ডিজেলের দাম কমলেও পরিবহন ভাড়া ও সেচের খরচ না কমায় বছরে ৯৯০ কোটি টাকা ব্যবসায়ীদের পকেটে যাবে বলে দাবি করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটি বলেছে, ডিজেলের পাশাপাশি অন্যান্য জ্বালানি তেলের দাম কমার সুফলও দেশের নিম্ন আয়ের মানুষ পায়নি। ফার্নেস তেলের দাম কমানোয় বিদ্যুৎ উৎপাদন খরচ কমেছে, তবে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম কমেনি। অন্যদিকে পেট্রল ও অকটেনের দাম কমানোয় উপকৃত হয়েছে দেশের উচ্চ আয়ের মানুষেরা।
পণ্য ও সেবার মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরামর্শ দেওয়ার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার ক্যাবের পক্ষ থেকে এ দাবি করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি গোলাম রহমান।
বিশ্ববাজারে দাম কমায় গত মাসে পেট্রল ও অকটেনের দাম লিটারে ১০ টাকা, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩ টাকা করে কমিয়েছে সরকার। মার্চ মাসে ফার্নেস তেলের দাম লিটারে ১৮ টাকা কমানো হয়েছিল। ক্যাব বলেছে, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সময় উচ্চবিত্তের চেয়ে স্বল্প আয়ের ক্রেতারা যাতে বেশি সুবিধা পায়, তা নিশ্চিত করা দরকার।
গোলাম রহমান বলেন, জ্বালানি তেলের দাম কমানোয় বিদ্যুৎ উৎপাদনের খরচ ২০ শতাংশ কমেছে। গণশুনানির মাধ্যমে এখন বিদ্যুতের দাম ভোক্তা পর্যায়ে কমাতে হবে।
ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্টা এম শামসুল আলম বলেন, ডিজেলের দাম কমানোর পর পণ্য পরিবহন ভাড়া ও সেচের খরচ সমন্বয় করা হয়নি। যাত্রী পরিবহন ভাড়া কিলোমিটারপ্রতি ৩ পয়সা কমানো হয়েছিল। এর সুফলও যাত্রীরা পায়নি।
জ্বালানি তেল বিক্রি করে মুনাফার অর্থ দিয়ে ‘মূল্য স্থিতিশীলতা তহবিল’ নামের একটি তহবিল গঠনের পরামর্শ দেন গোলাম রহমান। তিনি বলেন, বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি পেলে দেশে দাম স্থিতিশীল রাখতে ওই তহবিল থেকে ব্যয় করা যাবে। তহবিলে জমা টাকা নামমাত্র সুদে তা উন্নয়ন প্রকল্পে ঋণ হিসেবে দেওয়ার সুযোগ রাখার পরামর্শও দেন তিনি।
সংবাদ সম্মেলনে মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন এবং রমজান মাসের বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন গোলাম রহমান।
সব পণ্যের ওপর ১৫ শতাংশ হারে মূসক আরোপ হলে দ্রব্যমূল্যের ওপর বিরূপ প্রভাব পড়বে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের নিত্যব্যবহার্য সেবা ও পণ্যের ওপর মূসক আরোপ সরকারের জনকল্যাণমুখী নীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। তিনি প্রত্যক্ষ কর বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, প্রতিবছর ২৫ শতাংশ হারে আয়কর দাতা বাড়াতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রোজা শুরুর এক-দুই মাস আগেই বেশ কিছু পণ্যের দাম বেড়েছে উল্লেখ করে গোলাম রহমান বলেন, প্রতিযোগিতা কমে যাওয়া এবং আইনি নিয়ন্ত্রণ না থাকায় বাজার বিভাজনের মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা পণ্যের মূল্য বৃদ্ধি করে আসছেন। এ প্রবণতা রোধে বিশেষ ক্ষমতা আইনের আওতায় অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ভূঁইয়া উপস্থিত ছিলেন।