতাংশ দাম বেড়েছে।
কিছু পণ্যে অবশ্য দাম কমেছে। মিলেছে স্বস্তি। সবচেয়ে বেশি দাম কমেছে ডালডা ও ঘিতে ১৩ শতাংশ। এ ছাড়া আটা-ময়দায় পৌনে ৬, চালে ৫ দশমিক ৩০, ভোজ্যতেলে ৫ দশমিক ১৪, গুঁড়ো দুধে ৩ দশমিক ৪২ ও লবণে প্রায় ১ শতাংশ দাম কমেছে।
বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের মূল্য প্রায় ২০ শতাংশ বা তার বেশি হ্রাস পেয়েছে। তবে অভ্যন্তরীণ বাজারে তার প্রভাব তেমন পড়েনি। ভোক্তাদের সুফল দিতে হলে আমদানি বাণিজ্যকে আরও বেশি প্রতিযোগিতামূলক করা প্রয়োজন। এ জন্য বাস্তবতার ভিত্তিতে টিসিবির মাধ্যমে ‘লোকসান-নয়, লাভ-নয়’ ভিত্তিতে মানসম্পন্ন নিত্যপণ্য আমদানি ও বাজারজাত করা যেতে পারে। এ ছাড়া পণ্যের মোড়কজাত ও পরিশোধনের নামে প্যাকেটজাত পণ্য মূল্য আকাশচুম্বী করার প্রবণতা আছে। জাতীয় স্বার্থে এটি খতিয়ে দেখে রোধ ও ন্যায্যমূল্য নির্ধারণ করা দরকার বলে মনে করে ক্যাব।
খাদ্যবহির্ভূত পণ্যের দাম বাড়লেও তা ক্রেতাদের খুব একটা সমস্যায় ফেলেনি। গেল বছর দেশি থানকাপড়ের দাম ৯ দশমিক ৬২ ও শাড়িতে ৭ শতাংশ বেড়েছে। সদ্যসমাপ্ত বছরে বিদ্যুতের দাম বেড়েছে ২ দশমিক ৩২ শতাংশ এবং ওয়াসার পানি প্রতি হাজার লিটারে বেড়েছে ৬ শতাংশ। গ্যাসের দাম বেড়েছে ৪৪ দশমিক ৪৪ শতাংশ।
অন্যদিকে সদ্য বিদায়ী বছরে ঢাকায় বাসা ভাড়া বেড়েছে ৬ দশমিক ৩৩ শতাংশ। ভাড়া বেশি বেড়েছে বস্তি এলাকায়, ১১ দশমিক ৪৩ শতাংশ। ফ্ল্যাট বাসায় সাড়ে ৪ শতাংশ। এ বিষয়ে ক্যাবের সুপারিশ হচ্ছে, জনস্বার্থে অনতিবিলম্বে বাড়ি ভাড়া আইন ১৯৯১ পরিবর্তন করা। এ ছাড়া সহজ শর্তে দীর্ঘমেয়াদি কিস্তিতে পরিশোধের সুযোগ দিয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দ দেওয়া দরকার।
স্বাস্থ্য খাত নিয়ে গতবারের মতো ক্যাবের প্রতিবেদনে হুবহু একই কথা আছে এবার। বলা হয়েছে, বরাবরের মতোই স্বাস্থ্য খাতে সেবার মান ছিল প্রশ্নবিদ্ধ ও ব্যয়বহুল। ডাক্তারের ফি ছিল নিয়ন্ত্রণহীন। ব্যবস্থাপত্রে অপ্রয়োজনীয় টেস্ট প্রদানের এবং মানহীন টেস্ট, ভেজাল ও নিম্নমানের ওষুধের অভিযোগ বরাবরের মতোই উঠেছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে সবকারের নিয়ন্ত্রণ ও তদারকি বাড়ানো প্রয়োজন।
ক্যাব আরও বলেছে, ফরমালিনের ব্যবহারের রাশ টানা সম্ভব হলেও বাজারে নিম্নমান ও ভেজাল পণ্য অতীতের মতো বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরপতন অব্যাহত থাকলেও দেশের বাজারে তা সমন্বয় করেনি সরকার। অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ ও সিএনজির দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। এর ভিত্তিতে ঢাকা ও চট্টগ্রামে বাস-মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি করা হয়। তবে বাস্তবে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি বেড়েছে।