এক জোট হয়ে দেওয়া সিন্ডিকেট ঋণে খেলাপি কম হলেও মাঝে মাঝেই ঝুঁকিতে ফেলছে ব্যাংকগুলোকে। সিন্ডিকেট বা জোটবদ্ধ ঋণ নেওয়া ৩৪টি প্রকল্প সময়মতো ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় পুনঃ তফসিল করেছে। এ ছাড়া দ্বিতীয়বার পুনঃ তফসিল করতে হয়েছে ২৫ প্রকল্পের ঋণ। ১০ প্রকল্পের ঋণ তৃতীয়বার পুনঃ তফসিল করতে হয়েছে।
বাংলাদেশের সিন্ডিকেট ঋণের অবস্থা ও চ্যালেঞ্জ শীর্ষক এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। ১৯৯৫ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৩৯৮টি প্রকল্পের জন্য ৭৬ হাজার ৫২৯ কোটি টাকা সিন্ডিকেট ঋণ গঠন করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ গবেষণা করেছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক কর্মশালার আয়োজন করে প্রতিষ্ঠানটি। বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
কর্মশালায় বক্তারা বলেন, ব্যাংক খাতের যে অবস্থা চলছে, তাতে বড় প্রকল্পে কোনো ব্যাংকের একক বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। সামনে সরকারি বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পে বড় অর্থায়ন প্রয়োজন পড়বে। এ ক্ষেত্রে ব্যাংকগুলো সিন্ডিকেট করে অর্থায়ন করতে পারে। এর ফলে ব্যাংকগুলোর অলস অর্থের ব্যবহার বাড়বে। তবে সিন্ডিকেট ঋণের কোনো নীতিমালা না থাকায় এর অপব্যবহারের আশঙ্কা করেন কেউ কেউ।
বিআইবিএমের সুপার নিউমারি অধ্যাপক হেলাল আহমেদ চৌধুরীর নেতৃত্বে সহকারী অধ্যাপক অতুল চন্দ্র পণ্ডিত, রুহুল আমিন ও প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান এ গবেষণা প্রতিবেদন প্রস্তুত করেছেন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে ব্যাংকগুলো সিন্ডিকেট করে ঋণ দিয়ে যাচ্ছে। এই সময়ে এ ক্ষেত্রে বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ও সিটিব্যাংক এনএ ব্যাংকের আধিপত্য ছিল। ১৯৯৯ সালে প্রাইম ব্যাংক চারটি ব্যাংককে নিয়ে নয় কোটি টাকার সিন্ডিকেট ঋণ দেয়। এরপর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সিন্ডিকেট ঋণ দিয়ে যাচ্ছে। ১৯৯৫ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৩৯৮টি প্রকল্পের জন্য ৭৬ হাজার ৫২৯ কোটি টাকা সিন্ডিকেট ঋণ গঠন করা হয়েছে। তবে ব্যাংক খাতে খেলাপি ঋণ ১০ দশমিক শূন্য ৬ শতাংশ হলেও সিন্ডিকেট ঋণে খেলাপি মাত্র দশমিক ৬৪ শতাংশ।
প্রতিবেদনের তথ্যমতে, তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের ৬৩ প্রকল্পে ২২ হাজার ১৭১ কোটি টাকা, সেবা খাতের ২১ প্রকল্পে ১ হাজার ৮৩২ কোটি টাকা, আবাসন খাতের ১১ প্রকল্পে ৮৭০ কোটি টাকা, টেলিকম খাতের ২৯ প্রকল্পে ১৩ হাজার ৬৮৫ কোটি টাকা, বস্ত্র ও পোশাক খাতের ৮৫ প্রকল্পে ৬ হাজার ৫৫১ কোটি টাকা, সিমেন্ট ও সিরামিক খাতের ২৩ প্রকল্পে ১ হাজার ৯০০ কোটি টাকা, স্টিল ও প্রকৌশল খাতের ৪৯ প্রকল্পে ৯ হাজার ৪৯৬ কোটি টাকা, কৃষি প্রক্রিয়াজাত, ফুড ও বেভারেজ খাতের ২৬ প্রকল্পে ২ হাজার ৩৫৫ কোটি টাকা, ওষুধ ও রাসায়নিক খাতের ১৫ প্রকল্পে ১ হাজার ৩৩০ কোটি টাকা, বিমান ও বিমান সেবা খাতের ১২ প্রকল্পে ৬ হাজার ২২ কোটি টাকার সিন্ডিকেট ঋণ গঠন করা হয়েছে। এ ছাড়া বন্ড, কমার্শিয়াল পেপার কিনতে ২৩ প্রকল্পের জন্য ৪ হাজার ৭৫৪ কোটি টাকার ঋণ গঠন করা হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, বর্তমান সময়ে ব্যাংকগুলোর প্রধান চ্যালেঞ্জ হলো অলস অর্থ ব্যবহার। এই অর্থ সঠিকভাবে ব্যবহার করতে না পারলে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি হবে না। বিনিয়োগের মন্দা পরিস্থিতিতে সিন্ডিকেট ঋণ জিডিপি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
সুর চৌধুরী বলেন, ব্যাংকগুলো খেলাপি ঋণ কমাতে ব্যস্ত সময় পার করছে। তবে সিন্ডিকেট ঋণে খেলাপি অনেক কম। সিন্ডিকেট ঋণই হতে পারে খেলাপি ঋণ কমানোর অন্যতম কৌশল।
কর্মশালায় আলোচনা অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস-উল-ইসলাম বলেন, ‘আমরা সবাই খেলাপি ঋণ নিয়ে উদ্বিগ্ন। তবে খেলাপি কম হওয়ায় সিন্ডিকেট ঋণ নিরাপদ। অগ্রণী ব্যাংক ১৮টি প্রকল্পে প্রায় ২ হাজার কোটি টাকার সিন্ডিকেট ঋণ গঠন করেছে।’
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ বলেন, ‘আমরা অনেক সময় সিন্ডিকেট গঠন হওয়ার আগেই ঋণ দিয়ে থাকি। পরে গিয়ে গ্রাহকেরা ঋণ পরিশোধে সমস্যা সৃষ্টি করে। ব্যাংকগুলোর সব সময় গ্রাহক বুঝে ঋণ দেওয়া উচিত। না হলে সবারই বিপদে পড়ার আশঙ্কা থাকে।’
আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, ‘বাংলাদেশে সিন্ডিকেট ঋণ নিয়ে কোনো নীতিমালা নেই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ নীতিমালা অনুযায়ী ঋণ দিয়ে যাচ্ছে। স্বল্প মেয়াদি ঋণ আমরা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে দিয়ে যাচ্ছি। তবে দীর্ঘমেয়াদি ঋণের জন্য আমাদের বন্ড ও পেনশন বাজার উন্নত করতে হবে।’