ডিসেম্বরের রপ্তানি আয়ে সুখবর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পণ্য রপ্তানি আয়ে ২০১৬ সালের শেষ মাসটি সুখবর নিয়ে আসতে পারেনি। ডিসেম্বর মাসে দেশের রপ্তানি আয় কমে গেছে। চলতি অর্থবছরের শুরুও হয়েছিল রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি নিয়ে। তারপরও চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাস, অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ের হিসাবে রপ্তানি আয়ের চিত্র ইতিবাচকই আছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে পণ্য রপ্তানি করে দেশের আয় হয়েছে প্রায় ৩১১ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ০৩ শতাংশ কম। আগের বছর ডিসেম্বরে আয় হয়েছিল প্রায় ৩২০ কোটি ডলার। রপ্তানি আয়ের এ হিসাব গতকাল প্রকাশ করেছে ইপিবি।
ডিসেম্বর মাসে কমলেও সার্বিকভাবে অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি আয় ৪ দশমিক ৪৪ শতাংশ বেশি হয়েছে। এ সময়ে আয় হয়েছে প্রায় ১ হাজার ৬৮০ কোটি ডলার। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ হাজার ৬০৮ কোটি ডলার।
রপ্তানি আয়ের এ প্রবৃদ্ধি অবশ্য লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। বছরের শুরুতে বাণিজ্য মন্ত্রণালয় চলতি অর্থবছর ৩ হাজার ৭০০ কোটি ডলার আয়ের লক্ষ্য ঠিক করে, যা ছিল আগের বছরের চেয়ে ৮ শতাংশ বেশি। ছয় মাসের কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭৩৭ কোটি ডলার। তবে তার চেয়ে আয় ৩ দশমিক ২৮ শতাংশ পিছিয়ে আছে।
আলোচ্য সময়ে দেশের প্রধান প্রধান পণ্যের রপ্তানি আয় ইতিবাচক আছে। তবে পোশাক খাতে গতি কম। এ কারণেই সার্বিক রপ্তানি আয়ের প্রবৃদ্ধিও কম। পোশাক খাত থেকেই দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে। গত ছয় মাসে পোশাক রপ্তানি করে দেশের প্রায় ১ হাজার ৩৭১ কোটি ডলার আয় হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৭ শতাংশ বেশি। ডিসেম্বর মাসে পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে ২৫৮ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫৩ শতাংশ কম।
তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর কারণ হিসেবে গেল মাসে গ্যাস-সংকট ও আশুলিয়া এলাকায় কয়েক দিন কারখানা বন্ধ থাকাকে দায়ী করছে।
সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফারুক হাসান প্রথম আলোকে বলেন, সার্বিকভাবে বৈশ্বিক চাহিদাই এখন কম। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার কারণে তাদের মুদ্রা পাউন্ডের অবমূল্যায়ন এবং তুরস্ক, রাশিয়ার মুদ্রার অবমূল্যায়নসহ আরও কিছু কারণে বৈশ্বিক চাহিদা কমে গেছে। তিনি বলেন, পোশাক শিল্পঘন এলাকায় গ্যাস-সংকটের কারণে ডিসেম্বর মাসে উৎপাদন ব্যাহত হয়েছে। গ্যাস-সংকট এখনো আছে। বিদ্যুৎ-সংকট জেনারেটর চালিয়ে সামাল দেওয়া যায়। কিন্তু গ্যাস সমস্যা কাটানো যায় না।
আলোচ্য সময়ে চামড়া খাতে রপ্তানি আয় হয়েছে ৬৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯৩ শতাংশ বেশি। এ খাতের মধ্যে চামড়াজাত পণ্য রপ্তানিতে ১৮ শতাংশ ও চামড়ার জুতা-স্যান্ডেল রপ্তানিতে ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয় হয়েছে ৪৭ কোটি ডলার, প্রবৃদ্ধি ১১ দশমিক ৫২ শতাংশ। হোম টেক্সটাইল পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৩৫ কোটি ডলার। এ খাতে প্রবৃদ্ধি ১ দশমিক ১৯ শতাংশ। চিংড়ি রপ্তানি আয়ের গতিও উল্লেখযোগ্য। এ খাতে আয় হয়েছে ২৬ কোটি ডলার, প্রবৃদ্ধি ৭ দশমিক ২৬ শতাংশ।
মাঝারি খাতের মধ্যে চামড়াজাত ছাড়া অন্যান্য জুতা-স্যান্ডেল, সবজি, ওষুধসহ কিছু পণ্যের রপ্তানি আয় বেড়েছে। অন্যদিকে পেট্রোলিয়াম উপজাত, তামাক, টেরিটাওয়েল, হালকা প্রকৌশল পণ্য, সিরামিক পণসহ কিছু ছোট ও মাঝারি খাতের রপ্তানি আয় কমে গেছে।