
বাংলালিংকের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভিম্পেলকম গ্রুপের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) যোগেশ মালিক সম্প্রতি ঢাকা সফরকালে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তথ্যপ্রযুক্তির বিকাশে টেলিযোগাযোগ খাতই প্রধান অনুঘটকের কাজ করছে। এখন পর্যন্ত এ খাতের যতটা বিস্তৃতি হয়েছে, সামনের দিনগুলোতে সেটা আরও বড় আকারে ঘটবে। বাংলালিংকের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভিম্পেলকম গ্রুপের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) যোগেশ মালিক এসব কথা বলেন।
বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ গ্রুপের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, বিশ্বপরিমণ্ডলে ডিজিটাল এখন স্বপ্ন নয়, বাস্তব। তাঁর পর্যবেক্ষণ, ‘তথ্যপ্রযুক্তি খাতে বিপ্লব ঘটাতে শুধু প্রযুক্তি নয়, মানসিকতাও একটি বড় বিষয়। তাই সবার মধ্যে প্রযুক্তিবান্ধব ইতিবাচক মানসিকতা তৈরি করার চেষ্টা করছি আমরা।’
এক দশক আগে বাংলাদেশের একটি মোবাইল ফোন কোম্পানিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করা যোগেশ মালিকের কাছে এখানকার টেলিযোগাযোগ খাত বিষয়ে জানতে চাইলে জানান, বাংলাদেশের বাজার অনেক গতিশীল। সত্যিকারভাবে বাংলাদেশে ব্যবসা বেড়েছে। এটা আরও বাড়বে বলে মনে করেন তিনি। তাঁর পর্যবেক্ষণ, এ দেশের পরিবর্তনপ্রত্যাশী তরুণ প্রজন্ম এবং অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিরা ডিজিটাল বাংলাদেশের ধারণাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
ভিম্পেলকমের ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবে এ দেশের বাজারে বাংলালিংকের অবস্থান নিয়ে খুশি বলেও জানালেন যোগেশ মালিক। তাঁর মতে, বাংলালিংক বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ধারাবাহিকভাবে মানসম্মত সেবা দিচ্ছে দক্ষতার সঙ্গে। ভবিষ্যতে ডেটার ক্ষেত্রে বাজারে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলালিংকের প্রতিজ্ঞার কথাও তুলে ধরেন তিনি।
ভিম্পেলকম কারিগরি বিভাগের প্রধান হিসেবে তাঁরা কারিগরি দিকটাকে বড় করে দেখছেন বলেও জানালেন যোগেশ মালিক। তিনি বলেন, ‘আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে থাকতে চাই। ডেটার ক্ষেত্রে বিপ্লব করতে চাই। আমরা গ্রাহকদের নিয়ে তাঁদের জন্যই কাজ করতে চাই। বাংলালিংক সেটাই করেছে। এ দেশের অন্যতম বৃহৎ নেটওয়ার্ক স্থাপন করেছে।’
বিশ্বের ১৫টি দেশে ভিম্পেলকমের পরিচালনায় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা, প্রযুক্তি, মানবসম্পদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কাজের ধারাকে আরও সমৃদ্ধ করা হচ্ছে বলে জানালেন মোবাইল ফোন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞ এই কর্মকর্তা। আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ, ইতালি, রাশিয়া, কাজাখস্তান ও আলজেরিয়ায় নিজেদের প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা উল্লেখ করে যোগেশ মালিক বলেন, অধিকাংশ দেশেই মোবাইল ফোন ব্যবসা ও বাজারের ধরন অনেকটা কাছাকাছি। সেটা থেকেই ভিম্পেলকম অভিজ্ঞতা ও প্রযুক্তি সহায়তা বিনিময় করছে।
বাংলালিংকের নেটওয়ার্ককে বিশ্বমানের উল্লেখ করে যোগেশ মালিক বলেন, এর ওপর ভিত্তি করেই বাংলালিংক গ্রাহকদের কল ড্রপে টাকা ফেরত দেওয়ার সাহস করেছে। নেটওয়ার্ক নিয়ে গ্রাহকদের মন্তব্য তুলে ধরে তিনি বলেন, গ্রাহকরাই আমাদের নেটওয়ার্ককে গতিশীল বলে চিহ্নিত করেছে।
বাংলাদেশে ইন্টারনেট প্রযুক্তি নিয়ে কথা বলতে গিয়ে যোগেশ মালিক বলেন, ‘মানুষ দ্রুতগতির ইন্টারনেট সেবা চান। এটা টুজি, থ্রিজি না ফোরজি, তাঁরা সেটা বুঝতে বেশি আগ্রহী নন।’ এখন থ্রিজি প্রযুক্তির মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সেবায় অভ্যস্ত হলে তাঁদের মধ্যে ফোরজির চাহিদা তৈরি হবে বলে মনে করেন তিনি।
সম্প্রতি বাংলালিংকের তিন কোটি গ্রাহকের মাইলফলক অর্জনে খুবই খুশি যোগেশ মালিক। তিনি মনে করেন, বাংলাদেশের মোবাইল ফোনের গ্রাহকদের অনেক চাহিদার বিষয়ে কোম্পানিগুলোর কাজ করার রয়েছে। আবার নতুন নতুন চাহিদাও তৈরি হচ্ছে।