
এক বছরে লোকসান প্রায় ৭ হাজার কোটি ডলার। মাত্র ২০ জন মিলে এই অর্থ খুইয়েছেন। ভাবছেন, আহা রে! কীভাবে চলবে এই ২০ জনের পরিবার? এখানেই পরিসংখ্যানের মজা। পৃথিবীর অসংখ্য মানুষ আছেন, যাঁদের আয় বা সম্পদ সামান্য একটু কমলেই নেমে যান দারিদ্র্যসীমার নিচে। কিন্তু এই ২০ জনের জীবনে এর প্রভাব সামান্যই। তালিকায় একটু অদল-বদল হওয়া ছাড়া আর কোনো প্রভাব হয়তো নেই।
এটা ঠিক যে ২০১৫ সালটি ছিল বিশ্বের শীর্ষ ধনকুবেরদের জন্য কিছুটা হলেও দুঃস্বপ্নের একটি বছর। মর্ত্যের শীর্ষ ধনী বিল গেটস থেকে শুরু করে শীর্ষ নারী ধনী লিলিয়ান বেতেনকোর্ট—সবার লক্ষ্মীতে খানিকটা টান পড়েছে গত বছরে। ধনীদের সম্পদের হিসাব রাখার জন্য বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস বলছে, গত এক বছরে ৭২ বিলিয়ন বা ৭ হাজার ২০০ কোটি ডলার খুইয়েছেন বিশ্বের শীর্ষ ২০ ধনী।
সম্পদ হারানোর কোপটা সবচেয়ে বেশি পড়েছে মেক্সিকোর টেলিযোগাযোগ সম্রাট কার্লোস স্লিম হেলুর ওপর। গত এক বছরে ২৭ বিলিয়ন ডলার খুইয়ে সম্পদ হারানো ব্যক্তিদের তালিকায় শীর্ষে আছেন তিনি। তিনি গত এক বছরে যে সম্পদ হারিয়েছেন, তা শীর্ষ ২০ ধনীর হারানো মোট সম্পদের এক-তৃতীয়াংশের বেশি। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৫ হাজার কোটি ডলার, বছর খানিক আগে যা ছিল ৭ হাজার ৭১০ কোটি ডলার। তাঁর মালিকানাধীন ব্যাংক, টেলিযোগাযোগ কোম্পানি আমেরিকা মোভিল, খনির প্রতিষ্ঠান মিনেরা ফ্রিসকোসহ প্রতিটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যাওয়াই সম্পদ এত কমার মূল কারণ। ফোর্বস-এর তালিকায় তিনি এখন দুই থেকে চার নম্বরে চলে এসেছেন।
ফোর্বস-এর তালিকা অনুযায়ী, ২০১৪ সালে সারা বিশ্বে শীর্ষ ২০ ধনীর সম্মিলিত সম্পদের পরিমাণ ছিল ৮৯৯ বিলিয়ন বা ৮৮ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। ২০১৫ সালে তা কমে ৮২৭ বিলিয়ন ডলার হয়েছে।
বৈশ্বিক আর্থিক মন্দাই শীর্ষ ধনীদের এ দুরবস্থায় ফেলেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। ফোর্বসসহ শীর্ষ ধনীর সব তালিকায় এক নম্বরে থাকা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সম্পদও গত এক বছরে ৪ দশমিক ২ বিলিয়ন বা ৪২০ কোটি ডলার কমেছে। ২০১৪ সালে তাঁর সম্পদ ছিল ৭ হাজার ৯২০ কোটি ডলার, আর ২০১৫ সালে তা কমে ৭ হাজার ৫০০ কোটি ডলার হয়েছে।
সম্পদ হারানোর এ ধাক্কা থেকে রক্ষা পাননি নারী বিলিয়নিয়াররাও। শীর্ষ নারী ধনী হিসেবে ফ্রান্সের প্রসাধন নির্মাতা প্রতিষ্ঠান লরিয়েলের মালিক লিলিয়ান বেতেনকোর্টের সম্পদ এক বছরে ৪০০ কোটি ডলার কমেছে। দ্বিতীয় নারী ধনকুবের অ্যালিস ওয়ালটনের সম্পদ ৭১০ কোটি ডলার কমে গেছে। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৩ হাজার ২৩০ কোটি ডলার। মার্কিন পুঁজিবাজারে পারিবারিক প্রতিষ্ঠান ওয়ালমার্টের শেয়ারের মূল্য হারানোর ফলেই এত সম্পদ হারিয়েছেন অ্যালিস।