
অবরোধে পণ্য পরিবহন করতে না পেরে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন বরিশালের তরুণ উদ্যোক্তারা। কাঁচামালনির্ভর এসব উদ্যোক্তা ঝুঁকি নিয়ে পণ্য বিদেশে রপ্তানি করছেন। অন্যদিকে কাঁচামাল আনতে খরচ বেড়েছে দুই থেকে তিন গুণ। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন।
২০১১ সালে বরিশাল বিসিক শিল্পনগরে ফরচুন নামে জুতার কারখানা স্থাপন করেন মিজানুর রহমান। পরের বছর থেকে কারখানায় উৎপাদন শুরু হয়। উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় সেগুলো রপ্তানি হচ্ছে দেশের বাইরে। কিন্তু হরতাল-অবরোধে উৎপাদন ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।
মিজানুর রহমান জানান, তাঁর প্রতিষ্ঠান দিনে আট হাজার জোড়া জুতা তৈরি করা হতো। অবরোধের কারণে বর্তমানে উৎপাদিত হচ্ছে ছয় হাজার জোড়া। উৎপাদিত পণ্য কাভার্ড ভ্যানে করে চট্টগ্রামে শিপমেন্টের জন্য পাঠানো হয়। বর্তমানে ঝুঁকি নিয়ে ২০ হাজার টাকার গাড়িভাড়া ৮০ হাজার টাকা দিয়ে পাঠাতে হচ্ছে। পথের সমস্যার কারণে সময় বেশি লাগছে।
মিজানুর রহমান বলেন, প্রতিদিন ১৬ হাজার ডলার ক্ষতি হচ্ছে। বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ টাকা। কয়েক দিন আগে একটি কাভার্ড ভ্যানে পেট্রলবোমা নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। শ্রমিক পরিবহনের জন্য একটি ভাড়া বাস জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এখন আর মালিকেরা কোনো বাস ভাড়া দিতে রাজি হচ্ছেন না। ফলে বাইরের আমদানিকারকদের সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
নগরের রূপাতলী এলাকায় কার্টন কারখানা নোভা প্যাকেজিংয়ের মালিক আজমল হোসেন বলেন, প্যাকেজিংয়ের মূল কাঁচামাল আনতে হয় চট্টগ্রাম থেকে। স্বাভাবিক সময় এক ট্রাক কাগজ আনতে খরচ হতো ১২ হাজার টাকা। এখন ২০ হাজার টাকা দিয়েও ট্রাক ভাড়া পাওয়া যাচ্ছে না। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এদিকে উৎপাদিত পণ্যের দাম বাড়েনি। অথচ শ্রমিকদের মজুরি দিয়ে উৎপাদন টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না।
একইভাবে অবরোধের হুমকির মুখে পড়েছে চন্দ্রিমা ফ্যাশনের মালিক মাকসুদা বেগমের ব্যবসা। তিনি বলেন, ‘আমি গার্মেন্টস পণ্যের ব্যবসা করি। নিজে পণ্য উৎপাদনও করি। কিন্তু ঢাকা থেকে কাপড় আনা ও উৎপাদিত পণ্য পাঠাতে ভয় পাচ্ছি। এখন প্রায় বেকার হওয়ার অবস্থা হয়েছে। শ্রমিক রেখে কাজ করা খুবই কঠিন হয়ে পড়েছে।’
আরও পড়ুন