সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দেশি ও বিদেশি উভয় ধরনের অর্থায়নের ওপর জোর দিতে হবে।
রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে এশীয় দেশগুলোর অংশীদারত্ব’ শীর্ষক দুই দিনব্যাপী বিশেষজ্ঞ দলের সভার শেষ দিনে গতকাল রোববার বক্তারা এ তাগিদ দেন। তাঁদের মতে, শুধু বিদেশি সহায়তা নয়, অভ্যন্তরীণ উৎস থেকেও অর্থের জোগান বাড়াতে হবে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ সভার আয়োজন করে।
সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এসডিজিতে স্বচ্ছতা, নজরদারি ও নাগরিকদের অংশগ্রহণ অনেক বাড়াতে হবে, যা এমডিজিতে তুলনামূলকভাবে কম ছিল। এসডিজিতে অর্থায়নই বড় সমস্যা। এ জন্য শুধু দাতাগোষ্ঠী বা সংগঠনের ওপর নির্ভরশীল হলে হবে না। বিভিন্ন ধরনের আর্থিক উৎসের মিশ্রণ ঘটাতে হবে। স্থানীয় ও বিশ্ব সম্প্রদায় একসঙ্গে কাজ করলে এসডিজির লক্ষ্যমাত্রাগুলো অর্জন করা সম্ভব হবে। এসডিজি অর্জনে উন্নত দেশের শ্রমবাজার উন্মুক্ত করার সুপারিশও করেন তিনি।
জাতিসংঘের মিলেনিয়াম ক্যাম্পেইনের উপপরিচালক সেরিং ফালু জিয়ে বলেন, এসডিজি অর্জনে অংশীদারত্ব খুবই জরুরি। এ লক্ষ্যে সমৃদ্ধ তথ্যভান্ডার তৈরি করতে হবে। এর ভিত্তিতে উন্নত ও অনুন্নত দেশগুলো স্ব স্ব দাবি উত্থাপন করতে পারবে।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আসছে জুলাই মাসে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় এসডিজি নিয়ে যে সম্মেলন হবে, সেখানে বাংলাদেশের দাবিগুলো ভালোভাবে উপস্থাপন করতে হবে। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে দেশের অভ্যন্তরীণ সম্পদ গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখতে পারে, যেটাকে এমডিজিতে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। এ জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও প্রবাসী-আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মত দেন। সভায় বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নেন।
উল্লেখ্য, ২০১৫ সাল-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের জোগানবিষয়ক একটি বিশ্ব সম্মেলন আগামী ১৩-১৫ জুলাই ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দাবি উপস্থাপনের জন্য প্রস্তুতিপর্ব হিসেবে ঢাকায় এ সভার আয়োজন করা হয়। সভাটির সহ-আয়োজক এন্ডপোভার্টি ২০১৫ ও সাউদার্ন ভয়েস।