টেকসই জ্বালানি উন্নয়নে কম সুদের ঋণ দাবি
টেকসই জ্বালানি উন্নয়নে কম সুদের ঋণ দাবি করেছে এ খাতের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো। তারা বলেছে, টেকসই উন্নয়ন করতে টেকসই জ্বালানি নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজন চাহিদা অনুযায়ী কম সুদের দীর্ঘমেয়াদি ঋণ। পাশাপাশি ভূমিস্বল্পতা দূর করতে হবে ও সরকারি নীতিসহায়তাও লাগবে।
জ্বালানি খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব ব্যাংকিং শীর্ষক গোলটেবিল আলোচনায় এ মতামত তুলে ধরেন তাঁরা। সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (স্রেডা), জিআইজেড-ঢাকা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও দ্য ডেইলি স্টার যৌথভাবে এ গোলটেবিলের আয়োজন করে। ডেইলি স্টার সেন্টারের আজিমুর রহমান সম্মেলনকক্ষে গতকাল এ গোলটেবিল আলোচনা হয়।
গোলটেবিলের সঞ্চালক ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ‘ব্যাংকগুলোকে টেকসই জ্বালানি উন্নয়নে ঋণ দিতে বলা হয়েছে। এ জন্য ২০ কোটি ডলারের বিশেষ ঋণ প্রকল্পও রয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। তবে চাইলেই আমরা ব্যাংকগুলোকে সুদের হার কমাতে বলতে পারি না। মুক্তবাজার অর্থনীতিতে এ সুযোগ নেই।’
বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, টেকসই অর্থায়ন ছাড়া টেকসই উন্নয়ন হবে না। টেকসই উন্নয়ন করতে জ্বালানি খাতও টেকসই হওয়া প্রয়োজন।
স্রেডার যুগ্ম সচিব সিদ্দিক জোবায়ের বলেন, পরিবেশ খাতে যেসব অর্থায়ন আছে তা যথাযথ ব্যবহার হচ্ছে না। এ জন্য যথাযথ প্রকল্পও নেই। জ্বালানি খাতে টেকসই প্রকল্পও সেভাবে হচ্ছে না। এ জন্য এ খাতে ঋণের সুদের হার কমাতে হবে।
প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার বলেন, ‘আমরা যেভাবে জ্বালানি আমদানি বাড়াচ্ছি, তা বিপজ্জনক। এটা মোকাবিলা করতে হলে দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়াতে হবে। জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য উৎপাদন বাড়াতে হবে। কিন্তু এ খাতের উদ্যোক্তারা যথাযথ ঋণ পাচ্ছে না।’
এর জবাবে সুর চৌধুরী বলেন, এ খাতে কী পরিমাণ ঋণ যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক তা নিয়মিত ভিত্তিতে তদারকি করছে। তবে ১৬ কোটি মানুষের চাহিদার তুলনায় ঋণ হয়তো পর্যাপ্ত নয়। ব্যাংক তো এসব ঋণে অভ্যস্ত না। তাদের বুঝিয়ে এ খাতে ঋণ দিতে বলা হচ্ছে। যে ব্যাংক এ খাতে ঋণ দিচ্ছে না তাদের ক্যামেলস রেটিংয়ে এর প্রভাব পড়ছে। তবে তাদের পুরোনো অভ্যাস থেকে বের হতে কিছুটা সময় লাগবে।
জার্মান দূতাবাসের উন্নয়ন–সহযোগী বিভাগের প্রধান একহার্ড হেইন বলেন, ‘আমরা টেকসই জ্বালানি উন্নয়নে আরও কাজ করতে চাই।’
ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম বলেন, টেকসই জ্বালানি উন্নয়নে সরকার কী নীতিতে চলছে, এটা গুরুত্বপূর্ণ। এত মানুষের দেশে জ্বালানির উৎস কী হবে, এটা ঠিক করতে হবে।
গোলটেবিলে আয়োজক প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষক, গবেষক, উন্নয়ন সংস্থা ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা মতামত তুলে ধরেন।