ডিজিটাল জ্ঞানের অভাব বাংলাদেশে বড় বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ডিজিটাল জ্ঞানের অভাব বাংলাদেশে মুঠোফোনভিত্তিক ইন্টারনেট ব্যবহারে প্রবৃদ্ধির অন্যতম বাধা। এর ফলে দেশটির প্রান্তিক পর্যায়ের মানুষ ইন্টারনেট ব্যবহারের সুফল পাচ্ছেন না। একই সঙ্গে নিজস্ব ভাষায় ব্যবহার-উপযোগী বিষয়ের স্বল্পতা ও সচেতনতার অভাবেও বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারছে না।
এমন মতামতই উঠে এসেছে মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন গ্রুপ স্পেশাল মোবাইল অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) ‘দ্য মোবাইল ইকোনমি ২০১৬’ শীর্ষক এক প্রতিবেদনে। সারা বিশ্বে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা, বিশ্ব অর্থনীতিতে মুঠোফোন খাতের অবদান, স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহারের বর্তমান ও ভবিষ্যৎ চিত্রসহ এ খাতের নানা বিষয় প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
মুঠোফোন ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও প্রশান্ত মহাসাগরের নিকটবর্তী দেশগুলোতে এ বিষয়ে ‘ডিজিটাল লিটারেসি’ বা ডিজিটাল জ্ঞানের প্রচণ্ড অভাব রয়েছে। ইন্টারনেট ব্যবহারে ন্যূনতম জ্ঞানের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা মুঠোফোন ইন্টারনেট ব্যবহারে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও নারী জনগোষ্ঠীর ইন্টারনেট ব্যবহার না করার সবচেয়ে বড় কারণ, ডিজিটাল জ্ঞানের অভাব।
পর্যাপ্ত পরিমাণে স্থানীয় ভাষায় তৈরি বিষয়বস্তু (কনটেন্ট) না থাকা বাংলাদেশের মতো দেশে ইন্টারনেট ব্যবহার প্রবৃদ্ধিতে আরেকটি বড় বাধা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক অংশ মান্দারিন, হিন্দি ও বাংলা—এই তিনটি ভাষায় কথা বললেও এসব ভাষায় তৈরি ইন্টারনেট কনটেন্টের সংখ্যা খুব কম। মোবাইল ফোন অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ এ খাতের সঙ্গে যুক্ত পক্ষগুলো এ সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নিলেও তা এখনো প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মনে করে জিএসএমএ। স্থানীয় ভাষায় তৈরির পাশাপাশি ওই সব কনটেন্ট যাতে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে ব্যবহার করা যায়, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিবেদনে।
জানতে চাইলে মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ব্যবহার বাড়াতে ইন্টারনেটকে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছানো যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে ওই ইন্টারনেট একজন কেন ব্যবহার করবেন তার কারণও থাকতে হবে। ইন্টারনেটে স্থানীয় ভাষার কনটেন্ট বৃদ্ধিতে নিজস্ব উদ্যোগের পাশাপাশি যাঁরা এসব নিয়ে কাজ করছেন, তাঁদের আমরা নানাভাবে সহযোগিতা করছি।’
দুর্যোগের ঝুঁকি মোকাবিলা ও ব্যবস্থাপনায় মুঠোফোন প্রযুক্তি বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশের জন্য কার্যকর হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুর্যোগের আগে জনগণকে সতর্ক করা এবং পরবর্তী সময়ে জরুরি ত্রাণ পৌঁছানোয় মুঠোফোন প্রযুক্তির কার্যকারিতার বেশ কয়েকটি বাস্তব উদাহরণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
মুঠোফোনের বিশ্ব অর্থনীতি: জিএসএমএর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল পর্যন্ত বর্তমানে সারা বিশ্বে একক বা স্বতন্ত্র মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ৪৭০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ৬৪ শতাংশ। আর বাংলাদেশে এমন মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা এখন ৭ কোটি, ২০১৪ সালে যা ছিল ৬ কোটি ৭০ লাখ।
বিশ্বের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে মুঠোফোন অর্থনীতির অবদান বর্তমানে ৩ দশমিক ১ ট্রিলিয়ন বা ৩ লাখ ১০ হাজার কোটি ডলার, যা ২০২০ সালে হবে ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। শতাংশের হিসাবে বিশ্ব জিডিপিতে বর্তমানে মুঠোফোন অর্থনীতির অবদান ৪ দশমিক ২ শতাংশ। বাংলাদেশের জিডিপিতে বর্তমানে মুঠোফোনের অবদান ৪ শতাংশ, ২০২০ সালে ৬ শতাংশ হবে বলে মনে করে জিএসএমএ। বর্তমানে বিশ্বে স্মার্টফোন আছে ২৬০ কোটি, যা ২০২০ সালে ৫৮০ কোটিতে পৌঁছাবে। সারা বিশ্বে বর্তমানে ১৯০ কোটি লোক মুঠোফোনভিত্তিক আর্থিক সেবা পাচ্ছে।

বর্তমানে বিশ্বে মুঠোফোন ব্যবহার করেন মোট জনসংখার ৬৪%
বাংলাদেশে মুঠোফোন ব্যবহার করেন মোট জনসংখ্যার ৪৪%
একক মুঠোফোন ব্যবহারকারী
বিশ্বে: ৪৭০ কোটি
বাংলাদেশে: ৭ কোটি
বিশ্বে মুঠোফোন অপারেটরদের সম্মিলিত আয় ১.১ ট্রিলিয়ন
স্মার্টফোনের সংখ্যা ২৬০ কোটি
জিডিপিতে অবদান
বিশ্ব: ৪.২%
বাংলাদেশ: ৪%
মুঠোফোন ও টেলিযোগাযোগ খাতের প্রত্যক্ষ কর্মসংস্থান
১.৭০ কোটি (বিশ্বে)
সরকারের আয়
বিশ্বে: ৪৩০ বিলিয়ন ডলার
বাংলাদেশে: ১২,০০০ কোটি টাকা
সূত্র: জিএসএমএ