টাকা দিলেই হবে না, খরচও করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌহিদ মোহাম্মদ

স্বাস্থ্য খাতের বাজেট অবশ্যই অনেক বাড়াতে হবে। তবে টাকা বাড়ালেই হবে না, যাঁরা স্বাস্থ্য খাতে কাজ করছেন, যাঁরা প্রশাসনে কাজ করেন, তাঁদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সরকার শুধু টাকা দিয়ে যাবে, আমরা খরচ করতে পারব না, সেটা হবে না। স্বাস্থ্য খাতের উন্নতির জন্য কীভাবে টাকা খরচ করতে পারি, সেদিকে মনোযোগী হতে হবে।

করোনাকালে আমরা একটা শিক্ষা পেয়েছি। করোনার আগে ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তিরা চিকিৎসাসেবা নিতে দেশের বাইরে যেতেন। অবশ্য এটা তাঁদের অধিকার।

করোনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকায় ধনাঢ্য ব্যক্তিরা দেশেই চিকিৎসা নিচ্ছেন। দেশের চিকিৎসকদের সক্ষমতার প্রমাণ হয়েছে। তবে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। স্বাস্থ্য খাতকে আরও ঢেলে সাজাতে হবে। দেশের সব হাসপাতাল এমনভাবে সাজাতে হবে, যাতে বিত্তশালীরা স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নিতে পারেন।

বাংলাদেশে করোনা সংক্রমণের শুরুর দিকে আমরা প্রস্তুত ছিলাম না। আমাদের অনেক চিকিৎসক মারা গেছেন। অনেকে আক্রান্ত হয়েছেন। আমরা জানতাম না কীভাবে নিজেদের সুরক্ষিত রাখব। একটা পর্যায়ে রোগ সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। এই কোভিড কত দিন থাকবে, কেউ বলতে পারছি না। আমাদের প্রস্তুতি আরও বাড়াতে হবে। সে জন্য বাজেটে বরাদ্দ বাড়াতে হবে।