টেলিযোগাযোগ উন্নয়নে এখনই ভবিষ্যৎমুখী পরিকল্পনা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ

দেশের টেলিযোগাযোগ খাতকে এগিয়ে নিতে ভবিষ্যৎমুখী পরিকল্পনা জরুরি বলে মনে করেন গ্রামীণফোনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ। গতকাল বৃহস্পতিবার গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউসে প্রথম আলোসহ কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
বিবেক সুদ বলেন, পাঁচ কোটির মাইলফলক অর্জন গ্রামীণফোনের জন্য অনেক বড় একটি বিষয়। বিশ্বের খুব কম মোবাইল কোম্পানির এত বিশাল গ্রাহক ভিত্তি রয়েছে। এর মধ্য দিয়ে গ্রাহকদের জন্য আরও অনেক ধরনের সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক দিক থেকে দায়িত্বশীলতার বিষয়টিও জোরালো হয়েছে।
সুদ বলেন, গ্রাহকদের আরও মানসম্পন্ন সেবা দিতে নেটওয়ার্কে গ্রামীণফোনের বিনিয়োগ অব্যাহত থাকবে। পাঁচ কোটি মোবাইল গ্রাহকের মাইলফলক অর্জনের পর পাঁচ কোটি ইন্টারনেট গ্রাহক অর্জনের লক্ষ্যের কথা আবারও তুলে ধরেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী।
বর্তমানে গ্রামীণফোনের এক কোটি নয় লাখ সক্রিয় ইন্টারনেট গ্রাহক রয়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, থ্রিজি চালু হওয়ার পর ইন্টারনেট গ্রাহক উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির থ্রিজি গ্রাহকসংখ্যা প্রায় ৫৭ লাখ।
ক্রমবর্ধমান থ্রিজি গ্রাহক এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে গ্রামীণফোন থ্রিজি নেটওয়ার্ক ও কাঠামোয় বেশি মনোযোগ দিচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্ক নিয়ে টেলিনরের স্বতন্ত্র একটি জরিপের কথা উল্লেখ করে বিবেক সুদ বলেন, বর্তমানে গ্রামীণফোনের নেটওয়ার্ক সবার সেরা।
মোবাইল ইন্টারনেটে গ্রাহকেরা এখন ফেসবুক, ইউটিউব, ভাইবার এবং হোয়াটস অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে তথ্যপ্রযুক্তি বিস্তারের প্রধান লক্ষ্য থেকে গ্রাহকেরা কতটা দূরে জানতে চাইলে বিবেক সুদ বলেন, শিক্ষাসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে অ্যাপসের অভাবে এসবের ব্যবহার অনেকটাই কম। এ জন্য গ্রামীণফোন অ্যাপস তৈরির বিষয়ে নজর দিচ্ছে বলে জানান তিনি।
সামর্থ্যের মধ্যে উপযোগী স্মার্টফোনের অভাবও ইন্টারনেট বিস্তৃতির ক্ষেত্রে বাধা বলে মনে করেন তিনি। তবে গত এক বছরে স্মার্টফোনের প্রবৃদ্ধি অনেক বেড়েছে। সামনের দিনগুলোতে সামর্থ্যের মধ্যে স্মার্টফোন সবার হাতের নাগালে আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে মজিলা ও সিম্ফনির সঙ্গে গ্রামীণফোনের যৌথ উদ্যোগে ফায়ারফক্স ফোন চালুর কথা তুলে ধরেন বিবেক সুদ।
৷দেশে থ্রিজির বাজার বিস্তারের এখনো যথেষ্ট সুযোগ রয়ে যাওয়ায় ফোরজি নিয়ে ভাবনার অবকাশ রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা করেন বিবেক সুদ।
পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতসহ টেলিযোগাযোগ খাতকে এগিয়ে নিতে ভবিষ্যৎমুখী পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেন বিবেক সুদ। আইন, বিধি ও নীতিগত ক্ষেত্রে ভবিষ্যতের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন দেশের শীর্ষ মোবাইল কোম্পানিটির প্রধান নির্বাহী।

আলাপচারিতায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী বিবেক সুদ