
এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৮ দেশের মধ্যে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান একেবারে তলানির দিকে। অর্থনৈতিক পরিস্থিতি, শিক্ষা, উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তিতে অগ্রগতির ওপর নির্ভর করে কোনো দেশের জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে ওঠে। আর এই গাঁথুনিগুলোতেও বাংলাদেশ এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক পিছিয়ে রয়েছে।
এই দেশগুলোর মধ্যে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের চেয়ে পিছিয়ে শুধু কম্বোডিয়া ও মিয়ানমার। শিক্ষায় পাকিস্তান, নেপাল ও কম্বোডিয়ার চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ। উদ্ভাবনে মিয়ানমার ছাড়া সব দেশের চেয়েই বাংলাদেশ পিছিয়ে রয়েছে। ফলে সার্বিকভাবে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ২৭তম। এর নিচে রয়েছে শুধু মিয়ানমার।
তবে অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কিছুটা ভালো, ২৪তম। শুল্ক ও অশুল্ককাঠামো এবং প্রাতিষ্ঠানিক বিধিবিধানের অবস্থা মিলিয়ে এই উপসূচক গঠিত হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তৈরি করা একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এই প্রতিবেদন জমা দেন এডিবির ভাইস প্রেসিডেন্ট বিন্দু এন লোহানি। মোট ২৮ দেশের ওপর গত এপ্রিলে এডিবি প্রতিবেদনটি তৈরি করে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, এডিবির ভাইস প্রেসিডেন্ট বলেছেন, চারটি বিষয়েই বাংলাদেশের অবস্থান নিচের দিকে। তবে তিনি এ-ও বলেছেন, এগুলোতে বাংলাদেশের অগ্রগতি ভালো এবং এডিবি এই খাতগুলোর উন্নয়নে বাংলাদেশের সঙ্গে থাকবে।
অর্থমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্য আয়ের দিকে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এখন দরকার ভালো একটা উত্তরণ। তথ্যপ্রযুক্তি ও শিক্ষায় ভালো করতে পারলে এ উত্তরণ অনেকটাই সহজতর হবে।
এডিবির প্রতিবেদন অনুসারে শিক্ষায় দক্ষিণ কোরিয়া, উদ্ভাবনে সিঙ্গাপুর এবং তথ্যপ্রযুক্তিতে প্রথম অবস্থানে রয়েছে চীন। সার্বিকভাবে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে এশিয়ার শীর্ষে চীন, এরপর হংকং আর তৃতীয় স্থানে জাপানের অবস্থান। এই সূচকে বাংলাদেশের অবস্থান ২৭তম। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গড় মান ৪ দশমিক ৩৯। বাংলাদেশের মান ১ দশমিক ৪৯। বাংলাদেশের চেয়ে পিছিয়ে শুধু মিয়ানমার। শ্রীলঙ্কার ১৮তম, ভারতের ২২তম, পাকিস্তানের ২৩তম এবং নেপালের অবস্থান ২৬তম।
তথ্যপ্রযুক্তি: এই উপসূচকে বাংলাদেশের অবস্থান ২৬তম। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর গড় মান যেখানে ১০-এর মধ্যে ৪ দশমিক ২৮, বাংলাদেশের মান সেখানে ১ দশমিক শূন্য ১। বাংলাদেশের নিচে ২৭তম অবস্থানে থাকা কম্বোডিয়ার মান দশমিক ৭৪। এ উপসূচকে পাকিস্তানের মান ৩ দশমিক ৬, শ্রীলঙ্কার ২ দশমিক ৮, ভারতের ১ দশমিক ৯ এবং নেপালের ১ দশমিক শূন্য ১।
শিক্ষা: এই উপসূচকে বাংলাদেশের অবস্থান ২৫তম। শিক্ষায় এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গড় মান ৪ দশমিক ৬৬ আর বাংলাদেশের মান ১ দশমিক ৭৫। এই উপসূচকে মিয়ানমার, ভারত ও শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে এগিয়ে। বাংলাদেশের পরে রয়েছে নেপাল, কম্বোডিয়া ও পাকিস্তান।
উদ্ভাবন: এই খাতে বাংলাদেশের অবস্থান ২৭তম, আর সূচক ১ দশমিক ৬৯। ২৮তম অবস্থান নিয়ে সবচেয়ে কম সূচক মিয়ানমারের, ১ দশমিক ৩। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গড় সূচক ৪ দশমিক ৫। এই খাতে ভারতের অবস্থান একাদশ এবং সূচক ৪ দশমিক ৫। এরপর শ্রীলঙ্কার সূচক ৩ দশমিক শূন্য ৬, পাকিস্তানের ২ দশমিক ৮৫ এবং নেপালের ২ দশমিক ২৩।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিবেদন না দেখে তিনি কোনো মন্তব্য করবেন না। আর সূচক তৈরিতে অনেক সময় তথ্যগত বিভ্রান্তি থাকে। তবে জামিলুর রেজা চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তিতে অন্তত নেপালের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো হওয়ার কথা।
রাজনৈতিক প্রসঙ্গ: এক প্রশ্নের জবাবে দেশীয় শক্তি ও জনগণের সমর্থনেই সরকার ক্ষমতায় রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, কেউ কারও সহযোগিতায় ক্ষমতায় থাকে না বা থাকা যায় না। এ জন্য জনগণের সমর্থন লাগে। আওয়ামী লীগ জনগণের সমর্থনেই ক্ষমতায় রয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে দেশীয় শক্তিতেই। আপনি যদি শক্তিশালী হন, তখন বিদেশি শক্তি আপনার পাশে থাকবে। আপনি শক্তিশালী না হলে বিদেশিরাও থাকবে না।’
বর্তমান সরকার ভারতের মদদে ক্ষমতায় আছে বলে কেউ কেউ বলে থাকেন—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা বিএনপি বলে। পরনির্ভরশীলতা বিএনপির চরিত্র, আওয়ামী লীগের নয়।’
ভারত তার স্বার্থেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে চলবে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বা সুসম্পর্ক না রাখা ভারতের পক্ষে সম্ভব নয়। কারণ, বাংলাদেশ-ভারতের বিশাল সীমান্ত রয়েছে, রয়েছে মানুষের আনাগোনা।
স্থল যোগাযোগটা বাংলাদেশ-ভারতের মধ্যে অনেক বেশি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশাল বাণিজ্য রয়েছে ভারতের সঙ্গে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ আমদানি হয় এই দেশ থেকে।
বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, সেই কারণে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে ভালো যোগাযোগ থাকাটাও স্বাভাবিক।