জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বিদায়ী অর্থবছরের জুন মাসে মাসওয়ারি ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এ মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২৫ শতাংশ। এর আগের মাসে অর্থাৎ মে মাসে এ হার ছিল ৬ দশমিক ১৯ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই ধরনের পণ্যেই জুন মাসে মূল্যস্ফীতি বেড়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতি পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশ করে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ মুস্তফা কামাল সাংবাদিকদের মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য জানান।
এদিকে, জুন মাসের মূল্যস্ফীতি পরিস্থিতি প্রকাশের পর দেখা গেছে, চলতি অর্থবছরের গড় মূল্যস্ফীতি লক্ষ্যেই রয়েছে। এ বছর অর্থাৎ জুলাই থেকে জুন মাস পর্যন্ত গড় মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৪১ শতাংশ। আর গত বাজেটে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে রাখার লক্ষ্য নির্ধারণ করেছিলেন।
পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, রমজান মাসের কারণে জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।
বিবিএসের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩২ শতাংশ। আগের মাসে এ হার ছিল ৬ দশমিক ২৩ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৫ শতাংশ। আগের মাসে এ হার ছিল ৬ দশমিক ১৪ শতাংশ।
বিবিএসের হিসাবে দেখা গেছে, ডাল, মাছ, মাংস, শাকসবজি, মসলা, দুধ ও দুগ্ধজাতীয় পণ্যের দাম গত মে মাসের তুলনায় জুন মাসে দশমিক শূন্য ৩ শতাংশ বেড়েছে। আর পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ বিভিন্ন পণ্য ও সেবার দাম একই সময়ে বেড়েছে দশমিক ৪৩ শতাংশ।
বিবিএস আরও বলছে, গ্রাম ও শহরের মানুষের ওপর আগের চেয়ে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। তবে এ চাপ গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর বেশি। গত জুন মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৯১ শতাংশ, আর গ্রামে ছিল এ হার ৫ দশমিক ৯০ শতাংশ।
আবার মানুষের আয় কতটা বাড়ল কিংবা কমল, তা জাতীয় মজুরি হার সূচক দিয়ে বোঝানো হয়। বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, গত জুন মাসে জাতীয় মজুরি হার সূচক ছিল ৯ হাজার ৩০৮, যা ২০১৫ সালের জুন মাসের তুলনায় ৯ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। এর মানে হলো, যে হারে মূল্যস্ফীতি হয়েছে, তার চেয়ে বেশি হারে মজুরি বেড়েছে।
জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখ্ত গতকাল প্রথম আলোকে বলেন, মূল্যস্ফীতি এখন সহনীয় পর্যায়ে থাকায় সরকারের নতুন পে স্কেল বাস্তবায়নে সুবিধা হবে। কারণ, পে স্কেল হঠাৎ করে মূল্যস্ফীতিকে উসকে দেবে না। এটা সরকারের জন্য একটি স্বস্তির বিষয়।