টাকা খরচই যেন প্রকল্পের অগ্রগতি!

দেশে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন এখনো গতানুগতিকই রয়ে গেছে, কোনো গুণগত পরিবর্তন আসেনি। সাধারণত বছরের প্রথম ছয় মাসে এডিপির চার ভাগের এক ভাগও বাস্তবায়ন হয় না। ৯-১০ মাসে গিয়ে অর্ধেকের মতো হয়ে থাকে। এডিপির আকার কমানোর পর বছরের শেষ দুই মাসে অর্থ খরচের মহোৎসব শুরু হয়।
বছরের পর বছর এভাবেই চলছে এডিপি বাস্তবায়ন। এবারও এর ব্যতিক্রম হয়নি। বরং শতকরা হিসাবে খরচের পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) সংশোধিত এডিপির মাত্র অর্ধেক বাস্তবায়ন হয়েছে, যা বিগত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।
আইএমইডি সূত্রমতে, আলোচ্য জুলাই-এপ্রিল সময়ে খরচ হয়েছে ৪৭ হাজার ১১৪ কোটি টাকা। গত বছর একই সময়ে এ পরিমাণ ছিল ৪৩ হাজার ৩৩৩ কোটি টাকা বা বরাদ্দের ৫৬ শতাংশ। এর আগের দুই অর্থবছরে ৫৪ শতাংশ করে বাস্তবায়ন হয়েছিল। ২০১১-১২ ও ২০১০-১১ অর্থবছরে যথাক্রমে ৫৫ ও ৫৮ শতাংশ বাস্তবায়ন হয়েছিল।
চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতায় রয়েছে ৯৭ হাজার কোটি টাকা, যা মূল এডিপি হিসেবে পরিচিত। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ের ৩ হাজার ৯৯৭ কোটি টাকা মিলিয়ে মোট এডিপির আকার দাঁড়ায় ১ লাখ ৯৯৭ কোটি টাকা। কিন্তু বাস্তবায়নে অত্যন্ত ধীরগতির কারণে গত এপ্রিল মাসে এডিপির আকার কমিয়ে অর্থাৎ সংশোধন করে ৯৩ হাজার ৮৯৫ কোটি টাকায় নামিয়ে আনা হয়।
এমন অবস্থায় আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার বিশাল এডিপি দিয়েছেন অর্থমন্ত্রী। বর্তমান সরকার পদ্মা সেতুর পাশাপাশি রূপপুর বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল, মেট্রোরেল নির্মাণের মতো বড় প্রকল্পের কাজ শুরু করেছে। আগামী বাজেটে এসব প্রকল্পেও বড় বরাদ্দ রয়েছে।
প্রকল্পে কত টাকা ছাড় করা হলো, সেটাকেই বাস্তবায়ন হিসেবে ধরে নেয় আইএমইডি। কিন্তু প্রকল্পটি গুণগত মান ধরে রেখে বাস্তবায়ন হচ্ছে কি না, সেটা নিয়মিতভাবে পর্যবেক্ষণে রাখা হয় না। অবশ্য মাঝে মাঝে কিছু প্রকল্পে মধ্যমেয়াদি পরিদর্শন করা হয়। সব প্রকল্প গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন হচ্ছে কি না, তার নজরদারি প্রতিষ্ঠান হিসেবে আইএমইডির পক্ষে তদারক করা সম্ভব হয় না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
আইএমইডির হালনাগাদ তথ্যে জানা গেছে, বর্তমান অর্থবছরের জুলাই-এপ্রিল ১০ মাসে সরকারের নিজস্ব তহবিল বা অভ্যন্তরীণ উৎসের ২৯ হাজার ৯৮১ কোটি টাকা টাকা খরচ হয়েছে। এ ছাড়া বিদেশি সহায়তার ১৫ হাজার ১৮২ কোটি টাকা খরচ করেছে মন্ত্রণালয়গুলো। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৯৫২ কোটি টাকা খরচ হয়েছে।
আলোচ্য সময়ে মোট ১০টি মন্ত্রণালয় ও বিভাগ বাজেট বরাদ্দের মাত্র ২৫ শতাংশের কম অর্থ খরচ করেছে। এগুলো হলো দুর্নীতি দমন কমিশন (দুদক), আইন ও সংসদবিষয়ক বিভাগ, শিল্প মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় (থোক বরাদ্দসহ), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং সংসদবিষয়ক সচিবালয়।