ডিজিটাল মাধ্যমে লেনদেন হচ্ছে ১২ শতাংশ অর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এখন বছরে গড়ে ৩৬৭ বিলিয়ন বা ৩৬ হাজার ৭০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ লেনদেন হয়। এর মধ্যে মুঠোফোনভিত্তিক আর্থিক সেবা (এমএফএস), অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল মাধ্যমে লেনদেন হয় ৪৪ বিলিয়ন বা ৪ হাজার ৪০০ কোটি ডলার। এ হিসাবে এখন যত আর্থিক লেনদেন হচ্ছে তার মাত্র ১২ শতাংশ হচ্ছে ডিজিটাল মাধ্যমে। আর বাকি ৮৮ শতাংশ লেনদেন হচ্ছে নগদ অর্থে।

এমন তথ্য উঠে এসেছে ‘ডিজিটাল বাংলাদেশ গঠন: আর্থিক লেনদেনে ডিজিটাইজেশন বৃদ্ধির উপায়’ শীর্ষক এক গবেষণায়। ২০১৬ সালের জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এবং জাতিসংঘের বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স যৌথভাবে এ গবেষণা করেছে। ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনে বাংলাদেশের অগ্রগতি, সমস্যা, সম্ভাবনা ও সামনে এগোনোর উপায়ের মতো বিষয়গুলো গবেষণায় উঠে এসেছে।

গবেষণায় বলা হয়েছে, এমএফএসে লেনদেন বাড়লেও দেশে এখনো সিংহভাগ লেনদেন নগদ অর্থে হচ্ছে। এর প্রধান কারণ তিনটি। এগুলো হলো ডিজিটাল লেনদেনে জাতীয় পরিচয় তথ্যভান্ডারের (এনআইডি) পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে না পারা, এমএফএস বাজারে গুটিকয়েক প্রতিষ্ঠানের আধিপত্য এবং একটি প্রতিষ্ঠানের হিসাব থেকে অন্য প্রতিষ্ঠানের হিসাবে টাকা পাঠানোর সুযোগ না থাকা (যেমন-বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর সুযোগ না থাকা)।

এনআইডির বিষয়ে গবেষণায় বলা হয়েছে, এ তথ্যভান্ডারে এখন ৯ কোটি ৬০ লাখ মানুষের তথ্য রয়েছে। কিন্তু সরকার থেকে ব্যক্তি (জিটুপি), ব্যবসায় থেকে ব্যক্তি (বিটুপি) লেনদেনের ক্ষেত্রে এনআইডির এ তথ্যভান্ডার এখন ব্যবহার হচ্ছে না। ডিজিটাল পরিচয়পত্র বা স্মার্ট আইডি কার্ড সব নাগরিককে দেওয়া হলে এনআইডির মাধ্যমে জিটুপি ও বিটুপি লেনদেন অনেক বাড়ানো সম্ভব।

গবেষণায় বলা হয়েছে, এ বাজারটি এখন অনেকটা একপেশে অবস্থায় চলছে। ১৮টি ব্যাংক এমএফএস সেবা দিলেও হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণ করছে। এ ধরনের মনোপলি বা একাধিপত্য পরিস্থিতি আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। এর ফলে সেবা নিতে গ্রাহকদের বেশি অর্থ খরচ করতে হচ্ছে, সেবার মানও বাড়ছে না।

এমএফএসে একটি প্রতিষ্ঠানের হিসাব থেকে অন্য প্রতিষ্ঠানের হিসাবে টাকা পাঠানোর সুযোগ বা ইন্টার-অপারেবিলিটি না থাকাকে ডিজিটাল লেনদেন না বাড়ার অন্যতম কারণ বলা হয়েছে গবেষণায়। এ বিষয়ে বলা হয়েছে, একই এজেন্ট একাধিক এমএফএস প্রতিষ্ঠানের সেবা দিতে পারে কিন্তু গ্রাহকেরা তা পারে না। একটি সিম কার্ড ব্যবহার করে গ্রাহকেরা যদি বিভিন্ন অপারেটরে অর্থ পাঠাতে পারতেন, তাহলে ডিজিটাল লেনদেনের পরিমাণ অনেক বাড়ত।

এমএফএস লেনদেনে ইন্টার-অপারেবিলিটি চালু না হওয়ার জন্য মনোপলি বাজার ব্যবস্থাকে দায়ী করা হয়েছে গবেষণায়। শীর্ষে থাকা বিকাশের দখলে ৯০ শতাংশ বাজার থাকায় তারা এ সুবিধা চালু করতে আগ্রহী হচ্ছে না। আবার অন্য প্রতিষ্ঠানগুলোর বাজার অবস্থান দুর্বল হওয়ায় তারাও বিকাশকে ইন্টার-অপারেবিলিটি সুবিধা দিতে বাধ্য করাতে পারছে না।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভংকর সাহা প্রথম আলোকে বলেন, এমএফএস অপারেটরদের মধ্যে ইন্টার-অপারেবিলিটি চালুর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনায় আছে। প্রথমে ব্যাংকের এটিএম বুথ ব্যবহারে এ সুবিধা দেওয়া হয়েছে, এখন পয়েন্ট অব সেলসে (পিওএস) দেওয়ার কাজ চলছে। এরপর পর্যায়ক্রমে ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএসে ইন্টার-অপারেবিলিটি দেওয়া হবে।