বাজেটকে সামনে রেখে ২১ সুপারিশ, ১০টি বাস্তবায়িত
ট্যারিফ কমিশনেরও অর্ধেক সুপারিশ বাস্তবায়িত হয়নি
সদ্য ঘোষিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) মতো সরকারি বিধিবদ্ধ সংস্থা বাংলাদেশ ট্যারিফ কমিশনেরও (বিটিসি) অধিকাংশ সুপারিশ বাস্তবায়ন করেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাজেটকে সামনে রেখে সংস্থাটি ২১টি সুপারিশ দিয়েছিল। তবে বাজেট ঘোষণার পর সংস্থাটি বলছে, তাদের সুপারিশের মাত্র ১০টি বাস্তবায়ন করা হয়েছে।
যেসব সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে, তার বেশির ভাগই প্রভাবশালী ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট। তাঁরা ট্যারিফ কমিশনে আবেদনের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে তাঁদের দাবি আদায়ের চেষ্টা করেছেন। এ কারণে তাঁদের দাবিগুলোকে বাস্তবায়ন করা হয়। এর মধ্যে রয়েছে দেশের ইস্পাত খাতের বিভিন্ন উপকরণের শুল্কহার বৃদ্ধি ও কমানো, মোটরসাইকেলের মূল্য সংযোজন কর অব্যাহতির সুবিধা উঠিয়ে নেওয়া ইত্যাদি।
সরকারি বিধিবদ্ধ সংস্থা হিসেবে ট্যারিফ কমিশন দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষার জন্য কাজ করে। প্রতিবছর বাজেটের আগে বিভিন্ন শিল্প খাতের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বার্থসংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা, গণশুনানি ও প্রভাব বিশ্লেষণ শেষে ট্যারিফ কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়। কিন্তু গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, প্রতিবছরই ট্যারিফ কমিশনের সুপারিশের বেশির ভাগই বাস্তবায়ন করা হয় না। এ নিয়ে ট্যারিফ কমিশন বিভিন্ন সময় উষ্মা প্রকাশ করলেও তাতে অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
এবারের বাজেটের আগে দেওয়া সুপারিশ সম্পর্কে জানতে চাইলে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ প্রথম আলোকে বলেন, ‘বাজেট এখনো পাস হয়নি। আলোচনা চলছে। আমরা আশা করি, বাজেট পাসের আগে আমাদের বাকি সুপারিশগুলো বিবেচনা করা হবে।’
এদিকে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই গত শনিবার সংবাদ সম্মেলন করে বলেছে, তাদের ৪৪৭টি সুপারিশের মধ্যে মাত্র ১২ শতাংশ বাস্তবায়ন করেছে এনবিআর। তাই ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
বাংলাদেশ ট্যারিফ কমিশন পাকিস্তান ট্যারিফ কমিশনের উত্তরবর্তী একটি সংস্থা। ১৯৯২ সালে ট্যারিফ কমিশন আইন করে বিধিবদ্ধ সংস্থা হিসেবে এটি পুনর্গঠন করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পৃথিবীর বিভিন্ন দেশে পণ্যের শুল্কহার কী হবে, তা ঠিক করে ট্যারিফ কমিশন বা অনুরূপ কোনো সংস্থা। রাজস্ব বোর্ডের কাজ হলো সে অনুযায়ী রাজস্ব আদায় করা। কিন্তু বাংলাদেশে এনবিআরই শুল্কহার ঠিক করে এবং আদায় করে। এমনকি ট্যারিফ কমিশনের সুপারিশ গ্রহণের কোনো আইনি বাধ্যবাধকতাও এনবিআরের নেই।
কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত সাত বছরে সংস্থাটি ১৫৮টি সুপারিশ করেছে। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৮৭টি। চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাজেট ঘোষণার আগে ট্যারিফ কমিশন ১৮টি সুপারিশ করেছিল। এর মধ্যে ৯টি বাস্তবায়িত হয়েছে।
গত কয়েক বছরে বাস্তবায়িত সুপারিশগুলো পর্যালোচনা করে দেখা গেছে, এসব সুপারিশের বেশ কিছু ছিল শুল্কহার অপরিবর্তিত রাখা। ফলে সেসব সুপারিশ বিবেচনার জন্য এনবিআরকে তাদের দিক থেকে কোনো পরিবর্তন আনতে হয়নি। ফলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়ে গেছে।
ট্যারিফ কমিশনের সুপারিশ কেন বিবেচনায় নেওয়া হয় না, এ বিষয়ে জানতে গত বছর কমিশনের তৎকালীন চেয়ারম্যান মো. আজিজুর রহমান বাণিজ্যসচিবকে একটি আন্তমন্ত্রণালয় সভা ও এনবিআরের সঙ্গে সংলাপ আয়োজনের অনুরোধ জানিয়ে চিঠি দেন। অবশ্য এখন পর্যন্ত সে ধরনের কোনো সভা বা সংলাপ হয়নি।
জানতে চাইলে কমিশনের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পৃথিবীর সব দেশে ট্যারিফ কমিশনের সুপারিশ বাস্তবায়ন বাধ্যতামূলক। কিন্তু বাংলাদেশে কমিশনকে একটি সুপারিশ প্রদানকারী সংস্থা বানিয়ে রাখা হয়েছে।’