জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় অর্থমন্ত্রী
ডিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় অর্থমন্ত্রী

আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে জ্বালানি তেলের দাম কিছুটা সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা জানান। দলটির নেতৃত্ব দেন ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ।
জ্বালানি তেলের বিষয়ে ঢাকা চেম্বার বলেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে এর দাম নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা দরকার। মানসম্মত জ্বালানি তেল আমদানিরও পরামর্শ দেয় তারা।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও আমরা এখনো কমাইনি। তবে বাজেটে কিছুটা সমন্বয় করব।’
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কয়েক বছরের মধ্যে অর্ধেকে নেমে এসেছে। প্রতি ব্যারেল তেলের দাম এক বছর আগেও ছিল ১০০ ডলারের বেশি। তার আগে ১৪০ ডলার পর্যন্ত উঠেছিল। সেই তেলের দাম এখন ৫০-৬৫ ডলার। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন দেশ এরই মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করলেও বাংলাদেশ ব্যতিক্রম।
ঢাকা চেম্বারের সভাপতি লিখিত বক্তব্যে কালোটাকার উৎস বন্ধ করা, করদাতাদের ট্যাক্স কার্ড দেওয়া, করদাতার আওতা বৃদ্ধি, উৎসে কর বাতিল, ১০ হাজার কোটি টাকার আমদানি বিকল্প শিল্প গড়ে তোলা, নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু, ঢাকার আশপাশের নদী ও খাল পুনরুদ্ধার, কর রেয়াত দিতে বয়স্ক নাগরিকদের নির্ধারিত বয়স ৬৫ থেকে কমিয়ে ৬০ করা, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ইত্যাদি প্রস্তাব দেন।
অর্থমন্ত্রী কিছু কিছু বিষয়ে জবাব দেন। তিনি বলেন, ট্যাক্স কার্ড একটি ভালো ধারণা। তবে সময় লাগবে। কিছু প্রশাসনিক কাজ আছে। নারীদের জন্য বাস চালুর বিষয়টিও মেনে নেন মুহিত।
কর রেয়াতের দিক থেকে বয়স্ক নাগরিকদের বয়স ৬০ বছর করার প্রস্তাবটিকে ‘ফানি’ বলে মন্তব্য করেন মুহিত। তিনি বলেন, ‘আমাদের গড় আয়ু বাড়ছে। সুতরাং এটা কমানো চলবে না।’
উৎসে কর বাতিলের প্রস্তাবটিও নাকচ করে দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এটা আমাদের রাজস্ব সংগ্রহের একটি কৌশল। দুঃখিত, এটিও চলবে।’
ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ ১৬ কোটি জনসংখ্যার দেশে ১৮ লাখ মানুষের আয়কর সনদ এবং তাঁদের মধ্যে ১০ লাখ ২৭ হাজার ব্যক্তি শ্রেণির করদাতা রিটার্ন দাখিল করেন বলে জানালে সংশোধনী দিয়ে মুহিত বলেন, ‘না, করদাতা শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) আছেন ১৮ লাখ, রিটার্ন দাখিল করেন ১১ লাখ আর কর দেয় সাত লাখ।’