ঢাকায় পানি সরবরাহ অবকাঠামো উন্নত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় বসবাসকারী নাগরিকদের জন্য পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন অবকাঠামো উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ৩ হাজার ১৮২ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল মঙ্গলবার ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় উচ্চ ঘনত্বের পলিথিন পাইপ ও ট্রেন্সলেস (রাস্তা না কেটে) প্রযুক্তি ব্যবহার করে পানি সরবরাহ করা হবে। এতে ১ হাজার ৬৪৯ কিলোমিটার পানির পাইপলাইন স্থাপন, পুনর্বাসন কিংবা সংস্কার করা হবে। প্রকল্পটি ২০১৬ সালের এপ্রিল মাস থেকে শুরু হয়ে ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষ হবে। ঢাকা ওয়াসা প্রকল্পটি বাস্তবায়ন করবে।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। পানি ব্যবহারের অপচয় রোধে পর্যায়ক্রমে প্রি-পেইড মিটার ব্যবস্থা চালু করা হবে।
এ ছাড়া একনেকে ৫৬৮ কোটি টাকার ডেসকো এলাকায় বিদ্যমান ৩৩ কেভি ওভারহেড লাইনকে আন্ডারগ্রাউন্ড কেব্লে রূপান্তর, ক্ষমতাবর্ধন এবং স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ঢাকা ও গাজীপুরের মিরপুর, উত্তরা, দক্ষিণখান, টঙ্গী ও দিগুন এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হবে।
এ ছাড়া গতকালের একনেকে এ প্রকল্পসহ ৬ হাজার ৯৫০ কোটি টাকার মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় মুদ্রায় ৪ হাজার ১৪৭ কোটি টাকা দেওয়া হবে। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ২ হাজার ৬৬২ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা দেবে ১৪১ কোটি টাকা।
একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ২ হাজার ৩৮৮ কোটি টাকার বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (প্রথম পর্যায়), ২৫১ কোটি টাকার ডেসকোর উত্তরা ও বসুন্ধরা ১৩২/৩৩/১১ কেভি গ্রিড উপকেন্দ্রের ক্ষমতাবর্ধন ও পুনর্বাসন প্রকল্প, ৩৫০ কোটি টাকার ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ প্রকল্প এবং ২৯ কোটি টাকার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভৌত সুবিধাদি কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্প।