কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউট ও এরিকসনের যৌথ গবেষণা প্রতিবেদন
তথ্যপ্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে
২০৩০ সাল নাগাদ জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) অর্জনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বা আইসিটির ভূমিকা অনস্বীকার্য। সে জন্য আইসিটির প্রয়োগ ঘটিয়ে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক সেবা, বিদ্যুৎসহ অবকাঠামো—এই চারটি দারিদ্র্য বিমোচনমুখী খাতের সম্ভাবনা কাজে লাগাতে হবে।
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউট ও এরিকসনের এক যৌথ গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনকে (২৫-২৭ সেপ্টেম্বর) সামনে রেখে নিউইয়র্কে সম্প্রতি ‘আইসিটি ও এসডিজি’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
আর্থ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জেফ্রি সাক্সের নেতৃত্বে প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কয়েকজন গবেষকের একটি দল প্রতিবেদনটি তৈরি করে। এই দলে বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. ফাহমিদা খাতুনও রয়েছেন। তিনি বর্তমানে আর্থ ইনস্টিটিউটে ফুলব্রাইট ফেলোশিপের অধীনে গবেষণা করছেন।
গবেষণা প্রতিবেদনটিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার জোরদার করতে বলা হয়েছে, যাতে কম খরচে ও সহজে অধিকতর আর্থিক সেবা প্রদান, সেবার পরিসর বৃদ্ধি, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের পাশাপাশি অনলাইন কমিউনিটির মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা দ্রুত সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়।
আইসিটি ব্যবহারের এ ধরনের সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে আর্থ ইনস্টিটিউট-এরিকসনের প্রতিবেদনটিতে কিছু সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের মধ্যে রয়েছে—জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের মতো কোনো সংস্থার নেতৃত্বে আন্তর্জাতিক আইসিটি প্রতিষ্ঠানগুলো সাহায্য, পরামর্শ, বিশেষজ্ঞ সেবা, অর্থায়ন ও উপকরণ দিয়ে দ্রুত এসডিজি বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখতে পারে; বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার ও বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানের সহযোগিতায় নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া যেতে পারে। এ ছাড়া আইসিটি খাতে বিভিন্ন নতুন ব্যবসা সৃষ্টির দিকগুলো তুলে ধরার লক্ষ্যে ব্যাপক প্রচার চালানো এবং এসব কার্যক্রম পরিচালনার জন্য বৈশ্বিক দাতাগোষ্ঠীর পক্ষ থেকে দ্রুত বিশেষ তহবিল গঠন করা প্রয়োজন।
প্রতিবেদনটিতে আরও যেসব সুপারিশ রয়েছে, সব সরকারি ও সেবাদাতা সংস্থার কর্মকর্তাদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান; স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের সেবাকে আইসিটিভিত্তিক করে তোলা; প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেট সেবা ছড়িয়ে দেওয়া; আইসিটি-সংক্রান্ত সেবায় সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) কাজ করা।
এ ছাড়াও প্রতিবেদনে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আইসিটিভিত্তিক তথ্য-যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে; যাতে সরকারি সেবা-সুবিধা, ব্যবসায়িক খাত ও জনগণ সবাই প্রয়োজনে পারস্পরিক যোগাযোগের মধ্যে থাকতে পারেন।