ডলারের বিপরীতে পৃথিবীর উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রার মান যখন কমেছে, তখন বাংলাদেশি মুদ্রা টাকার মান বেড়েছে। এ বিষয়টি তুলে ধরে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান সিটিব্যাংক এনএ বলেছে, প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা ও প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রাখতে টাকার মানে সঠিক ভারসাম্য দরকার। এ জন্য প্রয়োজন কার্যকর বিনিময় হার ব্যবস্থাপনা।
২০১৬ সাল নিয়ে সিটিব্যাংকের বার্ষিক বাজার পরিস্থিতি বা অ্যানুয়াল মার্কেট আপডেটে এ কথা বলা হয়েছে। এতে বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ তুলে ধরেছে তারা। পাশাপাশি বিভিন্ন দেশে সুদের হার, মুদ্রার মান, পণ্যবাজার ও পুঁজিবাজার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
এতে টাকার মান নিয়ে বলা হয়, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বছরজুড়ে মোটামুটি স্থিতিশীল ছিল। বছরের শুরুতে ১ ডলারের বিপরীতে পাওয়া যেত ৭৮ টাকা ৫০ পয়সা, যা ফেব্রুয়ারি মাসে সামান্য বেড়ে ৭৮ টাকা ৫৫ পয়সায় উন্নীত হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত টাকার বিনিময় হারের বিশেষ কোনো ওঠানামা ছিল না।
আগের দুই বছরের মতো গত বছরও শেষ দিকে ডলারের চাহিদা বেড়ে যায় উল্লেখ করে সিটিব্যাংক বলেছে, এ সময় বড় অবকাঠামোর অর্থ পরিশোধ ও করপোরেট প্রতিষ্ঠানের মুনাফা দেশে নেওয়ার চাপ ছিল। এতে নভেম্বরে ডলারের দাম বেড়ে ৭৮ টাকা ৭৫ পয়সায় উন্নীত হয়। অবশ্য তা ডিসেম্বরে কিছুটা কমে ৭৮ টাকা ৭০ পয়সায় নামে।
তবে মোটা দাগে সাম্প্রতিক বছরগুলোতে ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে বলে উল্লেখ করেছে সিটিব্যাংক। তাদের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে বিশ্বের প্রধান প্রধান মুদ্রা ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রার মান কমেছে। ডলারের বিপরীতে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ডের মান কমেছে প্রায় ১৬ শতাংশ। ইউরোর মান সারা বছর অস্থির ছিল। এ সময় শুধু জাপানি ইয়েন ডলারের বিপরীতে শক্তিশালী ছিল।
সিটিব্যাংক মনে করে, প্রবাসী আয় বৈধ পথে পাঠানো উৎসাহিত করতে অনুকূল বিনিময় হার দরকার। প্রতিষ্ঠানটি বলেছে, ২০১৬ সালে বাংলাদেশের জনশক্তি রপ্তানি প্রায় ৩৬ শতাংশ বেড়েছে। তারপরও প্রবাসী আয় কমছে। জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নির্মাণকাজ কমছে, পাশাপাশি বিভিন্ন দেশ ব্যয় সংকোচন করছে। প্রবাসী আয় বৈধ পথে আনতে সরকারের দ্রুত পদক্ষেপ দরকার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, প্রবাসী আয় কমে যাওয়া বৈদেশিক মুদ্রার মজুত ও উন্নয়ন প্রকল্পে অর্থায়নের ওপর প্রভাব ফেলতে পারে।
আমদানির প্রবৃদ্ধি রপ্তানি আয়ের গতিকে ছাড়িয়ে যাওয়ায় বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে বলে উল্লেখ করা হয় সিটিব্যাংকের পর্যালোচনায়। এতে বলা হয়, গত জুলাই-নভেম্বর সময়ে বাণিজ্য ঘাটতি ৩৮৮ কোটি ডলারে উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৮৬ শতাংশ বেশি।
বিভিন্ন দেশের মুদ্রার অবমূল্যায়ন, টাকার মান ধরে রাখা, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া, বাণিজ্য উদারীকরণের বদলে সুরক্ষার প্রবণতা, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ে উত্তরণ—এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নীতিনির্ধারকদের সক্রিয় হওয়া, সতর্ক থাকা ও অনুকূল বাণিজ্য চুক্তির পরামর্শ দেওয়া হয় প্রতিবেদনে।
এতে বিগত অর্থবছরে বাংলাদেশের ৭ দশমিক ১১ শতাংশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিকে চিত্তাকর্ষক হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগের হার ২৩ শতাংশে উন্নীত হওয়া ইতিবাচক লক্ষণ। মূল্যস্ফীতি চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে উল্লেখ করে এতে আরও বলা হয়, অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জ্বালানি তেলের দাম কমানো হলে তা মূল্যস্ফীতি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে গ্যাসের দাম বৃদ্ধি করা হলে জ্বালানি তেলের দাম কমানোর সুফল ততটা না-ও মিলতে পারে।